ঢাকা, এপ্রিল ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকার আপাতত গম আমদানি করবে না। দেশের গমের পর্যাপ্ত মজুদ থাকায় আমদানি না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা এবি মির্জ্জা আজিজুল ইসলাম।
মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ সম্মেলন কক্ষে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে ৪৩ হাজার মেট্রিক টন গম আমদানি সংক্রান্ত প্রস্তাব অনুমোদন না দিয়ে ফেরত পাঠানো হয়েছে।
ওই সভায় কর্ণফুলী জলবিদ্যুৎ কেন্দ্রের ৪ ও ৫ ইউনিট মেরামতের জন্য জাপানি কোম্পানি মারুবেনি কর্পোরেশনের ১৩৯ কোটি ৫৭ লাখ টাকার দরপত্র সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।
সভা শেষে অর্থ উপদেষ্টা সাংবাদিকদের বলেন, "দুটি কারণে সরকার আপাতত গম আমদানি না করার সিদ্ধান্ত নিয়েছে। প্রথমত, দেশে বর্তমানে পর্যাপ্ত গম মজুদ আছে। আর গমের দামও আন্তর্জাতিক বাজারে নিুগামী। দ্বিতীয়দ, দেশে এবার গমের বাম্পার হয়েছে।"
বেসরকারি আমদানিকারকদের কাছ থেকে খাদ্য অধিদপ্তর দরপত্রের মাধ্যমে ওই ৪৩ হাজার টন গম আমদানির প্রস্তাব করেছিল।
মির্জ্জা আজিজুল ইসলাম বলেন, "কর্ণফুলী হাইড্রো-পাওয়ার বিদ্যুৎ কেন্দ্রের ৪ ও ৫ ইউনিট দীর্ঘদিন ধরে মেরামত করা হয় না। এ কারণে এ দুটি ইউনিট সংস্কারের জন্য বৈঠকে জাপানি কোম্পানি মারুবেনি কর্পোরেশনের ১৩৯ কোটি ৫৭ লাখ টাকার দরপত্র সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।"
১৯৮৮ সালে কর্ণফুলী জলবিদ্যুৎ কেন্দ্রটি স্থাপন করা হয়। মারুবেনি কর্পোরেশন বিদ্যুৎ কেন্দ্রটি স্থাপনের কাজ করে। এ কেন্দ্রের ৪ ও ৫ ইউনিটে ৫০ মেগাওয়াট করে মোট ১০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়।
ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির মঙ্গলবারের সভায় ৯১ লাখ ৬২ হাজার টাকার ১২ হাজার মেট্রিক টন রক সালফার আমদানির প্রস্তাব অনুমোদন করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এমআই/১৬২২ ঘ.
bdnews24