২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাফল্যের ট্রফি এল পাঁচ বছর পর

পণ্য রপ্তানিতে সাফল্যের জন্য পাঁচ বছর আগে যারা স্বীকৃতি পেয়েছিলেন তারা স্বীকৃতির স্বারক 'ট্রফি' হাতে পেলেন সোমবার। পরের দুবছরের সফলরাও বাকির খাতায় থাকা রপ্তানি ট্রফি পেলেন এদিন। তবে এর পরের দুটি অর্থবছরের (২০০৫-০৬ ও ২০০৬-০৭) ট্রফি কবে দেওয়া হবে তা নিয়ে রয়েছে অনিশ্চয়তা। চলতি ২০০৭-০৮ অর্থবছর জুন মাসে শেষ হলে বাকির ঝুলিতে যোগ হবে আরো এক বছরের ট্রফি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2008, 05:11 PM

Updated : 26 Aug 2022, 01:38 PM

আবদুর রহিম হারমাছি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম সিনিয়র প্রতিবেদক ঢাকা, মার্চ ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পণ্য রপ্তানিতে সাফল্যের জন্য পাঁচ বছর আগে যারা স্বীকৃতি পেয়েছিলেন তারা স্বীকৃতির স্বারক 'ট্রফি' হাতে পেলেন সোমবার। পরের দুবছরের সফলরাও বাকির খাতায় থাকা রপ্তানি ট্রফি পেলেন এদিন। তবে এর পরের দুটি অর্থবছরের (২০০৫-০৬ ও ২০০৬-০৭) ট্রফি কবে দেওয়া হবে তা নিয়ে রয়েছে অনিশ্চয়তা। চলতি ২০০৭-০৮ অর্থবছর জুন মাসে শেষ হলে বাকির ঝুলিতে যোগ হবে আরো এক বছরের ট্রফি। দেশের অর্থনীতিতে অবদান রাখা রপ্তানিকারকদের হাতে ট্রফি তুলে দিতে পেরে আনন্দ প্রকাশ করে প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ বলেন, "আমি আরও খুশি হতাম যদি প্রতিবছর নিয়মিতভাবে এই ট্রফি বিতরণ হতো। আশা করব এখন থেকে বাণিজ্য মন্ত্রণালয় প্রতিবছর একটি নির্দিষ্ট সময়ে রপ্তানি ট্রফি দেবে।" সোমবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এই ট্রফি বিতরণ উপলক্ষে ব্যবসায়ী নেতাদের ভিড় জমেছিল। তাদের শীর্ষ সংগঠন 'বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি'র (এফবিসিসিআই) নবনির্বাচিত সভাপতি আনিসুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, "দেরিতে রপ্তানি ট্রফি বিতরণের বিষয়টি খুবই দুঃখজনক। আমরা চাই প্রতিবছরের বছর শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ট্রফি দেওয়া হোক। এতে রপ্তানিকারকরা উৎসাহিত হবেন।" পণ্য রপ্তানির মাধ্যমে দেশের অর্থনীতিতে বিশেষ অবদান রাখার স্বীকৃতি হিসেবে ১৯৭৮ সাল থেকে সরকার এ ট্রফি দিচ্ছে। প্রথমে এর নাম ছিল রাষ্ট্রপতি রপ্তানি ট্রফি। ১৯৯৪ সালে এর নাম দেওয়া হয় জাতীয় রপ্তানি ট্রফি। বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) যৌথভাবে এ ট্রফি বিতরণ করে থাকে। ইপিবি'র ভাইস চেয়ারম্যান সাহাব উল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দেশের রপ্তানিকারক, শিল্পপতি ও ব্যবসায়ীদের মধ্যে জাতীয় পর্যায়ে উৎসাহ, উদ্দীপনা ও সুষ্ঠু প্রতিযোগিতা সৃষ্টির লক্ষ্যে এ ট্রফি দেওয়া হয়। বিভিন্ন কারণে এবার একসঙ্গে তিন অর্থবছরের ট্রফি বিতরণ করা হলো।" ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা আর না ঘটে সে দিকে ইপিবি দৃষ্টি রাখবে বলে জানান তিনি। ইপবি'র তথ্য অনুযায়ী, খাতভিত্তিক পণ্য রপ্তানিতে উল্লেখযোগ্য অবদান রাখার জন্য জাতীয় রপ্তানি ট্রফি বিধিতে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ ট্রফি দেওয়ার ব্যবস্থা রয়েছে। সোমবার তিন অর্থবছরের জন্য মোট ৮২টি (৩৩টি স্বর্ণ, ২৮টি রোপ্য ও ২১টি ব্রোঞ্জ) ট্রফি ও সনদ বিতরণ করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এসএনডি/জেকে/এমএইচবি/২৩০৪ ঘ.