২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সপ্তাহের প্রথম দিনে পুঁজিবাজারে সূচক চাঙা

ব্যাংক, সিমেন্ট, ওষুধ, জুতা ও রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানিসহ বেশিরভাগ খাতের শেয়ারের ভালো লেনদেনে ভর করে সপ্তাহের প্রথম দিনে রোববার পুঁজিবাজারে সবধরনের সূচক ছিল ঊর্ধ্বমুখী। তবে শেয়ার বিক্রি করে মুনাফা তুলে নেওয়ায় মিউচুয়াল ফান্ডের শেয়ারের দাম কমেছে। বৃহস্পতিবারের তুলনায় সার্বিক লেনদেনও কিছুটা কম হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2008, 12:35 PM

Updated : 26 Aug 2022, 01:44 PM

ঢাকা, এপ্রিল ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্যাংক, সিমেন্ট, ওষুধ, জুতা ও রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানিসহ বেশিরভাগ খাতের শেয়ারের ভালো লেনদেনে ভর করে সপ্তাহের প্রথম দিনে রোববার পুঁজিবাজারে সবধরনের সূচক ছিল ঊর্ধ্বমুখী। তবে শেয়ার বিক্রি করে মুনাফা তুলে নেওয়ায় মিউচুয়াল ফান্ডের শেয়ারের দাম কমেছে। বৃহস্পতিবারের তুলনায় সার্বিক লেনদেনও কিছুটা কম হয়েছে। মধ্যস্ততাকারী প্রতিষ্ঠান আইডিএলসি সিকিউরিটিজের এক কর্মকর্তা বলেন, "আজ (রোববার) প্রায় সবগুলো খাতের শেয়ারের কেনাবেচা হয়েছে। ব্যাংক, সিমেন্ট, ওষুধ, জুতা ও সরকারি তেল কোম্পানিসহ বেশিরভাগ খাতের শেয়ারের ভালো লেনদেন হয়েছে। বিনিয়োগকারীরা এদিন মিউচুয়াল ফান্ডের শেয়ার বিক্রি করেছেন।" মধ্যস্ততাকারী প্রতিষ্ঠান স্টক অ্যান্ড বন্ডের বিনিয়োগ পরামর্শক বশির আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিনিয়োগকারীরা যৌক্তিকভাবে শেয়ার কেনাবেচা করায় বাজার ঠিকঠাক আচরণ করছে। দিনশেষে ডিজিইএন বা সাধারণ শেয়ার সূচক ২০ দশমিক ৩৩ পয়েন্ট বা দশমিক ৬৬ শতাংশ বেড়ে ৩০৯১ দশমিক ৪৪ পয়েন্ট হয়। ডিএসআই বা সার্বিক শেয়ার সূচক ১৫ দশমিক ৬০ পয়েন্ট বা দশমিক ৬০ শতাংশ বেড়ে হয়েছে ২৬০৪ দশমিক ৪৫ পয়েন্ট। ডিএসই-২০ ব্লুচিপ শেয়ার সূচক ২০ দশমিক ৬৩ পয়েন্ট বা দশমিক ৮৬ শতাংশ বেড়ে ২৪০৪ দশমিক ১৩ পয়েন্ট হয়। দিনশেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৯০ কোটি টাকার ২ কোটি ৪৬ লাখ ৭১ হাজার ২৪১টি শেয়ার লেনদেন হয়। বৃহস্পতিবারের লেনদেনের পরিমাণ ছিল চারশ' কোটি টাকা। ডিএসইতে ১৪৪টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে একশটির এবং অপরিবর্তিত ছিল সাতটির দাম। লেনদেনের তালিকার শীর্ষে থাকা এবি ব্যাংকের শেয়ারের দাম ৪ দশমিক ৪৮ শতাংশ বেড়ে হয়েছে ৩৬০০ টাকা। যমুনা অয়েলের শেয়ারের দাম ৪ দশমিক ৭৯ শতাংশ বেড়ে ২৮৬ টাকা ৪০ পয়সা হয়। এসিআই এর শেয়ার ৮ দশমিক ০৯ শতাংশ বেড়ে ৩০৯ টাকা ৯০ পয়সায় পৌঁছায়। মেঘনা পেট্রোলিয়ামের শেয়ারের দাম ২ দশমিক ৫৪ শতাংশ বেড়ে ২৭৪ টাকা ৫০ পয়সা হয়। স্কয়ার ফার্মার শেয়ার ২ দশমিক ৮৮ শতাংশ বেড়ে ৪৬৮৫ টাকা ২৫ পয়সা হয়েছে। অন্যান্য প্রতিষ্ঠানের মধ্যে অ্যাপেক্স আদেলচি ফুটওয়্যার, আইএফআইসি ব্যাংক, ইউসিবিএল, স্কয়ার টেক্সটাইল ও হাইডেলবার্গ সিমেন্টের শেয়ারের দাম বেড়েছে। জুতা, চামড়া ও প্রকৌশল প্রতিষ্ঠানের শেয়ারের ওপর ভর করে চট্টগ্রাম শেয়ার বাজারও চাঙা ছিল। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৬৭ কোটি ১১ লাখ ৭০ হাজার টাকার ৪৫ লাখ ৬০ হাজার ১৩টি শেয়ার লেনদেন হয়। এই বাজারে ৫৯টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, ৮২টির দাম কমেছে এবং ছয়টির দাম অপরিবর্তিত ছিল। সিএএসপিআই বা সার্বিক শেয়ার সূচক ৩১ দশমিক ৯১ পয়েন্ট বা দশমিক ৩৬ শতাংশ বেড়ে ৮৬৫৯ দশমিক ১৩ পয়েন্ট হয়। সিএসসিক্স বা নির্দিষ্ট শ্রেণীর শেয়ার সূচক ২১ দশমিক ২১ পয়েন্ট বা দশমিক ৩৭ শতাংশ বেড়ে হয়েছে ৫৬০৬ দশমিক ৮৬ পয়েন্ট। এছাড়া সিএসই-৩০ ব্লুচিপ শেয়ার সূচক ৬২ দশমিক ০৪ পয়েন্ট বা দশমিক ৮২ শতাংশ বেড়ে ৭৬১৮ দশমিক ৩৩ পয়েন্ট হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএইচএন/টিএইচ/এসএনডি/১৮৩৩ ঘ.