ঢাকা, এপ্রিল ২ (বিডিনিউজ টোয়েন্টিপোর ডটকম) - আগামী অর্থবছরে দেশে মূল্যস্ফীতি ৯ থেকে কমে ৮ শতাংশ হওয়ার পাশাপশি প্রবৃদ্ধি ৬ থেকে বেড়ে সাড়ে ৬ শতাংশ হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।
বুধবার প্রকাশিত এডিবির 'এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক ২০০৮' শীর্ষক প্রতিবেদনে এ পূর্বাভাস দেওয়া হয়।
রাজধানীর শেরেবাংলা নগরে এডিবি কার্যালয়ে এ প্রতিবেদন প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সংস্থাটির আবাসিক প্রতিনিধি হুয়া দু ও প্রধান অর্থনীতিবিদ রেজাউল করিম খান এর বিভিন্ন দিক ব্যাখ্যা করেন।
প্রতিবেদনে বলা হয়, খাদ্যপণ্য ও জ্বালানি তেলের দাম বাড়ার কারণে বাংলাদেশে মূল্যস্ফীতি একটি বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে। তবে আগামী অর্থবছরে এ হার কিছুটা কমে আসতে পারে।
পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে ২০০৬-২০০৭ অর্থবছরে বাংলাদেশে মূল্যস্ফীতির গড় হার ছিল ৭ দশমিক ২ শতাংশ। ২০০৭-০৮ অর্থবছরে এ হার বেড়ে ৯ শতাংশে দাঁড়ায়। এডিবির পূর্বাভাস অনুযায়ী, ২০০৮-০৯ অর্থবছরে তা কিছুটা কমে ৮ শতাংশ হতে পারে।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হিসাব অনুযায়ী, চলতি বছরের জানুয়ারিতে মূল্যস্ফীতির হার ছিল ১০ দশমিক ১৯ শতাংশ। গত বছর ডিসেম্বরে এই হার ছিল ১১ শতাংশের ওপরে।
প্রতিবেদনে বলা হয়, ২০০৬-০৭ অর্থবছরে বাংলাদেশে মোট দেশজ উৎপাদনে (জিডিপি) সাড়ে ৬ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছিল। চলতি অর্থবছর শেষে তা ৬ শতাংশে নেমে আসতে পারে। তবে আগামী অর্থবছরে প্রবৃদ্ধি বেড়ে আবার সাড়ে ৬ শতাংশে পৌঁছতে পারে।
এর কারণ ব্যাখ্যা করতে গিয়ে হুয়া দু বলেন, "এবার বোরো ও আমন ধানের ভালো ফলন হবে বলে আশা করা হচ্ছে। এর ফলে আগামী অর্থ বছরে মূল্যস্ফীতি কিছুটা কমতে পারে।"
হুয়া দু বলেন, ২০০৭ সালের ১১ জানুয়ারির পর ব্যবসায়ী ও শিল্পপতিদের মধ্যে আস্থার যে সঙ্কট দেখা দিয়েছিল তা কমতে শুরু করেছে। ফলে শিল্প ও সেবা খাতের প্রবৃদ্ধি আগামী অর্থবছরে বাড়ার কথা।
অর্থনীতিবিদ রেজাউল করিম খান বলেন, আগামী অর্থবছরে গড় মূল্যস্ফীতি কমে যদি ৮ শতাংশও হয়, তারপরও এই হার হবে যথেষ্ট উদ্বেগজনক।
মূল্যস্ফীতি সহনীয় পর্যায়ে নামিয়ে আনার জন্য তিনি স্থানীয় কৃষি উৎপাদন বাড়াতে সরকারকে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার পরামর্শ দেন।
এছাড়া জিডিপির প্রবৃদ্ধি বাড়ানোর জন্য হুয়া দু বিনিয়োগ বৃদ্ধি ও বিদ্যুৎ সমস্যার সমাধানে কার্যকর পদক্ষেপ নিতে সরকারকে পরামর্শ দেন।
রেজাউল বলেন, "খাদ্যপণ্য, সার ও জ্বালানি তেল আমদানি করতে সরকারের ব্যয় বেড়ে যাওয়ায় বাজেটের ওপর প্রচণ্ড চাপ পড়েছে। বাণিজ্য ঘাটতিও বেড়ে গেছে। এ অবস্থায় আমদানি নির্ভরতা কমাতে স্থানীয় উৎপাদন বাড়ানো ছাড়া কোন বিকল্প নেই।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এফএফ/এএল/জেকে/এমএ/১৫২৫ঘ.
bdnews24