২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চড়া বাজারের মধ্যেও চাল আমদানি বেড়েছে ৭ গুণ

চালের বাজার ঊর্ধ্বমুখী হলেও গত অর্থবছরের প্রথম ৯ মাসের তুলনায় চলতি অর্থবছরের একই সময়ে চাল আমদানি প্রায় ৭ গুণ বেড়েছে। চলতি ২০০৭-০৮ অর্থবছরের নয় মাসে (জুলাই-মার্চ) প্রায় ২০ লাখ মেট্রিক টন চাল আমদানি হয়েছে। আর এ জন্য ৫ হাজার কোটি টাকারও বেশি অর্থ ব্যয় হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2008, 09:26 AM

Updated : 26 Aug 2022, 01:40 PM

আবদুর রহিম হারমাছি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম সিনিয়র প্রতিবেদক ঢাকা, এপ্রিল ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চালের বাজার ঊর্ধ্বমুখী হলেও গত অর্থবছরের প্রথম ৯ মাসের তুলনায় চলতি অর্থবছরের একই সময়ে চাল আমদানি প্রায় ৭ গুণ বেড়েছে। চলতি ২০০৭-০৮ অর্থবছরের নয় মাসে (জুলাই-মার্চ) প্রায় ২০ লাখ মেট্রিক টন চাল আমদানি হয়েছে। আর এ জন্য ৫ হাজার কোটি টাকারও বেশি অর্থ ব্যয় হয়েছে। ২০০৬-০৭ অর্থবছরের এই সময়ে ৫০০ কোটি টাকা ব্যয়ে আমদানি হয় ৩ লাখ ২৭ হাজার টন। পরিমাণের দিক দিয়ে চাল আমদানি প্রায় সাত গুণ বাড়লেও আমদানি ব্যয় বেড়েছে ১০ গুণ। আর এ কারণে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভে চাপ বেড়েছে। আন্তর্জাতিক বাজারে চালের দাম অস্বাভাবিক বেড়ে যাওয়ায়ই ব্যয় বৃদ্ধির কারণ বলে ব্যবসায়ীরা জানিয়েছেন। তারা বলছেন, বোরো ধান না উঠা পর্যন্ত আমদানি বাড়বে। তবে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মোল্লা ওয়াহেদুজ্জামান শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বর্তমানে দেশে যে চাল মজুদ আছে তা দিয়ে আড়াই থেকে তিন মাস চলে যাবে। এ সময়ের মধ্যে বোরো ধান উঠবে। তখন আর কোনও সমস্যা থাকবে না।" গত বছরের জুলাই-সেপ্টেম্বর সময়ে পর পর দুই দফা বন্যা এবং ১৫ নভেম্বর ঘূর্ণিঝড় সিডরের আঘাতে আউশ ও আমন ধানের ব্যাপক ক্ষতি হয়। এতে দেশে খাদ্য ঘাটতি দেখা দেয়। ঘাটতি মেটাতে সরকারের পাশাপাশি বেসরকারি খাতেও চাল আমদানি বেড়ে যায়। এমনকি ভারতসহ রপ্তানিকারক দেশগুলো দফায় দফায় দাম বাড়ালেও আমদানি থেমে থাকেনি। বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগের বিশেষ গবেষণা সেলের তথ্য অনুয়ায়ী, চলতি অর্থবছরের জুলাই-মার্চ সময়ে মোট ২৯ লাখ ৬৯ মেট্রিক টন চাল আমদানির জন্য ১১৪ কোটি ৭৮ লাখ টাকার ঋণপত্র (এলসি) খোলা হয়। এর মধ্যে ৭৩ কোটি ৪৮ লাখ ডলারে ১৯ লাখ ৯৯ লাখ টন চাল আমদানি হয়। গত অর্থবছরের একই সময়ে ৬ লাখ ৫০ হাজার টন চাল আমদানির জন্য ১৪ কোটি ৮৩ লাখ ডলারের এলসির বিপরীতে ৭ কোটি ৩৭ লাখ ডলারে ৩ লাখ ২৭ হাজার টন আমদানি হয়েছিল। মোল্লা ওয়াহেদুজ্জামানের মতে, এখন আন্তর্জাতিক বাজারে চালের দাম বাড়লে বা কোনও দেশ রপ্তানি বন্ধ করে দিলেও বাংলাদেশের সমস্যা হবে না। কারণ কিছুদিন পর বোরো ধান উঠলেই স্থানীয় বাজারে চালের দাম কমতে শুরু করবে। তিনি বলেন, "দেশে এখন ৪ লাখ ৮১ হাজার মেট্রিক টন চাল মজুদ আছে। যা দিয়ে আড়াই মাসের বেশি সময় অনায়াসে চলে যাবে। আমরা আশা করছি, এবার বোরোর বাম্পার ফলন হবে। মে মাসের প্রথম দিকেই বোরো ধান উঠতে শুরু করবে। তখন আর সমস্যা হবে না।" দেশের অন্যতম বৃহৎ পাইকারি বাজার ঢাকার মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ও চাল আমদানিকারক হাজী মোহাম্মদ গোলাম মওলার মতে, প্রাকৃতিক দুর্যোগের কারণে উৎপাদন ব্যাহত হওয়ায় চাল আমদানি বেড়েছে। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বন্যা, সিডরসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের কারণে এবার দেশে চালের সঙ্কট দেখা দিয়েছে। এ কারণে মজুদ বাড়াতে সরকারও চাল আমদানি বাড়িয়ে দিয়েছে। সেই সঙ্গে বেসরকারি পর্যায়েও আমদানি বেড়েছে।" বোরো ধান উঠা পর্যন্ত চাল আমদানির এ ধারা অব্যাহত থাকবে বলে গোলাম মওলা মনে করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এমআই/এমএ/১৫২০ঘ.