ঢাকা, এপ্রিল ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অর্থবছরে শেষ হওয়ার দু'মাস বাকি থাকতে ডিজেল খাতে বরাদ্দ ভর্তুকি থেকে পাঁচশ কোটি টাকা প্রত্যাহার করেছে সরকার। অর্থ উপদেষ্টা এর কারণ হিসেবে অন্যান্য খাতে ভর্তুকির পরিমাণ বেড়ে যাওয়া এবং বরাদ্দ অর্থ বিতরণে সময় স্বল্পতাকে দায়ী করেছেন।
বরাদ্দ তুলে নেওয়ার ফলে চলতি অর্থবছরে ডিজেল খাতে কৃষকরা সবমিলিয়ে আড়াইশ' কোটি টাকা ভর্তুকি পাবেন।
অর্থ উপদেষ্টা এবি মির্জ্জা আজিজুল ইসলাম বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "অর্থবছর শেষ হতে আর মাত্র দু'মাস বাকি। এই সময়ের মধ্যে ৭৫০ কোটি টাকা কৃষকদের মধ্যে বিতরণ করা দুঃসাধ্য কাজ। এছাড়া, খাদ্য আমদানি, সারসহ কৃষির অন্যান্য খাতে ভর্তুকির পরিমাণ অনেক বেড়ে গেছে। সার্বিক বিষয় বিবেচনা করে চলতি অর্থবছরে আমরা (সরকার) ৭৫০ কোটি টাকার পরিবর্তে ২৫০ কোটি টাকা ডিজেল খাতে ভর্তুকি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।"
ডিজেলের দাম বাড়ায় কৃষকদের ক্ষতি পোষাতে ২০০৭-০৮ অর্থবছরের বাজেটে এ খাতে ৭৫০ কোটি টাকা ভর্তুকি ঘোষণা করেছিল সরকার। তবে বুধবার অর্থ মন্ত্রণালয় এর পরিমাণ আড়াইশ' কোটিতে নামিয়ে আনার সিদ্ধান্ত নেয়।
এবি মির্জ্জা আজিজুল ইসলাম জানান, প্রত্যাহার করা টাকা আগামী ২০০৮-০৯ অর্থবছরে যোগ করে ডিজেল খাতে প্রকৃত কৃষকদের জন্য বাড়তি ভর্তুকির ব্যবস্থা করা হবে।
অর্থ সচিব মোহাম্মদ তারেক বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বাজেটে কৃষিখাতে সব মিলিয়ে ২২৫০ কোটি টাকা ভর্তুকি দেওয়ার কথা ছিল। কিন্তু আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল, খাদ্যদ্রব্যসহ সব ধরনের পণ্যের দাম আস্বাভাবিক বেড়ে যাওয়ায় এরই মধ্যে এ খাতে ভর্তুকি চার হাজার কোটি টাকা ছাড়িয়ে গেছে। কার্ডধারী প্রান্তিক কৃষকদের ডিজেল খাতে ভর্তুকি দেওয়ার কথা ছিল। কিন্তু সংশ্লিষ্ট মন্ত্রণালয় (কৃষি মন্ত্রণালয়) নির্ধারিত সময়ের মধ্যে কার্ডধারী কৃষকদের তালিকা করতে পারেনি। অর্থবছরের বাকি সময়ে এ তালিকা করা সম্ভব নয়। এসব কারণে ডিজেল খাতে ভর্তুকির পরিমাণ ২৫০ কোটি টাকায় নামিয়ে আনা হয়েছে।"
তবে কৃষি উপদেষ্টা সি এস করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মূল কারণ সময়মতো কৃষকদের তালিকা তৈরি নয়। অন্যান্য খাতে ভর্তুকি বেড়ে যাওয়ায় অর্থ মন্ত্রণালয় ডিজেল খাতে ভর্তুকি কমিয়ে দিয়েছে।"
কৃষি উপদেষ্টা বলেন, "অর্থ মন্ত্রণালয় টাকা কম দিলে আমাদের করার কিছু নেই। তারা যে টাকা দেবে সেটিই আমাদের বিতরণ করতে হবে।"
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বুধবার সিদ্ধান্তের পরপরই ডিজেলে ভর্তুকির টাকা ছাড় করে অর্থমন্ত্রণালয়। এ অর্থ সরাসরি ৬৬ লাখ কৃষকের হাতে পৌঁছে দিতে ওই দিনই জেলা প্রশাসকদের কাছে টাকা পাঠানোর ব্যবস্থা করেছে কৃষি মন্ত্রণালয়।
মাঠ পর্যায়ে আগামী সপ্তাহ থেকে অর্থ বিতরণ শুরু করা হবে বলে জানান কৃষি মন্ত্রণালয়ের কর্মকর্তারা।
বর্তমান ছাড়কৃত অর্থের হিসাবে একর প্রতি একজন কৃষককে বরাদ্দ দেওয়া হবে ৫৪৫ টাকা। সর্বোচ্চ আড়াই একর জমিতে ডিজেল সেচ দেওয়ার জন্য কৃষকরা ভর্তুকির নগদ অর্থ পাবেন। এই হিসাবে একজন কৃষক সর্বোচ্চ ১৩৬২ টাকা পাবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/টিএইচ/এসএনডি/এমএইচবি/২২১৬ ঘ.
bdnews24