ঢাকা, এপ্রিল ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতের আদালে আগামী বাজেটে দেশের গরিব মানুষের জন্য কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বিশেষ কর্মসূচি (স্কিম) নেবে সরকার।
অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সোমবার বিকেলে বাজেট মনিটরিং ও সম্পদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলাম।
তিনি বলেন, "দেশের যেসব এলাকায় যখন কোনো কাজ থাকবে না তখন কর্মহীন গরিবদের জন্য কর্মসূচি ঘোষণা করা হবে। কাজের বিনিময়ে তাদের টাকা বা খাদ্য দেওয়া হবে।"
বর্তমান পরিস্থিতি বিবেচনায় এনে অসহায় গরিব মানুষদের জন্য এ কর্মসূচি চালু করা হবে- জানিয়ে অর্থ উপদেষ্টা বলেন, "ভারতে কর্মসংস্থান সৃষ্টিমূলক এ ধরনের একটি স্কিম চালু আছে। আমরাও সে ধরনের কিছু করব বলে চিন্তাভাবনা করছি। যদি সরকার কাজ দিতে না পারে তাহলে সরাসরি নগদ টাকা দেবে। অর্থাৎ গরিবদের কষ্ট যাতে লাঘব হয় তার ব্যবস্থা থাকবে আগামী বাজেটে।"
নতুন এ কর্মসূচির জন্য টাকা বরাদ্দের পরিমাণ চূড়ান্ত হয়নি বলে জানান মির্জ্জা আজিজুল।
তিনি বলেন, "বাজেট ঘোষণা করতে এখনো বেশ কিছুদিন সময় আছে। পরে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।"
আগামী বাজেটে সামাজিক নিরাপত্তা বেষ্টানির আওতা বাড়ানোর কথা জানিয়ে অর্থ উপদেষ্টা বলেন, "চলতি বাজেটেই বয়স্ক, দুস্থ, বিধবা, দুস্থ মহিলাসহ অসহায় মানুষদের জন্য ভাতার ব্যবস্থা আছে। দ্রব্যমূল্য পরিস্থিতি বিবেচনায় রেখে নতুন বাজেটে এ ধরনের ভাতার আওতা আরো বাড়ানো হবে। সুবিধাভোগীর সংখ্যা ও ভাতার পরিমাণও বাড়বে।"
বৈঠকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর সালেহউদ্দিন আহমেদ, অর্থ সচিব মোহাম্মদ তারেক, পরিকল্পনা সচিব জাফর আহমেদ চৌধুরী, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব আমিনুল ইসলাম ভূইয়া ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মজিদ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত জুন মাসের প্রথম সপ্তাহে নতুন বাজেট ঘোষণার কথা আছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এসএনডি/২১৪৮ ঘ.
bdnews24