২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিনিয়োগকারীদের মুনাফা তুলে নেওয়ায় লেনদেন কমেছে পুঁজিবাজারে

বিনিয়োগকারীরা যমুনা অয়েল ও মেঘনা পেট্রোলিয়ামসহ বিভিন্ন খাতের শেয়ার বিক্রি করে মুনাফা তুলে নেওয়ায় মঙ্গলবার পুঁজিবাজারে ছিল মন্দাভাব। দিনশেষে লেনদেনের সংখ্যা কমেছে তবে মিউচুয়াল ফান্ডের শেয়ার কেনার ওপর ভর করে ঢাকার বাজারে শেয়ার সূচকগুলো ঊর্ধ্বমুখী ছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2008, 11:54 AM

Updated : 26 Aug 2022, 01:44 PM

ঢাকা, এপ্রিল ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিনিয়োগকারীরা যমুনা অয়েল ও মেঘনা পেট্রোলিয়ামসহ বিভিন্ন খাতের শেয়ার বিক্রি করে মুনাফা তুলে নেওয়ায় মঙ্গলবার পুঁজিবাজারে ছিল মন্দাভাব। দিনশেষে লেনদেনের সংখ্যা কমেছে তবে মিউচুয়াল ফান্ডের শেয়ার কেনার ওপর ভর করে ঢাকার বাজারে শেয়ার সূচকগুলো ঊর্ধ্বমুখী ছিল। মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান লতিফ সিকিউরিটিজের এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "তেল কোম্পানিসহ আগের দিন যেসব প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছিল, বিনিয়োগকারীরা আজ সেগুলো বিক্রি করেছেন।" ডিএসইর ভাইস প্রেসিডেন্ট আহমাদ রশিদ বলেন, "মনে হচ্ছে হুজুগে মেতে ওঠার পরিবর্তে বিনিয়োগকারীরা ভাবনা-চিন্তা করে বিনিয়োগ করছেন।" দিনশেষে ডিজিইএন বা সাধারণ শেয়ার সূচক ৩ দশমিক ৪০ পয়েন্ট বা দশমিক ১১ শতাংশ বেড়ে ৩০৮৪ দশমিক ৭৭ পয়েন্ট হয়। ডিএসআই বা সার্বিক শেয়ার সূচক ৫ দশমিক ৫৬ পয়েন্ট বা দশমিক ২১ শতাংশ বেড়ে হয়েছে ২৬০১ দশমিক ৮১ পয়েন্ট। তবে ডিএসই-২০ ব্লুচিপ শেয়ার সূচক ১১ দশমিক ৩৯ পয়েন্ট বা দশমিক ৪৭ শতাংশ কমে ২৩৮৭ দশমিক ২৫ পয়েন্ট হয়েছে। দিনশেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৫৫ কোটি টাকার ২ কোটি ২৬ লাখ ৪ হাজার ১০১টি শেয়ার লেনদেন হয়। সোমবারের লেনদেনের পরিমাণ ছিল ৪০১ কোটি টাকা। এ বাজারে ১৫৭টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৯২টির এবং অপরিবর্তিত ছিল ছয়টির দাম। এদিন লেনদেনের তালিকার শীর্ষে থাকা মেঘনা পেট্রোলিয়ামের শেয়ারের দাম ২ দশমিক ৭৪ শতাংশ কমে হয়েছে ২৮৩ টাকা ৯০ পয়সা। যমুনা অয়েলের শেয়ারের দাম ৪ দশমিক ৬১ শতাংশ কমে ২৯৩ টাকা ২০ পয়সা হয়েছে। এবি ব্যাংকের শেয়ারের দাম দশমিক ৮০ শতাংশ কমে ৩৭৩৭ টাকা ৫০ পয়সা হয়েছে। এসিআই ফার্মাসিউটিক্যালসের শেয়ারের দাম এক দশমিক ৩৬ শতাংশ বেড়ে ৩১১ টাকা ৩০ পয়সা হয়েছে। অ্যাপেক্স আদেলচি ফুটওয়্যারের শেয়ার ২ দশমিক ৫৭ শতাংশ কমে ৪৮৭৭ টাকা ৫০ পয়সা হয়েছে। অন্যান্য প্রতিষ্ঠানের মধ্যে এইমস ফার্স্ট মিউচুয়াল ফান্ড, হাইডেলবার্গ সিমেন্ট ও এস আলম সিমেন্টের শেয়ারের দাম বেড়েছে। তবে মুনাফা তুলে নেওয়ায় কমেছে লঙ্কাবাংলা ও স্কয়ার ফার্মার শেয়ারের দাম। এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৫৮ কোটি ৬৮ লাখ টাকার ৫১ লাখ ৮৮ হাজার ৬১২টি শেয়ার লেনদেন হয়। এ বাজারের সিএএসপিআই বা সার্বিক শেয়ার সূচক ৩০ দশমিক ০৯ পয়েন্ট বা দশমিক ৩৫ শতাংশ কমে ৮৫৪২ দশমিক ৪৩ পয়েন্ট হয়েছে। সিএসসিক্স বা নির্দিষ্ট শ্রেণীর শেয়ার সূচক ৩০ দশমিক ২১ পয়েন্ট বা দশমিক ৫০ শতাংশ কমে হয়েছে ৫৫১৮ দশমিক ১৬ পয়েন্ট। এছাড়া সিএসই-৩০ ব্লুচিপ শেয়ার সূচক ৫১ দশমিক ১৬ পয়েন্ট বা দশমিক ৬৮ শতাংশ কমে ৭৪৬৭ দশমিক ৪৯ পয়েন্ট হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএইচএন/টিএইচ/এমএ/১৭৫৩ঘ.