২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রোড শোর শেষ দিনে পুঁজিবাজারে নিবন্ধনের তথ্য জানতে চায় বিদেশি কোম্পানিগুলো

রোড শোতে অংশ নেওয়া আন্তর্জাতিক তেল কোম্পানিগুলোকে (আইওসি) বাংলাদেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ার প্রক্রিয়া সম্পর্কে জানিয়েছে পেট্রোবাংলা। ১২টি কোম্পানির সঙ্গে আলাদা আলোচনার মধ্যে দিয়ে সোমবার দু'দিনের এ রোড শো শেষ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2008, 03:02 PM

Updated : 26 Aug 2022, 01:38 PM

ঢাকা, মার্চ ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রোড শোতে অংশ নেওয়া আন্তর্জাতিক তেল কোম্পানিগুলোকে (আইওসি) বাংলাদেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ার প্রক্রিয়া সম্পর্কে জানিয়েছে পেট্রোবাংলা। ১২টি কোম্পানির সঙ্গে আলাদা আলোচনার মধ্যে দিয়ে সোমবার দু'দিনের এ রোড শো শেষ হয়েছে। বিদেশি কোম্পানিগুলোকে বাংলাদেশের সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানের নিয়মাবলী ও কর্মপদ্ধতি এবং দরপত্রসংক্রান্ত তথ্য জানাতে আয়োজন করা হয়েছিল এই রোড শোর। এর বিস্তারিত জানাতে সোমবার বিকেলে পেট্রোবাংলা কার্যালয়ে এক সংবাদ সম্মেলন হয়। সংস্থার চেয়ারম্যান জালাল আহমেদ সংবাদ সম্মেলনে বলেন, "আইওসিগুলো বাংলাদেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ার প্রক্রিয়া সম্পর্কে জানতে চেয়েছে। সরকার চায় যেসব বিদেশি প্রতিষ্ঠান কাজ করছে তারা যেন পুঁজিবাজারে আসে। আইওসিগুলোর আগ্রহ নিঃসন্দেহে আশাব্যাঞ্জক। এক্ষেত্রে বিদ্যমান আইন অনুসারেই ব্যবস্থা নেওয়া হবে।" মিয়ানমারের সঙ্গে সমুদ্র সীমানা নির্ধারণ প্রসঙ্গে তিনি বলেন, "এটি বড় কোনো সমস্যা নয়। বিশ্বের সবচেয়ে বড় গ্যাসক্ষেত্র 'নর্থ ফিল্ড' ইরান ও কাতার ইউনিটাইজেশন (সমবণ্টন) করেছে। আমাদের মডেল উৎপাদন ও বণ্টন চুক্তিতেও (পিএসসি) ইউনিটাইজেশনের বিধান আছে।" পেট্রোবাংলা চেয়ারম্যান জানান, পিএসসি অনুসারে উদ্বৃত্ত তরল প্রাকৃতিক গ্যাস রপ্তানি করা যাবে। তবে দেশে গ্যাসের যে চাহিদা লক্ষ করা যাচ্ছে তাতে মনে হয় গ্যাস রপ্তানির কোনো সুযোগ থাকবে না। পেট্রোবাংলার আর্থিক অবস্থা সম্পর্কে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "প্রতি মাসে কমবেশি ৩০ কোটি টাকা লোকসান দিতে হচ্ছে। সর্বশেষ সরকারের কাছে ১৬৪৯ কোটি টাকা আমরা চেয়েছি।" সংবাদ সম্মেলনে পেট্রোবাংলার পরিচালক (পিএসসি) মোক্তাদীর আলী জানান, সাগর থেকে গ্যাস উত্তোলনের ক্ষেত্রে প্রফিট শেয়ার ৫৫ ভাগ নির্ধারণ করা হয়েছে। রোড শোতে আইওসিগুলো করপোরেট ট্যাক্স ও ভ্যাটের হার জানতে চেয়েছে জানিয়ে তিনি বলেন, "অগভীর সাগরের ব্লকের ক্ষেত্রে সাইসমিক সার্ভে ও একটি কূপ খনন করতে হবে। গভীর সাগরের ব্লকের ক্ষেত্রে সাইসমিক সার্ভে করতে হবে।" পরিচালক (মাইনিং) মকবুল-ই-ইলাহী বলেন, আইওসিগুলোকে জানানো হয়েছে নতুন করে আর আলাদা আলোচনা করা হবে না । নতুন কোনও পরিবর্তন, পরিমার্জন করতে হলে তা সবার জন্যই প্রযোজ্য হবে। বিট্রিশ পেট্রোলিয়াম (আলফা) লিমিটেড ইউকে, শেভরন বাংলাদেশ, কেয়ার্ন এনার্জি, কনকো ফিলিপস ইউএসএ, সিনক ইন্টারন্যাশনাল লিমিটেড-চীন, ইএনআই-ইন্ডিয়া, ইন্ডিয়ান অয়েল করপোরেশন লিমিটেড, লুক্সন গ্লোবাল কোম্পানি লিমিটেড কোরিয়া, স্যান্টোস লিমিটেড অস্টেলিয়া, টোটাল ফ্রান্স, টল্লো অয়েলসহ ২৮টি বিদেশি এবং ২৯টি দেশীয় প্রতিষ্ঠান রোড শোতে অংশ নেয়। পেট্রোবাংলা জানিয়েছে, দেশে তৃতীয় দফা তেল-গ্যাস অনুসন্ধানের জন্য আহ্বান করা দরপত্রের ১৯টি প্রমোশনাল প্যাকেজ এবং ৩২টি ইনফরমেশন প্যাকেজ বিক্রি হয়েছে। ১৫ ফেব্র"য়ারি পেট্রোবাংলা দরপত্র আহ্বান করে। সাগরের ২৮ ব্লকের জন্য এ দরপত্র চাওয়া হয়েছে। এর মধ্যে আটটি অগভীর সাগরে ও ২০টি গভীর সাগরে পড়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এসএনডি/এমএইচবি/২০৪৭ ঘ.