ঢাকা, এপ্রিল ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেসরকারি ব্যাংকগুলোতে আমানতকারীদের মধ্য থেকে দু'জন পরিচালক নিয়োগের ব্যাপারে বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে সরকার কোনো ধরনের হস্তক্ষেপ করবে না বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা এবি মির্জ্জা আজিজুল ইসলাম।
মঙ্গলবার বিকেলে পরিকল্পনা মন্ত্রণালয়ে বেসরকারি ব্যাংক মালিক বা উদ্যোক্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংক (বিএবি) এর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
অর্থ উপদেষ্টা বলেন, "বাংলাদেশ ব্যাংক ২০০৪ সালের ব্যাংক কোম্পানি আইনের আওতায় বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোতে আমানতকারীদের স্বার্থ রক্ষার জন্য তাদের মধ্য থেকে দু'জন পরিচালক নিয়োগের উদ্যোগ নিয়েছে। বিএবি প্রতিনিধিরা এ নিয়োগের আপত্তি জানিয়েছে। কিন্তু বাংলাদেশ ব্যাংক যে উদ্যোগ নিয়েছে সে ব্যাপারে সরকার কোনো ধরনের হস্তক্ষেপ করবে না। বিষয়টি বাংলাদেশ ব্যাংক নিজেরাই সমাধান করবে।"
বিএনবি এর চেয়ারম্যান এক্সিম ব্যাংকের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার বলেন, "বিশ্বের কোনো দেশেই আমানতকারীদের মধ্য থেকে পরিচালক নিয়োগের বিধান নেই। সেকারণেই আমরা এর আপত্তি জানিয়েছি।"
তিনি আরো বলেন, "কেন্ত্রীয় ব্যাংক যে নীতিমালা অনুসরণ করে ২৫ জন আমানতকারীর তালিকা দিতে বলেছে তা খুবই কঠিন কাজ। একটি ব্যাংকে এমন যোগ্যতা সম্পন্ন ৫০ হাজার থেকে এক লাখ পর্যন্ত আমানতকারী আছে। তাদের মধ্য থেকে ২৫ জন বাছাই করা হলে অন্য আমানতকারীদের মধ্যে অসন্তোষ দেখা দিতে পারে। আমরা এ কারণেই আমানতকারীদের মধ্য থেকে দুজন পরিচালক নিয়োগের ব্যাপারে জোর আপত্তি জানিয়েছি।"
স
bdnews24