ঢাকা, এপ্রিল ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারত থেকে প্রতি টন ৪৩০ ডলার মূল্যে চার লাখ টন চাল আমদানির বিষয়টি চূড়ান্ত হয়েছে। বৃহস্পতিবার দুইপক্ষ এ ব্যাপারে চুক্তিতে সই করেছে। দুই মাসের মধ্যেই এই চাল দেশে আসবে।
খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা উপদেষ্টা এ এম এম শওকত আলী সন্ধ্যায় বিডিনিউজ টোযেন্টিফোর ডটকমকে বলেন, "আজ (বৃহস্পতিবার) দিল্লীতে চুক্তিটি সম্পন্ন হয়েছে। বাংলাদেশের পক্ষে চুক্তিতে সই করেছেন নয়াদিল্লীতে বাংলাদেশের বাণিজ্যিক কাউন্সিলর।"
উপদেষ্টা বলেন, "ঋণপত্র (এলসি) খোলার ৬০ দিনের মধ্যে ওই চাল দেশে পৌঁছবে। প্রথম মাসে এক লাখ টন এবং পরের মাসে বাকি চাল জাহাজে করে দেশে আসবে।"
গত বছর ঘূর্ণিঝড় সিডর আঘাত হানার পর ডিসেম্বরে বাংলাদেশ সফরে এসে ভারতের পররাষ্ট্রমন্ত্রী প্রণব মুখার্জী পাঁচ লাখ টন চাল রপ্তানির প্রতিশ্র"তি দেন।
এর এক লাখ টন চাল আমদানির ব্যাপারে আগেই চুক্তি হয়। তাতে প্রতি টনের দাম ধরা হয় ৩৯৮ ডলার ৬০ সেন্ট।
ওই এক লাখ টন চালের মধ্যে সাড়ে ৪ হাজার টন ইতোমধ্যে দেশে এসেছে। বাকি চাল চলতি মাসেই এসে পৌঁছাবে বলে আশা প্রকাশ করেছেন খাদ্য উপদেষ্টা।
ডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইএইচবি-এএইচডি/এএল/জেকে/এমএইচবি/১৯৩০ ঘ.
bdnews24