২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যবসায়ীদের ভূমিকা সন্তোষজনক নয়: অর্থ উপদেষ্টা

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রেক্ষাপটে ব্যবসায়ীদের ভূমিকা সন্তোষজনক নয় বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা এবি মির্জ্জা আজিজুল ইসলাম। তিনি বলেছেন, "দ্রব্যমূল্য বৃদ্ধির এই প্রেক্ষাপটে সাধারণ মানুষের বিশ্বাস, ব্যবসায়ীরা সমাজের প্রতি যথেষ্ট দায়িত্বশীল আচরণ করছেন না, বরং পরিস্থিতির সুযোগ নিচ্ছেন।" বুধবার ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স-বাংলাদেশের (আইসিসি-বি) বাণিজ্য নির্দেশিকা প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2008, 10:47 AM

Updated : 26 Aug 2022, 01:39 PM

ঢাকা, মার্চ ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রেক্ষাপটে ব্যবসায়ীদের ভূমিকা সন্তোষজনক নয় বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা এবি মির্জ্জা আজিজুল ইসলাম। তিনি বলেছেন, "দ্রব্যমূল্য বৃদ্ধির এই প্রেক্ষাপটে সাধারণ মানুষের বিশ্বাস, ব্যবসায়ীরা সমাজের প্রতি যথেষ্ট দায়িত্বশীল আচরণ করছেন না, বরং পরিস্থিতির সুযোগ নিচ্ছেন।" বুধবার ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স-বাংলাদেশের (আইসিসি-বি) বাণিজ্য নির্দেশিকা প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অর্থ উপদেষ্টা বলেন, দেশের এই সঙ্কটময় সময়ে ব্যবসায়ীদের উচিৎ নিজেদের ভাবমূর্তি উদ্ধারের জন্য এমন কিছু করা যাতে তাদের সামাজিক দায়িত্বশীলতার পরিচয় পাওয়া যায়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে আইসিসি-বি'র সভাপতি মাহবুবুর রহমান বলেন, বাংলাদেশে ব্যবসা করতে আগ্রহীদের জন্য আইসিসি-বি'র নির্দেশিকা একটি হ্যান্ডবুক হিসেবে কাজ করবে। এতে বাংলাদেশে সরাসরি বিদেশি বিনিয়োগের বর্তমান হার এবং বিভিন্ন ক্ষেত্রে সরকারি সুযোগ সুবিধার তথ্য থাকবে। পাশাপাশি দেশের ব্যণিজ্য পরিবেশ সম্পর্কে ধারণা দিতে নির্দেশিকায় সরকারের বিভিন্ন নীতি সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ দেয়া হয়েছে বলে জানান তিনি। বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতির সভাপতি আনিসুল হক সরকারের প্রতি ব্যবসায়ীদের আস্থা পুনরুদ্ধারের উদ্যোগ নেয়ার আহ্বান জানান। তিনি বলেন, "আমরা সবসময় সরকারকে সহযোগিতা করতে আগ্রহী। কিন্তু ব্যবসায়ীদের আস্থা বাড়াতে সরকারকে আরো কিছু করতে হবে।" এ প্রসঙ্গে অর্থ উপদেষ্টা বলেন, "অনিবার্য কিছু কারণে সরকারকে এমন কিছু সিদ্ধান্ত নিতে হয়েছে যার প্রভাবে ব্যবসায়ীদের আস্থা কমে গেছে।" তিনি বলেন, "ব্যবসায়ীদের মধ্যে যে কিছু অশুভ চক্র সক্রিয় ছিল তা সবাইকেই স্বীকার করতে হবে। তারপরও ব্যবসায়ীদের আস্থা ফিরিয়ে আনার জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছি। বেটার বিজনেস ফোরাম ও রেগুলেটরি রিফর্মস কমিশন গঠন তারই প্রতিফলন।" মির্জ্জা আজিজুল বলেন, "আমরা দেশে এমন একটি বাণিজ্য বান্ধব পরিবেশ সৃষ্টি করতে চাই যেখানে ব্যবসায়ীদের পুরো সম্ভবনার প্রকাশ ঘটবে।" গভীর সমুদ্রে জ্বালানি অনুসন্ধানে সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপের বিবরণ দিয়ে উপদেষ্টা বলেন, "আমি বুঝি না কিছু মানুষ কেন সবসময় খনিজ সম্পদ অনুসন্ধানের বিরোধিতা করে। পরিবেশ ইস্যুটিই যদি এর কারণ হয়ে থাকে তাহলে আমাদের আবার গুহামানবদের যুগে ফিরে যাওয়া উচিৎ।" অন্যান্যের মধ্যে বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান কামালউদ্দিন আহমেদ এবং আইসিসি-বি'র ভাইস প্রেসিডেন্ট লতিফুর রহমান ও স্যামসন এইচ চৌধুরী অনুষ্ঠানে বক্তব্য রাখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএইচএন/কিউএইচ/জেকে/এমএ/১৬৪০ঘ.