সাভার, এপ্রিল ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভারে ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ডিইপিজেড) একটি কারখানা থেকে জিনস তৈরির সুতা পাচারকালে ৬টি ট্রাক আটক করেছে পুলিশ। শাশা গর্মেন্টস থেকে পাচারকালে সুতাসহ ট্রাকগুলো ডিইপিজেড ফটকে আটক করা হয়।
আশুলিয়া থানার উপপরিদর্শক শাহীন পারভেজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মালগুলো কারখানা থেকে বের করে জুট ব্যবসায়ী রওশনের জামগড়া এলাকার শিমুলতলী গুদামে নিয়ে যাওয়া হচ্ছিল। দুই প্রভাবশালী জুট ব্যবসায়ী মিলন ও রওশন ট্রাকগুলো থানা থেকে ছাড়িয়ে নিতে এসেছিল। কিন্তু তারা এগুলোর কোনো বৈধ কাগজ দেখতে পারেননি।
তিনি জানান, আটক সুতার মূল্য প্রায় দুই কোটি টাকা।
এ ব্যাপারে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষের (বেপজা) জেনারেল ম্যানেজার এমএম আব্দুর রশীদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিষয়টি আমার জানা নেই। পুলিশ যে ৬টি ট্রাক আটক করেছে এটাও আমার জানা নেই। আমি ব্যাপারটি খতিয়ে দেখছি।"
চালকসহ ট্রাকগুলো থানা হেফাজতে আছে। তবে চালকদের গ্রেপ্তার দেখানো হয়নি। মঙ্গলবার সকালে একজন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ট্রাকের মালগুলোর একটি জব্দ তালিকা তৈরি করা হবে
bdnews24