২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ ও ভারতের বাণিজ্য সম্পর্ক উষ্ণ হচ্ছে: বাণিজ্য উপদেষ্টা

আঞ্চলিক বাণিজ্যের ক্ষেত্রে বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রতিবন্ধকতার বরফ গলতে শুরু করেছে বলে দাবি করেছেন বাণিজ্য ও শিক্ষা উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2008, 02:10 PM

Updated : 26 Aug 2022, 01:42 PM

ঢাকা, এপ্রিল ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আঞ্চলিক বাণিজ্যের ক্ষেত্রে বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রতিবন্ধকতার বরফ গলতে শুরু করেছে বলে দাবি করেছেন বাণিজ্য ও শিক্ষা উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান। বাণিজ্য মন্ত্রণালয়ে রোববার বাংলাদেশ ও ভারতীয় বাণিজ্য দলের নেতাদের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন, "এখন ক্ষুদ্র প্রতিবন্ধকতা রয়েছে। আমরা তা সরানোর চেষ্টা করছি। সবাই একযোগে চেষ্টা করলে বাংলাদেশ লক্ষ্যে পৌঁছতে পারবে।" সফররত কনফেডারেশন অব ইন্ডিয়ান চেম্বার নেতা অলোক মুখার্জি এবং বাংলাদেশের মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এমসিসিআই) সভাপতি লতিফুর রহমানের নেতৃত্বে প্রতিনিধি দলটি উপদেষ্টা জিল্লুর রহমানের সঙ্গে দেখা করেন। তবে ব্যবসায়ী নেতাদের কেউ গণমাধ্যমের সঙ্গে কথা বলেননি। উপদেষ্টা বলেন, বাংলাদেশ এখন অর্থনৈতিক উত্তরণের পথে রয়েছে। এ অবস্থায় চালসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার নিয়ন্ত্রণ ছাড়াও সরকার বেশ কিছু অর্থনৈতিক পদক্ষেপ নিয়েছে। একই সঙ্গে আঞ্চলিক বাণিজ্যের বিষয়টিও সরকার দেখছে। তিনি বলেন, ভারতের শক্তিশালী বাণিজ্য প্রতিনিধি দলটি বাংলাদেশ থেকে আট লাখ পিস তৈরি পোশাক (আরএমজি) কিনতে চায়। পহেলা বৈশাখ থেকে বাংলাদেশের সঙ্গে ভারতের রেল সার্ভিস চালু হলে অবস্থার আরো পরিবর্তন হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসএনডি/২০০৪ ঘ.