আবদুর রহিম হারমাছি
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম সিনিয়র প্রতিবেদক
ঢাকা, এপ্রিল ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সঙ্কট কাটাতে বিপিসিকে অর্থ যোগানোর জন্য এবার আইডিবির কাছ থেকে চড়া সুদে ২০ কোটি ডলার ঋণ নিচ্ছে সরকার। এর আগে গত মাসে বিদেশি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক থেকে ৩০ কোটি ডলার ঋণ নেওয়ার সিদ্ধান্ত হয়। বর্তমানে দেশে জ্বালানি তেলের এক মাসের মজুদ রয়েছে জানিয়ে বিপিসির চেয়ারম্যান বলছেন, এ দুটি ঋণ দ্রুত পাওয়া না গেলে বড় ধরনের সঙ্কটে পড়তে হবে। কারণ অর্থাভাবে বিপিসি এলসিও খুলতে পারছে না।
রোববার শেরেবাংলা নগরে পরিকল্পনা মন্ত্রণালয়ে অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা এবি মির্জ্জা আজিজুল ইসলামের সভাপতিত্বে এক জরুরি বৈঠকে জ্বালানি তেল আমদানি ও বিপণনকারী সরকারি একমাত্র প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) অর্থ সঙ্কট নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বিপিসি'র জ্বালানি তেল আমদানির অর্থ যোগাতে সভায় ইসলামী উন্নয়ন ব্যাংকের (আইডিবি) কাছ থেকে জরুরি ভিত্তিতে চড়া সুদে ২০০ মিলিয়ন মার্কিন ডলার (২০ কোটি ডলার) ঋণ নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এছাড়া আপদকালীন সঙ্কট মেটাতে দুই-একদিনের মধ্যে অর্থবিভাগ থেকে বিপিসির জন্য মোটা অংকের অর্থ ছাড় করারও সিদ্ধান্ত হয়েছে।
সভা শেষে অর্থ উপদেষ্টা সাংবাদিকদের বলেন, " বিপিসি বড় ধরনের অর্থ সঙ্কটে পড়েছে। বিপিসি'র তেল আমদানির অর্থ যোগান দিতে আইডিবি'র কাছ থেকে ২০ কোটি ডলার ঋণ নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।"
ঋণের সুদের বিষয়ে মির্জ্জা আজিজুল বলেন, "ঋণের সুদ নিয়ে একটু সমস্যা হয়েছে। আমরা (সরকার) এ ঋণের জন্য আইডিবিকে লন্ডন ইন্টার ব্যাংক অর্ফাড রেটের (লাইবর) সঙ্গে ১ দশমিক ৭৫ শতাংশ সুদ দিতে চেয়েছিলাম। কিন্তু আইডিবি তাতে রাজি হচ্ছে না। আইডিবি শর্ত দিয়েছে, লাইবর রেটের সঙ্গে এমন রেট দিতে হবে যাতে কোনও অবস্থাতেই মোট সুদের হার ৫ দশমিক ৫ শতাংশের কম না হয়।"
"কিন্তু আমাদের এখন তেল আমদানির জন্য ঋণ খুবই দরকার। ৫ দশমিক ৫ শতাংশ সুদ দিয়ে হলেও আইডিবি'র ঋণ আমাদের নিতে হবে। এছাড়া আমাদের সামনে আর কোনও উপায় নেই", বলেন অর্থ উপদেষ্টা।
বিপিসির অর্থ সঙ্কটের বিষয়ে জানতে চাইলে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আনোয়ারুল করিম রোববার দুপুরে টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা খুব অর্থ সঙ্কটে পড়েছি। অর্থাভাবে তেল আমদানির জন্য এলসি খুলতে পারছি না। সরকারের কাছে জরুরি ভিত্তিতে এক হাজার কোটি টাকা চেয়েছি। আজকের ( রোববার) বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। এ টাকা পাওয়ার সম্ভাবনা রয়েছে। আমি এখন (দুপুর ১টা) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগে অপেক্ষা করছি। বিকেল নাগাদ টাকা টাওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।"
তিনি বলেন, "বর্তমানে দেশে মজুদ ডিজেল দিয়ে এক মাস চলবে। পেট্রোল ও অকটেনের মজুদ কিছু বেশি থাকতে পারে।"
আনোয়ারুল করিম জানান, জ্বালানি তেল আমদানির অর্থ যোগাতে বিদেশি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের কাছ থেকে ৩০ কোটি ডলার ঋণ নেওয়ার সিদ্ধান্ত আগেই নিয়েছে সরকার। তবে ওই ঋণের বিষয়ে ব্যাংকের সঙ্গে সরকারের কোনও চুক্তি এখনও হয়নি।
গত ৩১ মার্চ স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের কাছ থেকে লাইবর রেটের সঙ্গে আরও ১ দশমিক ৭৯ শতাংশ সুদে ৩০ কোটি ডলার ঋণ নেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার।
স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ও আইডিবি'র দুটি ঋণ তাড়াতাড়ি পাওয়া না গেলে বড় ধরনের সমস্যায় পড়তে হবে বলে বিপিসি চেয়ারম্যান মনে করেন। আইডিবি'র আরও কিছু ঋণ পাইপলাইনে আছে বলেও তিনি জানান।
ঋণ নেওয়ার বিষয়ে অর্থ উপদেষ্টা বলেন, জ্বালানি তেল আমদানির জন্য বাংলাদেশ ব্যাংক ইতোমধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে ৩০ কোটি ডলার দিয়েছে। এ অবস্থায় কেন্দ্রীয় ব্যাংকের পক্ষে আর অর্থ যোগান দেওয়া সম্ভব নয়। সে কারণেই চড়া সুদে বিদেশি ব্যাংক থেকে ঋণ নিতে হচ্ছে।
বর্তমান পরিস্থিতিতে জ্বালানি তেলের দাম বাড়ানো হবে কিনা- সাংবাদিকদের এ প্রশ্নে মির্জ্জা আজিজুল ইসলাম বলেন, "জ্বালানি তেলের দাম বাড়ানো উচিৎ- এ কথা তো আপনারা (উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে) লেখেন না। চড়া সুদে ঋণ নিয়েও সরকার দেশের সাধারণ মানুষের কথা বিবেচনা করে জ্বালানি তেলের দাম বাড়াচ্ছে না। পর পর দুটি বড় প্রাকৃতিক দুর্যোগের পর (বন্যা ও ঘুর্ণিঝড়) তেলের দাম বাড়ালে অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়বে ভেবে তেলের দাম বাড়ানো হয়নি।"
একই সঙ্গে অর্থ উপদেষ্টার মন্তব্য- "তবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বেড়ে যে জায়গায় পৌঁছেছে, তাতে বেশি দামে তেল কিনে কম দামে বিক্রি করে সরকারের পক্ষে বিশাল অঙ্কের ভর্তুকি দেওয়া কতদিন সম্ভব হবে সেটাই এখন প্রধান বিষয় হয়ে দেখা দিয়েছে।"
শনিবার আন্তর্জাতিক বাজারে প্রতি ব্যারেল অশোধিত জ্বালানি তেলের দাম বেড়ে রেকর্ড ১১৭ মার্কিন ডলারে উঠে। গত বছরের এপ্রিলে বাংলাদেশে সর্বশেষ জ্বালানি তেলের দাম বাড়ানো হয়। ওই সময় আন্তর্জাতিক বাজারে এর দাম ছিল ৬০ থেকে ৬২ ডলার।
পরিকল্পনম্মন্ত্রণালয়ে জ্বালানি সংক্রান্ত ওই বৈঠকে জ্বালানি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ম তামিম, বাংলাদেশ ব্যাংকের গভর্নর সালেহউদ্দিন আহমেদ, অর্থসচিব মোহাম্মদ তারেক, বিপিসি'র চেয়ারম্যান আনোয়ারুল করিমসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এমআই/এমএ/১৫১৮ঘ.
bdnews24