খুলনা, এপ্রিল ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ জুট মিলস করপোরেশন (বিজেএমসি) এর সংস্কার প্রয়োজন বলে মনে করেন পাট ও বস্ত্র উপদেষ্টা মো. আনোয়ারুল ইকবাল।
তিনি বলেন, "১৯৭২ সাল থেকে বিজেএমসি লোকসান দিয়ে আসছে। যুগের পর যুগ লোকসান দিলেও বিজেএমসি'র অনেক কর্মকর্তা নিজ নামে বড় বড় প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। এ প্রতিষ্ঠানটিতে সংস্কার হওয়া প্রয়োজন।"
শনিবার খুলনা সার্কিট হাউসের সম্মেলন কক্ষে খুলনাঞ্চলের সাতটি রাষ্ট্রায়ত্ত পাটকলের অবসরে যাওয়া শ্রমিকদের বকেয়া পাওনার চেক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পাট উপদেষ্টা এ কথা বলেন।
তিনি বলেন, "২০০৬ সালে বিগত সরকার শ্রম আইন সংশোধন করে ৬০ বছরের স্থলে শ্রমিকদের চাকরির বয়সসীমা ৫৭ বছরে নির্ধারণ করে। এতে সরকারের উপর চাপ বেড়ে যায়। কারণ অবসরে যাওয়া সারা দেশের এক হাজার ৯২৩ জন শ্রমিকের বকেয়া মজুরি, প্রভিডেন্ট ফান্ড এবং গ্রাচ্যুইটির ৮৬ কোটি টাকা পরিশোধের ব্যবস্থা করতে হচ্ছে সরকারকে। যা একটি বাড়তি চাপ। তারপরও শ্রমিকদের পাওনা পরিশোধের ব্যবস্থা নিয়েছে সরকার।"
উপদেষ্টা জানান, ৮৬ কোটি টাকার মধ্যে খুলনাঞ্চলে সর্বাধিক এক হাজার একশ সতের জন শ্রমিককে ৫৪ কোটি ৭৫ লাখ টাকা দেওয়া হচ্ছে। অবশিষ্ট টাকা দেশের অন্যান্য অঞ্চলের অবসরে যাওয়া পাটকল শ্রমিকদের দেওয়া হবে।
এ ছাড়াও খুলনা অঞ্চলের স্বেচ্ছায় অবসরে যাওয়া চার হাজার শ্রমিকের পাওনা প্রভিডেন্ট ফান্ড এবং গ্রাচ্যুইটির ২৬ কোটি ৭৫ লাখ টাকা দেওয়া হচ্ছে। এই পাওনা আগামী দুই দিনের মধ্যে পরিশোধ করার জন্য বিজেএমসি এবং সংশ্লিষ্ট পাটকলগুলোর প্রকল্প প্রধানদের প্রতি নির্দেশ দেন উপদেষ্টা।
আনোয়ারুল ইকবাল পাটকলের শ্রমিক ও কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, "পাট খাত শেষ হয়ে গেছে। এ খাতটিকে বাঁচাতে হবে। শ্রমিকদের উৎপাদন বাড়াতে হবে। উৎপাদন বৃদ্ধির মাধ্যমে বাড়াতে হবে পাটকলের আয়। কাজ করবেন না, মিল গেটে মিটিং করবেন, আর সরকার শুধু আপনাদের টাকা দিয়ে যাবে এমন অফুরন্ত ভান্ডার সরকারের নেই।"
তিনি সকলকে সতর্ক করে দিয়ে বলেন, "কাজ না করলে শ্রমিক থাকবে না। শ্রমিক না থাকলে মিল থাকবে না। আর মিল না থাকলে কর্মকর্তারাও থাকবেন না। উৎপাদিত পাট দিয়ে যদি পাটকলগুলোকে লাভবান করা না যায়, সেক্ষেত্রে কাঁচা পাট বিদেশে রপ্তানির চিন্তা ভাবনা করা হতে পারে। পাট শিল্পের সোনালী অতীত ফিরিয়ে আনতে বিআরডিবির মাধ্যমে পাট চাষীদের ১ কোটি ৬৪ লাখ টাকা ইতোমধ্যে ঋণ দেওয়া হয়েছে। আরও ২০০ থেকে ২৫০ কোটি টাকা ঋণ দেওয়ার চিন্তা ভাবনা চলছে।"
সভায় পাট উপদেষ্টা বিজেএমসির আঞ্চলিক সমন্বয়কারী ও ক্রিসেন্ট জুট মিলের প্রকল্প প্রধান মো. আবু তাহেরের কাছে শ্রমিকরা কাজ না করা এবং বিদ্যুৎ বিভ্রাটের কারণে উৎপাদন কি পরিমাণ ক্ষতি হয়েছে জানতে চান।
পাটকলগুলোতে বিদ্যুৎ বিভ্রাটের কারণ ও সরবরাহ নিশ্চিত করার ব্যাপারে ওয়েষ্ট জোন পাওয়ার ডিষ্ট্রিবিউশন কোম্পানির কর্মকর্তার কাছে ব্যাখ্যা চান তিনি।
সভায় খুলনা জেলা প্রশাসক এম এম ফিরোজ আলম, ভারপ্রাপ্ত সিটি মেয়র মো. মনিরুজামান মনি, খুলনা রেঞ্জের ডিআইজি মো. আসাদুজ্জামান মিয়া, মহানগর পুলিশের কমিশনার মইনুর রহমান চৌধুরী, জেলা পুলিশ সুপার ওয়াই এম বেলালুর রহমান, যশোর পুলিশ সুপার মো. ইকবাল বাহার, র্যাব-৬ খুলনার পরিচালক লে. কর্নেল মেফতাউল করিম প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮৩০ ঘ.
bdnews24