২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জ্বালানি মন্ত্রণালয়ই লবিস্টের কাজ করছে: অভিযোগ আনু মুহাম্মদের

'কয়লানীতি, তেল-গ্যাস অনুসন্ধান ও জাতীয় স্বার্থ' শীর্ষক এক মত বিনিময় সভায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক আনু মুহাম্মদ অভিযোগ করেছেন, তেল, গ্যাস ও কয়লা সম্পদ রক্ষায় সরকার জনস্বার্থ দেখছে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2008, 09:11 AM

Updated : 26 Aug 2022, 01:44 PM

ঢাকা, এপ্রিল ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) ---'কয়লানীতি, তেল-গ্যাস অনুসন্ধান ও জাতীয় স্বার্থ' শীর্ষক এক মত বিনিময় সভায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক আনু মুহাম্মদ অভিযোগ করেছেন, তেল, গ্যাস ও কয়লা সম্পদ রক্ষায় সরকার জনস্বার্থ দেখছে না। তিনি বলেছেন, "উল্টো বিদেশিদের হাতে এ সম্পদ তুলে দিতে জ্বালানি মন্ত্রণালয় করপোরেট লবিস্ট হয়ে কাজ করছে। এজন্যে নানা ধরনের চুক্তি করা হচ্ছে।" অতীতের সরকারগুলোও জনস্বার্থ দেখেনি বলে মন্তব্য করেন তিনি। সভায় বাংলাদেশ অর্থনীতি সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক আবুল বারকাত পিএসসি (উৎপাদন বন্টন চুক্তি) চুক্তি নিয়ে বর্তমান সরকারকে আর অগ্রসর না হওয়ার আহ্বান জানান। প্রধান উপদেষ্টার জ্বালানি বিষয়ক বিশেষ সহকারির পদটি এখনই বিলুপ্ত ঘোষণা করে প্রয়োজনে দ্রব্যমূল্য কমানো ও কর্মসংস্থান বাড়ানোর জন্যে পৃথক দু'টি সহকারির পদ সৃষ্টিরও দাবি জানান তিনি। শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে বাংলাদেশ অর্থনীতি সমিতির আয়োজনে গ্যাস- তেল-কয়লা বিষয়ক নাগরিক কমিশনের উদ্যোগে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। অর্থনীতি সমিতির সভাপতি কাজী খলীকুজ্জমানের সভাপতিত্বে আলোচনায় অন্যদের মধ্যে আরো অংশ নেন পেট্রোবাংলার সাবেক চেয়ারম্যান অধ্যাপক হোসেন মনসুর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক আফতাব আলম খান, গ্যাস- তেল-কয়লা বিষয়ক নাগরিক কমিশনের সদস্য সৈয়দ ইউসুফ হোসেন, গোলাম মোর্তোজা ও খন্দকার মাহতাব উদ্দিন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন গ্যাস- তেল-কয়লা বিষয়ক নাগরিক কমিশনের সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ৈর ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক বদরুল ইমাম। বদরুল ইমাম বলেন, "অতীতে বিদেশী কোম্পানির দায়িত্বহীনতার কারণে হাজার হাজার কোটি টাকার গ্যাস বিনষ্ট হয়েছে। বর্তমানে দেশের সর্ববৃহৎ গ্যাস ক্ষেত্র তিতাস থেকে প্রতিদিন ১০-১৫ লাখ ঘনফুট গ্যাস বাতাসে নষ্ট হচ্ছে। দেশের গ্যাসসম্পদ বিনষ্টে বিদেশিদের চক্রান্ত রয়েছে।" বাংলাদেশ বেশ ঝুঁকির মধ্যে আছে দাবি করে তিনি বলেন, "মাগুরছড়ায়, টেংরাটিলায় বিপুল পরিমাণ গ্যাস নষ্ট হয়েছে। তিতাসে বড় ধরনের বিস্ফোরণ ঘটলে কোনোভাবেই নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে না। এটাকে ধ্বংস করতে পারলেই পুরো সম্পদ বিদেশিদের হাতে চলে যাবে।" বর্তমান পেশকৃত খসড়া কয়লানীতি নিয়ে সবার মতামত যচাইয়ের আহ্বান জানান তিনি। বর্তমান পিএসসি মডেল অনুযায়ী তেল-গ্যাস অনুসন্ধানের চুক্তিতে দেশি বিশেষজ্ঞদের সম্পৃক্ত করা হয়নি জানিয়ে তিনি বলেন, " অক্টোবরের মধ্যে তড়িঘড়ি করে চুক্তি করা অযৌক্তিক। নির্বাচিত সরকারেরই এ ধরনের চুক্তি করা উচিত।" অধ্যাপক কাজী খলীকুজ্জমান বলেন, " বর্তমান সরকার নান বিষয়ে উদ্যোগী হলেও সমন্বিত জ্বালানি নীতি নিয়ে সরকারের কোনো উদ্যোগ নেই। বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করার সুযোগ না দিয়ে কয়েক মাসের মধ্যে চুক্তি করা উচিত হবে না। অতীতের সরকারগুলো দেশের স্বার্থ দেখেনি, তার প্রতিকারও করতে পারিনি আমরা। অনির্বাচিত সরকারের তো কোনো অধিকারই নেই চুক্তি করার। কয়লানীতি পরিবর্তনের চক্রান্ত চলছে। যা করা হবে জনসমক্ষে আনতে হবে। আর কোনো কমিটি বা কমিশন করার প্রয়োজন নেই। পিএসসি চুক্তির বিষয়ে আগামী সংসদে সিদ্ধান্ত নেওয়া উচিত। জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা না গেলে অর্থনৈতিক ও সামাজিক উন্নতি সম্ভব নয়।" পিএসসি চুক্তি নিয়ে জাতির সঙ্গে ছিনিমিনি খেলা হচ্ছে মন্তব্য করে তিনি বলেন, "গ্যাস-তেল-কয়লা ব্যবস্থাপনা যাতে জনস্বার্থে হয় তার জন্যে সমন্বিত উদ্যোগ নিলে সবাই লাভবান হবে।" আনু মুাহাম্মদ বলেন, "কৃত্রিম পরিস্থিতি সৃষ্টি ও বাজার তৈরি করতে বিদেশি কোম্পানিগুলো পরামর্শক ব্যবহার করছে। জনগণের সম্পদ কেড়ে নেওয়ার জন্যে, বিিেশদের হাতে সম্পদ তুলে দিতে এসব চুক্তি করা হচ্ছে। যেভাবে ব্লক বিডিং করা হচ্ছে তা বিদেশিদের স্বার্থে। সরকার পবির্তন হয়, কিন্তু প্রক্রিয়া একই থাকে।" সমন্বিত নীতি নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, " বিদেশিদের হাতে দেশের তেল-গ্যাস-কয়লা সম্পদ তুলে দিতে জ্বালানি মন্ত্রণালয় করপোরেট লবিস্ট হিসাবে কাজ করছে। দেশীয় সম্পদ তুলে দেওয়ার জন্যে অস্থির না হয়ে সমুদ্রসীমা নির্ধারণে অস্থিরতা দেখালে মনে হতো সরকারের কিছুটা হলেও দায়িত্ববোধ রয়েছে।" অধ্যাপক হোসেন মনসুর বলেন, "জনগণের সম্পদ নিয়ে এ ধরনের চুক্তি অনির্বাচিত সরকারের নয়। পিএসসি চুক্তি ও কয়লানীতির সিদ্ধান্ত নির্বাচিত সরকারের হাতে ছেড়ে দেওয়া উচিত।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/জিএনএ/১৫০০ ঘ.