২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হয়রানি এড়াতে কর কর্মকর্তাদের ক্ষমতা আরও কমানো হবে: অর্থ উপদেষ্টা

করদাতাদের হয়রানি কমাতে কর কর্মকর্তাদের ক্ষমতা আরও কমানোর আশ্বাস দিয়েছেন অর্থ উপদেষ্টা এবি মির্জ্জা আজিজুল ইসলাম। রোববার বিভিন্ন সংবাদ মাধ্যমের সম্পাদকদের সঙ্গে প্রাক বাজেট মতবিনিময় সভায় তিনি এ আশ্বাস দেন। তবে কালো টাকা সাদা করার কোনও সুযোগ দেওয়া হবে না বলে তিনি জানিয়েছেন। ট্যাক্স হলিডের মেয়াদ বাড়ানোর বিষয়টিও বিবেচনার কথা জানান তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2008, 10:50 AM

Updated : 26 Aug 2022, 01:42 PM

ঢাকা, এপ্রিল ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- করদাতাদের হয়রানি কমাতে কর কর্মকর্তাদের ক্ষমতা আরও কমানোর আশ্বাস দিয়েছেন অর্থ উপদেষ্টা এবি মির্জ্জা আজিজুল ইসলাম। রোববার বিভিন্ন সংবাদ মাধ্যমের সম্পাদকদের সঙ্গে প্রাক বাজেট মতবিনিময় সভায় তিনি এ আশ্বাস দেন। তবে কালো টাকা সাদা করার কোনও সুযোগ দেওয়া হবে না বলে তিনি জানিয়েছেন। ট্যাক্স হলিডের মেয়াদ বাড়ানোর বিষয়টিও বিবেচনার কথা জানান তিনি। হয়রানির ভয়ে অনেকেই কর দিতে চান না জানিয়ে কয়েকজন সম্পাদক বৈঠকে পরামর্শ দেন, হয়রানি কমলে মানুষ কর দিতে আগ্রহী হবে; এতে রাজস্ব আয়ও বাড়বে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এর আয়োজনে এনবিআর'র সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ওই সভায় এনবিআরের বার্ষিক প্রতিবেদন ২০০৬-'০৭ আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। অর্থ উপদেষ্টা মির্জ্জা আজিজুল ইসলাম বলেন, "অতীতের পুঞ্জিভূত সমস্যার রাতারাতি সমাধান সম্ভব নয়। পরিবর্তন আনতে সময় লাগবে। এতদিন মানুষ কর দিতে চাইতো না। কিন্তু এখন জেলা-উপজেলা পর্যায়ে সাধারণ মানুষও স্ব-প্রণোদিত হয়ে কর দিতে কর দিতে এগিয়ে আসছে।" কর অবকাশ সুবিধা (ট্যাক্স হলিডে বা ব্রেকস) আরও এক/দুই বছর বাড়ানোর আভাস দিয়ে অর্থ উপদেষ্টা বলেন, "আমরা খোঁজ নিয়ে দেখেছি, বিভিন্ন দেশে সীমিত আকারে ট্যাক্স হলিডে সুবিধা আছে। আমরাও বিষয়টি সক্রিয় বিবেচনায় নিয়েছি। চলতি বছরের শেষে এ সুবিধার মেয়াদ শেষ হয়ে যাবে। আমরা আগামী বাজেটে এ সুবিধা আরও এক/দুই বছর বাড়ানোর চিন্তা-ভাবনা করছি।" তবে এ বিষয়ে পরবর্তী নির্বাচিত পরবর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর সার্বিক বিবেচনা করে সিদ্ধান্ত নেবে বলে উপদেষ্টা জানান। হয়রানির কারণে করদাতাদের অনেকে কর দিতে অনাগ্রহী- সম্পাদকরা এ কথা জানালে মির্জ্জা আজিজুল বলেন, "করদাতাদের হয়রানি কমাতে চলতি ২০০৭-'০৮ অর্থবছরের বাজেটে কর কর্মকর্তাদের ঐচ্ছিক ক্ষমতা কিছুটা কমানো হয়েছিল। আগামী ২০০৮-'০৯ অর্থবছরের বাজেটে তা আরও কমানো হবে।" এক সম্পাদকের প্রশ্নের উত্তরে অর্থ উপদেষ্টা বলেন, "কোনও অবস্থাতেই কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হবে না। এটা অনৈতিক। যে আয়ের কোনও সূত্র বা উৎস নেই, সে টাকা সাদা করার সুযোগ নেই। তবে বৈধভাবে অর্জিত যে আয় অঘোষিত বা অপ্রদর্শিত রয়ে গেছে, তা বৈধ করার সুযোগ বিদ্যমান আইনে রয়েছে। এক্ষেত্রে ১০ শতাংশ থেকে ২৫০ শতাংশ পর্যন্ত জরিমানা দিয়ে অপ্রদর্শিত আয় বৈধ করা যাবে।" এ প্রসঙ্গে উপদেষ্টা জানান, চলতি অর্থবছরের বাজেটে একটি নির্দিষ্ট সময়ের জন্য নির্ধারিত করের সঙ্গে ৫ শতাংশ হারে জরিমানা দিয়ে অপ্রদর্শিত আয় বৈধ করার সুযোগ দেওয়া হয়েছিল। সে সুযোগ অনেক আগেই শেষ হয়ে গেছে। এখন কেউ অপ্রদর্শিত আয় বৈধ করতে চাইলে এনবিআরের সঙ্গে আলোচনা করে সমঝোতার ভিত্তিতে করতে হবে। তিনি বলেন, "এক্ষেত্রে যিনি অপ্রদর্শিত আয় বৈধ করবেন, তিনি চাইবেন কম জরিমানা দিতে। আর এনবিআর কর্মকর্তারা চাইবেন, বেশি জরিমানা আদায় করতে। শেষ পর্যন্ত একটা সমঝোতায় পৌঁছার পর অপ্রদর্শিত আয় বৈধ করার সুযোগ পাওয়া যাবে।" এর আগে আলোচনা সভায় মানবজমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরী বলেন, "মানুষ ট্যাক্স দিতে চায়। কিন্তু হয়রানির আতঙ্কে অনেকেই অনাগ্রহী। করবান্ধব পরিবেশ গড়ে তোলা গেলে সরকারের রাজস্ব আদায় আরও বাড়বে।" কর ফাঁকির শাস্তি ঢাক-ঢোল না পিটিয়ে গোপনে দেওয়া উচিৎ বলেও মত প্রকাশ করেন তিনি। ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের উপ-সম্পাদক শামছুল হক জাহিদ করের হার না বাড়িয়ে আওতা বাড়ানোর পরামর্শ দেন। ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত বলেন, "এনবিআর কর্মকর্তদের বিরুদ্ধে করদাতাদের নানা ধরনের হয়রানি ও দুর্নীতির অভিযোগ রয়েছে। দেশের মাত্র ২২ লাখ লোকের কর সনাক্তকরণ নম্বর (টিআইএন) রয়েছে। এ সংখ্যা বাড়াতে হবে। এমন একটা পরিবেশ তৈরি করতে হবে যাতে মানুষ স্বেচ্ছায় কর দিতে উদ্বুদ্ধ হয়।" বাংলাদেশ শিল্প ও বণিক সমিতির (এফবিসিসিআই) সভাপতি আনিসুল হক বলেন, "মানুষ হয়রানির ভয়ে ট্যাক্স দিতে চায় না। এ অবস্থা পরিবর্তন করতে হবে।" তিনি অভিযোগ করেন, "এনবিআরের ওপরের কর্মকর্তারা করদাতাদের হয়রানি কমাতে উদ্যোগ নেওয়া হয়েছে বলে নীতি-নির্ধারণী সভায় বক্তৃতা দিলেও মাঠ পর্যায়ে তার কোনও প্রতিফলন দেখা যায় না।" মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন দৈনিক ইত্তেফাক সম্পাদক রাহাত খান, চ্যানেল আই-এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, যুগান্তরের ভারপ্রাপ্ত সম্পাদক সালমা ইসলাম, ইনকিলাব সম্পাদক এএমএম বাহাউদ্দিন, সংবাদের ব্যবস্থাপনা পরিচালক কাশেম হুমায়ুন প্রমুখ। সভায় এনবিআরের বার্ষিক প্রতিবেদন ২০০৬-'০৭ আনুষ্ঠানিকভাবে প্রকাশের পর এনবিআর চেয়ারম্যান আব্দুল মজিদ বলেন, "এখন থেকে প্রতি বছর সেপ্টেম্বরে এনবিআরের বার্ষিক প্রতিবেদন প্রকাশ করা হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এমআই/১৬৪০ ঘ.