ঢাকা, এপ্রিল ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রেগুলেটরি রিফমর্স কমিশনের (আরআরসি) চেয়ারম্যান আকবর আলি খান বলেছেন, সরকার গরিব মানুষদের জন্য ব্যাপক পদক্ষেপ নেওয়ার দাবি করলেও বাস্তবে তেমন কিছু করা হচ্ছে বলে মনে হচ্ছে না। দেশে পর্যাপ্ত খাদ্য মজুদ গড়ে তোলার পাশাপাশি হতদরিদ্রদের জন্য খাদ্য পাওয়া নিশ্চিত করার জন্য সরকারের কাছে দাবি জানিয়েছেন তিনি।
মতিঝিলে কমিশন কার্যালয়ে মঙ্গলবার সন্ধ্যায় আরআরসির ষষ্ঠ বৈঠক শেষে আকবর আলি সাংবাদিকদের
বলেন, "বর্তমান পরিস্থিতিতে দেড় থেকে দুই কোটি গরিব মানুষকে বিনামূল্যে খাদ্য সরবরাহসহ এসব বিষয়ে আমি বেশি কথা বলায় সরকারের পক্ষ থেকে আমাকে জানানো হয়েছে, তাদের জন্য (গরিব মানুষদের) অনেক কিছু করা হচ্ছে। কিন্তু আমার দৃষ্টিতে সরকার খুব বেশি কিছু করছে বলে মনে হচ্ছে না। সরকার কী কী ব্যবস্থা নিয়েছে তা দেশবাসীকে পরিষ্কার করে জানানো উচিত।"
খাদ্য মজুদ বাড়ানোর পাশাপাশি গরিবদের জন্য খাদ্যপ্রাপ্তি নিশ্চিত করার দাবি জানিয়ে তিনি বলেন, "এবার বোরো ধানের বাম্পার ফলন হবে বলে আশা করা হচ্ছে। সরকারিভাবে পর্যাপ্ত খাদ্য মজুদ করা হবে ঘোষণা দেওয়া হয়েছে। কিন্তু শুধু খাদ্য মজুদ করে বসে থাকলে চলবে না। গরিব মানুষ সে খাদ্য কিনতে পারছে কিনা- সেটি বিবেচনায় রাখতে হবে।"
প্রান্তিক কৃষকরা যাতে সরকার নির্ধারিত দামে ধান-চাল বিক্রি করতে পারে সেজন্য তদারকি জোরদার করারও আহ্বান জানান তিনি।
আকবর আলি বলেন, "আরআরসি গঠনের পর গত ছয় মাসে আমরা সরকারের কাছে মোট আটটি সুপারিশ দিয়েছি। এর মধ্যে একটির আংশিক বাস্তবায়ন হয়েছে। আরেকটি আদালতে বিচারাধীন থাকায় সরকার বাস্তবায়ন করতে পারছে না। বাকি ছয়টি সুপারিশ সরকার দ্রুত বাস্তবায়ন করবে বলে আমরা আশা করছি।"
আরআরসি'র সুপারিশ বাস্তবায়নে সরকারের আগ্রহে ঘাটতি আছে কিনা- এমন প্রশ্নের সরাসরি জবাব না দিয়ে সাবেক অর্থ উপদেষ্টা বলেন, "মাত্র ছয় মাস অতিবাহিত হয়েছে। এখনো মন্তব্য করার সময় আসেনি। তবে আমরা চাই সুপারিশগুলো সরকার তাড়াতাড়ি বাস্তবায়ন করুক।"
তিনি বলেন, "মঙ্গলবারের বৈঠকে আমরা আগামী ছয় মাসের কর্মপরিকল্পনা ঠিক করেছি। দেশে বিদ্যমান ২০২টি আইন পর্যালোচনার জন্য একটি তালিকা করা হয়েছে। এসব আইন পরীক্ষা-নিরীক্ষার পর অপ্রয়োজনীয় পুরোনো আইন বাতিল, জটিলগুলো সহজকরণ ও প্রতিবন্ধকতাগুলো দূর করার জন্য সরকারের কাছে সুপারিশ করা হবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এসএনডি/এমএইচবি/২১৪০ ঘ.
bdnews24