২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যা বলা হচ্ছে অর্থনীতির অবস্থা ততোটা খারাপ নয়: অর্থ উপদেষ্টা

অর্থ উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলাম দাবি করেছেন, সভা-সেমিনারে অর্থনীতির অবস্থা যতোটা খারাপ বলা হচ্ছে, প্রকৃত অবস্থা ততোটা খরাপ নয়। অন্যদিকে রেগুলেটরি রিফমর্স কমিশনের চেয়ারম্যান আকবর আলি খান বলেছেন, "দেশের দরিদ্র মানুষ খুবই কষ্টে আছে। নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে যাওয়ায় তাদের জীবন দুর্বিসহ হয়ে উঠেছে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2008, 06:15 PM

Updated : 26 Aug 2022, 01:41 PM

ঢাকা, এপ্রিল ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অর্থ উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলাম দাবি করেছেন, সভা-সেমিনারে অর্থনীতির অবস্থা যতোটা খারাপ বলা হচ্ছে, প্রকৃত অবস্থা ততোটা খরাপ নয়। অন্যদিকে রেগুলেটরি রিফমর্স কমিশনের চেয়ারম্যান আকবর আলি খান বলেছেন, "দেশের দরিদ্র মানুষ খুবই কষ্টে আছে। নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে যাওয়ায় তাদের জীবন দুর্বিসহ হয়ে উঠেছে।" বুধবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ উন্নয়ন গবেষণা সংস্থা (বিআইডিএস) আয়োজিত প্রাক-বাজেট আলোচনায় তারা বক্তব্য রাখছিলেন। প্রধান অতিথির বক্তৃতায় অর্থ উপদেষ্টা বলেন, "এ কথা বলার অপেক্ষা রাখে না যে, দেশের অর্থনীতি একটি কঠিন সময় অতিক্রম করছে। রাতারাতি এ সমস্যার সমাধান হবে না। পর পর দু' দফা বন্যা ও ঘূর্ণিঝড় সিডরের কারণে ফসলের ব্যাপক ক্ষতি হওয়ায় খাদ্য আমদানি অস্বাভাবিক হারে বেড়ে গেছে। তা ছাড়া আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল ও খাদ্যপণ্যের দাম বেড়ে যাওয়ায় দেশের অর্থনীতি এই কঠিন পরিস্থিতিতে পড়েছে।" তিনি বলেন, "চলতি অর্থবছরের ৫ এপ্রিল পর্যন্ত রেমিটেন্স, রপ্তানি আয়, রাজস্ব আদায়, কৃষি ঋণ বিতরণ, বেসরকারি খাতে ঋণ প্রবাহসহ অর্থনীতির প্রধান সূচকগুলোর অবস্থা গত অর্থবছরের এই সময়ের তুলানায় ভালো। তারপরও বিভিন্ন সভা-সেমিনারে বলা হচ্ছে দেশের অর্থনীতির অবস্থা ভালো নয়।" গরিব মানুষ ভালো নেই জানিয়ে আকবর আলি খান আগামী বাজেটে গরিব মানুষের জন্য বিশেষ কর্মসূচি ঘোষণার পাশাপশি কৃষি উৎপাদন বাড়াতে ভর্তুকি এবং একটি পূর্ণাঙ্গ প্যাকেজ পরিকল্পনা গ্রহণের সুপারিশ করেন। তিনি বলেন "নির্বাচন নিয়ে কারো কারো মধ্যে সংশয় রয়েছে। তবে ব্যক্তিগতভাবে আমি বিশ্বাস করি, ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হবে। কোনো কারণে যদি ওই সময়ের মধ্যে নির্বাচন না হয়, তাহলে কেউ কাউকে বিশ্বাস করবে না। দেশে নতুন সঙ্কট দেখা দেবে। ব্যবসায়ীদের মধ্যে যে আস্থার অভাব রয়েছে তা আরও বাড়বে।" বাজেট বাস্তবায়ন ত্বরান্বিত করতে সরকারি কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধি এবং সরকারি ক্রয় নীতিমালার সমস্যাগুলো সমাধানের পরামর্শ দিয়ে তিনি বলেন, "শুধু বাজেট দিলেই হবে না, তা ঠিকমতো বাস্তবায়ন হচ্ছে কি না সেটাই বড় কথা।" ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, "কর্মসংস্থান এখন দেশের সবচেয়ে বড় সমস্যা। এ সমস্যার সমাধান না করলে দেশে অস্থিরতা দেখা দেবে। রাজনৈতিক দলের নেতারা নিজেরা মস্তানি-চাঁদাবাজি করেন না। তাদের ছত্রছায়ায় এক শ্রেণীর বেকার যুবক সন্ত্রাস-চাঁদাবাজির সঙ্গে যুক্ত হয়ে পড়ে। এদের চাকরির ব্যবস্থা না করলে রাজনৈতিক দলগুলোর সংস্কারের যে উদ্যোগ নেয়া হয়েছে তা কোনো কাজে আসবে না।" বিআইডিএস মহাপরিচালক কাজী সাহাবউদ্দিনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে ব্র্যাকের নির্বাহী পরিচালক মাহবুব হোসেন, ঢাকা বিশ্ববিদালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক এম এ তসলিম, মমতাজউদ্দিন আহমেদ, সিপিডি'র গবেষক উত্তম দেবনাথ, বিআইডিএসের গবেষণা পরিচালক রুশিদান ইসলাম রহমান আলোচনায় অংশ নেন। অনুষ্ঠানে বিআইডিএস এর পক্ষ থেকে সাতটি গবেষণা প্রবন্ধ উপস্থাপন করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/জেকে/এমএইচবি/০০০৫ ঘ.