ঢাকা, এপ্রিল ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এম এস রডের অস্বাভাবিক দাম বৃদ্ধির কারণ অনুসন্ধানে একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে সরকার।
গৃহায়ন ও গণপূর্ত সচিব এ এস এম রশিদুল হাইকে প্রধান করে সাত সদস্যের এ তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে মঙ্গলবার এক তথ্য বিরণীতে জানানো হয়। কমিটিকে আগামী ৩১ এপ্রিলের মধ্যে বাণিজ্য মন্ত্রণালয়ে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
তথ্য বিবরণীতে বলা হয়, এম এস রডের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণ অনুসন্ধান, সমস্যা চিহ্নিত এবং এ বিষয়ে সুপারিশ প্রণয়ণের জন্য গত ১৭ এপ্রিল বাণিজ্য উপদেষ্টা হোসেন জিল্লুর রহমানের সভাপতিত্বে এক সভায় এ কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। সে সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার কমিটি গঠন করা হয়।
কমিটির সদস্যরা সংশ্লিষ্ট কারখানা, বাজার ও প্রয়োজনীয় সব স্থানে গিয়ে প্রকৃত তথ্য সংগ্রহ করবে বলে তথ্য বিবরণীতে উল্লেখ করা হয়েছে।
কমিটির অন্য সদস্যরা হলেন, শিল্প মন্ত্রণালয়ের যুগ্ম সচিব, জাতীয় রাজস্ব বোর্ডের এক জন সদস্য, যৌথবাহিনী চট্টগ্রাম সেক্টর-বি কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ হাসান নাসির, চট্টগ্রামের নিউমুরিং ডক ইয়ার্ডের কর্মকর্তা কমোডর এম জসীম উদ্দিন ভূঁইয়া ও বাংলাদেশ শিল্প বণিক সমিতির (এফবিসিসিআই) একজন প্রতিনিধি। এছাড়াও বাণিজ্য মন্ত্রণালয়ের ডাব্লিওটিও সেলের মহাপরিচালক এ কে এম ফজলুর রহমান তদন্ত কমিটির সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন।
সা
bdnews24