ঢাকা, মার্চ ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিনিয়োগকারীদের মধ্যে শেয়ার কেনার প্রবণতা বাড়ায় রোববার শেয়ার বাজারে ভালো লেনদেন হয়েছে। দিনশেষে সূচক-লেনদেন দুটোই বেড়েছে।
দিনের প্রথমভাগেই সূচকে বেশ খানিকটা উন্নতি হয়। দিনের বাকি অংশেও এ অগ্রগতি অব্যহত থাকে। এদিন ক্রেতাদের মূল আগ্রহ ছিল ব্যাংক, বিদ্যুৎ, ওষুধ, সিমেন্ট ও মিউচুয়াল ফান্ডের শেয়ার নিয়ে।
ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান নির্বাহী সালাহউদ্দীন আহমেদ খান বলেন, "রোববার লেনদেনের তালিকায় বেশ কিছু প্রতিষ্ঠানের শেয়ার ওপরের দিকে চলে এসেছে। এ থেকে মনে হচ্ছে, বিনিয়োগকারীরা বিনিয়োগের নতুন ক্ষেত্র খুঁজছেন।"
দিনশেষে ডিজিইএন বা সাধারণ শেয়ার সূচক ৪৯ দশমিক ৫৯ পয়েন্ট বা এক দশমিক ৬৬ শতাংশ বেড়ে ৩০২১ দশমিক ৬৮ পয়েন্ট হয়। ডিএসআই বা সার্বিক শেয়ার সূচক ৩৮ দশমিক ৯৭ পয়েন্ট বা এক দশমিক ৫৫ শতাংশ বেড়ে হয়েছে ২৫৫১ দশমিক ৮৭ পয়েন্ট। এছাড়া ডিএসই-২০ ব্লুচিপ শেয়ার সূচক ৩৫ দশমিক ০৮ পয়েন্ট বা এক দশমিক ৫২ শতাংশ বেড়ে ২৩৪১ দশমিক ৫১ পয়েন্ট হয়েছে।
এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩০৪ কোটি টাকার এক কোটি ৭৩ লাখ ৩৬ হাজার ৭৭৪টি শেয়ার লেনদেন হয়। ডিএসইতে ১৪৪টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৯৮টির এবং অপরিবর্তিত ছিল ১২টির দাম।
লেনদেনের তালিকার শীর্ষে থাকা স্কয়ার ফার্মার শেয়ারের দাম ৫ দশমিক ০৬ শতাংশ বেড়ে হয়েছে ৪০৯০ টাকা ৫০ পয়সা। দ্বিতীয় অবস্থানে থাকা এবি ব্যাংকের শেয়ারের দাম এক দশমিক ৭৭ শতাংশ বেড়ে ৩৩৬৩ টাকা ২৫ পয়সা হয়েছে। পাওয়ার গ্রিড কোম্পানির শেয়ারের দাম দশমিক ৭২ শতাংশ বেড়ে ৬৯২ টাকায় পৌঁছায়। এছাড়া হাইডেলবার্গ সিমেন্টের শেয়ারের দাম ৮ দশমিক ০৫ শতাংশ বেড়ে ১৪০৫ টাকা ২৫ পয়সা এবং উত্তরা ব্যাংকের শেয়ার ৭ দশমিক ৫৪ শতাংশ বেড়ে ৫৩৪২ টাকা ২৫ পয়সা হয়েছে।
অন্যান্য প্রতিষ্ঠানের মধ্যে লাফার্জ সুরমা সিমেন্ট, ডেসকো ও এসিআই এর শেয়ারের দাম বেড়েছে। আর মুনাফা তুলে নেওয়ায় আইএফআইসি ও গ্রামীণ মিউচুয়াল ফান্ড ওয়ানের শেয়ারের দাম কমেছে।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) এদিন সব শেয়ার সূচক ঊর্ধ্বমুখী থাকলেও আগের দিনের চেয়ে লেনদেন কমেছে। সিএসইতে ২১ কোটি ৬১ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়। আগেরদিন লেনদেনের পরিমাণ ছিল ৩৬ কোটি ৫৩ লাখ ৭০ হাজার টাকা। এ বাজারে ৫৪টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, ৭২টির দাম কমেছে এবং চারটির দাম অপরিবর্তিত ছিল।
দিনশেষে সিএএসপিআই বা সার্বিক শেয়ার সূচক ৭৮ দশমিক ১২ পয়েন্ট বা দশমিক ৯৫ শতাংশ বেড়ে ৮৩০২ পয়েন্ট হয়। সিএসসিক্স বা নির্দিষ্ট শ্রেণীর শেয়ার সূচক ৫৭ দশমিক ৪৯ পয়েন্ট বা এক দশমিক ০৮ শতাংশ বেড়ে হয়েছে ৫৩৫৯ দশমিক ১৫ পয়েন্ট। এছাড়া সিএসই-৩০ ব্লুচিপ শেয়ার সূচক ১৫৪ দশমিক ০২ পয়েন্ট বা ২ দশমিক ২০ শতাংশ বেড়ে ৭১৩৩ দশমিক ৩০ পয়েন্ট হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএইচএন/টিএইচ/জেকে/২১১১ ঘ.
bdnews24