২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামের আর আর জুট মিল বেসরকারিকরণ নিয়ে অসন্তোষ

বাংলাদেশ জুট মিলস করপোরেশনের (বিজেএমসি) আওতাধীন রাষ্ট্রায়ত্ব পাটকল 'আর আর জুট মিল' বেসরকারি খাতে হস্তান্তর করা নিয়ে শ্রমিকদের মধ্যে অসন্তোষ বেড়ে চলেছে। বেসরকারি খাতে ছেড়ে দেওয়া হলে পাটকলটিতে বর্তমানে কর্মরত শ্রমিকদের অবস্থান কি হবে তা স্পষ্ট না হওয়ায় গত কয়েকদিন ধরে অবিরাম মিছিল সমাবেশ করছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2008, 08:52 AM

Updated : 26 Aug 2022, 01:45 PM

চট্টগ্রাম, এপ্রিল ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ জুট মিলস করপোরেশনের (বিজেএমসি) আওতাধীন রাষ্ট্রায়ত্ব পাটকল 'আর আর জুট মিল' বেসরকারি খাতে হস্তান্তর করা নিয়ে শ্রমিকদের মধ্যে অসন্তোষ বেড়ে চলেছে। বেসরকারি খাতে ছেড়ে দেওয়া হলে পাটকলটিতে বর্তমানে কর্মরত শ্রমিকদের অবস্থান কি হবে তা স্পষ্ট না হওয়ায় গত কয়েকদিন ধরে অবিরাম মিছিল সমাবেশ করছে। চট্টগ্রামের সীতাকুণ্ডের বাঁশবাড়িয়ায় অবস্থিত চালু এ পাটকলটিতে কর্মরত প্রায় এক হাজার শ্রমিক কারখানাটি বেসরকারিখাতে চলে গেলে চাকরি বজায় থাকা এবং দীর্ঘদিনের বিপুল পরিমাণ বকেয়া প্রাপ্তি নিয়ে অনিশ্চয়তার মধ্যে রয়েছে। তাদের অভিযোগ, কোনো পক্ষ থেকেই এ পর্যন্ত শ্রমিকদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো খোলাসা করা হয়নি। বিজেএমসি ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সরকার আগামী এক বছরের জন্য রাষ্টায়ত্ত্ব এ পাটকলটি পরিচালনার জন্য অস্ট্রেলীয় বেসরকারী প্রতিষ্ঠান নেচার ব্যাককে ইজারা প্রদান করেছে। গত ২৩ মার্চ বিজেএমসির জারি করা লেটার অব ইনটেন্ট এবং পরবর্তীতে ১৩ এপ্রিল দুই পক্ষের মধ্যে বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২৫ এপ্রিল ইজারা গ্রহণকারী প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি সম্পাদন এবং ২ মে মিলটি হস্তান্তর করা হবে। ২৯ এপ্রিল থেকে পরবর্তী তিন দিন ইনভেনট্রির জন্য কারখানাটি বন্ধ রাখা হবে। বিজেএমসি'র সচিব ফজলুল হক স্বাক্ষরিত এক পত্রেও ইজারা গ্রহণকারী নেচার ব্যাক এর কর্মকর্তাদের ২৫ এপ্রিল চুক্তি সম্পাদনের আগে মাসিক লিজ মানির (প্রথম কিস্তি) ১২ লাখ ৫১ হাজার ১৫১ টাকা পরিশোধের জন্য বলা হয়। ইতিমধ্যে প্রতিষ্ঠানটি লিজ গ্রহণের জামানতের এক কোটি ৫০ লাখ ১৩ হাজার টাকা প্রদান করেছে বলে সে পত্রে উল্লেখ করা হয়েছে। কারখানার সিবিএ সাধারণ সম্পাদক মোহাম্মদ উল্ল্যাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, শ্রমিকরা ইজারা প্রদানের পর তাদের চাকুরি ও বকেয়া নিয়ে বিজেএমসি কিংবা লিজ গ্রহণকারী প্রতিষ্ঠানের পক্ষ থেকে কোনো স্পষ্ট ঘোষণা না থাকায় তারা গত সপ্তাহ থেকে আন্দোলন শুরু করেছে। প্রতিদিনই মিল চত্বরে মিছিল সমাবেশ চলছে। শ্রমিকদের চাকরি, বকেয়া বেতন, গ্রাচুইটি ও প্রভিডেন্ড ফান্ডসহ অন্যান্য পাওনা এবং ইজারার এক বছর পরও পাটকলটি লাভ করতে না পারলে লোকসানের দায়ভার কে বহন করবে- এসব বিষয় নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে শ্রমিকদের মধ্যে। চুক্তি সম্পাদনের আগেই এসব বিষয়ে সুস্পষ্ট ঘোষণা দেওয়ার দাবী জানিয়েছে তারা। নাম প্রকাশে অনিচ্ছুক বিজেএমসির এক কর্মকর্তা জানান, বিজেএমসির অবকাঠামো ব্যবহার করে বিগত নয়মাস ধরে এ প্রতিষ্ঠানটি বিজেএমসির সঙ্গে যৌথ ব্যবস্থাপনায় পরিচালনা করেছে নেচার ব্যাক। অথচ তারা এজন্য কোনো অর্থ প্রদান করেনি। শ্রমিকরা গত ১৫ এপ্রিল এসব দাবির বিষয়ে প্রকল্প প্রধানের মাধ্যমে পাট উপদেষ্টা ও বিজেএমসি চেয়ারম্যানকে স্মারকলিপি প্রদান করেছে। এতে শ্রমিকদের মজুরি ও বকেয়া বেতন প্রদানসহ তাদের সমস্ত পাওনা পরিশোধের জন্য দাবি জানানো হয়। স্মারকলিপিতে তারা অভিযোগ করে, বিগত নয় মাসে প্রতিষ্ঠানটির কোনো মেশিনের যন্ত্রাংশ নষ্ট হলে বা ভেঙ্গে গেলে নতুন না কিনে অন্য মেশিন থেকে যন্ত্রাংশ এনে তা প্রতিস্থাপন করা হয়েছে। এতে অন্য মেশিনগুলো পরিত্যক্ত হয়ে যায় এবং মেশিনের আয়ুষ্কাল কমে যায়। সময়মত পাট সরবরাহ না করে নিম্ন মানের পাট কেনায় ও টাকা যোগান না দেয়ায় মিলের উৎপাদন হ্রাস পেয়েছে। স্মারকলিপিতে ৩০ এপ্রিলের মধ্যে তাদের দাবিসমূহ বাস্তবায়ন না করলে ১ মে থেকে শ্রমিকরা আন্দোলন শুরু করবে বলে জানানো হয়। সিবিএ সাধারণ সম্পাদক মোহাম্মদ উল্ল্যাহ আরও জানান, শ্রমিকদের মিছিল সমাবেশের কারণে গত কয়েকদিন থেকে সকালে এক ঘন্টা মিলের কাজ বন্ধ থাকছে। বুধবার সকালেও শ্রমিকরা স্বতস্ফূর্তভাবে সভা সমাবেশ করেছে। চট্টগ্রাম পাটকল সিবিএ'র সমন্বয়ক তফাজ্জল আহমদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আর আর জুট মিল ইজারা দেওয়া নিয়ে শ্রমিকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। প্রতিদিন ওই মিলের শ্রমিকরা দাবি আদায়ে সভা সমাবেশ করছে। এ ব্যাপারে বিজেএমসি'র চট্টগ্রাম অঞ্চলের উপ পরিচালক ও লিয়াজোঁ কর্মকর্তা ফেরদৌসুর রহমান জানান, ইজারা নিয়ে শ্রমিকদের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। ইজারায় শ্রমিকদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো সুস্পষ্ট করা আছে। এতে কারও চাকরি হারানোর সম্ভাবনা নেই। ইজারাকালীন শ্রমিকদের সকল বেতন ও অন্যান্য পাওনা বহন করবে নেচার ব্যাক। অপরদিকে, আগের বকেয়া বেতন ও অন্যান্য দেনা-পাওনার দায় বিজেএমসি বহন করবে। আর আর জুটমিল সংলগ্ন এম এম জুটমিলটিও ইজারা পেয়েছে নেচার ব্যাক। ওই মিল পরিচালনার জন্য তারা সময় বর্ধিত করারও আবেদন জানিয়েছে বলে জানা গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/ডিডি/এমএ/১৪৩৫ঘ.