২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সফটওয়্যার টেকনোলজি পার্ক স্থাপনের দাবি বেসিসের

তথ্য প্রযুক্তি খাতের বিকাশে জাতীয় সফটওয়্যার টেকনোলজি পার্ক স্থাপনের দাবি জানিয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)। একইসঙ্গে সরকারি কর্মকমিশন কর্তৃক বাংলাদেশ সিভিল সার্ভিস (আইটি) ক্যাডার চালুরও দাবি জানিয়েছে সংগঠনটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2008, 12:29 PM

Updated : 26 Aug 2022, 01:38 PM

ঢাকা, মার্চ ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তথ্য প্রযুক্তি খাতের বিকাশে জাতীয় সফটওয়্যার টেকনোলজি পার্ক স্থাপনের দাবি জানিয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)। একইসঙ্গে সরকারি কর্মকমিশন কর্তৃক বাংলাদেশ সিভিল সার্ভিস (আইটি) ক্যাডার চালুরও দাবি জানিয়েছে সংগঠনটি। রোববার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে বিএসআরএস ভবনে সমিতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ সব দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বেসিসের সভাপতি রফিকুল ইসলাম রাউলি বলেন, "জ্ঞানভিত্তিক সমাজ প্রতিষ্ঠা, ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি ও বৈদেশিক মুদ্রা অর্জন তথা দেশের অর্থনৈতিক উন্নয়নে সফটওয়্যার শিল্প খাত বিশেষ অবদান রাখছে। কিন্তু কিছু সীমাবদ্ধতার কারণে এই খাত বিকশিত হচ্ছে না।" তিনি বলেন, "আমরা বেশ কিছু দিন ধরে সফটওয়্যার খাতের উন্নয়নে জাতীয় সফটওয়্যার টেকনোলজি পার্ক স্থাপনের দাবি জানিয়ে আসছি। পাশ্ববর্তী দেশ ভারতসহ বিভিন্ন দেশে এ ধরনের পার্ক রয়েছে।" রাজধানীর মহাখালিতে টিঅ্যান্ডটি'র পাশে ১৬ একর জমির উপর এই পার্ক স্থাপন সংক্রান্ত প্রস্তাব সরকারের বিবেচনাধীন আছে জানিয়ে রফিকুল ইসলাম রাউলি পার্কটি স্থাপনের দাবি জানান। সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রশ্নের জবাব দেন সংগঠনের ঊর্ধ্বতন সহ-সভাপতি শোয়েব চৌধুরী ও কোষাধ্যক্ষ এ কে এম ফাহিম মাশরুর। কলকাতায় একটি সফটওয়্যার টেকনোলজি পার্ক স্থাপন করা হয়েছে উল্লেখ করে শোয়েব চৌধুরী বলেন, "বাংলাদেশে এরকম একটি সফটওয়্যার পার্ক স্থাপন করা হলে আইটি খাতে ব্যাপক কর্মসংস্থানের সৃষ্টি হবে।" বাংলাদেশ সিভিল সার্ভিসে আইটি ক্যাডার চালুর দাবি জানিয়ে তিনি বলেন, "এ ক্যাডার চালু হলে একদিকে যেমন নতুন কর্মসংস্থানের সৃষ্টি হবে অন্যদিকে দেশে দক্ষ আইটি বিশেষজ্ঞ তৈরি হবে।" বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) কমপক্ষে ২ শতাংশ তথ্য প্রযুক্তি খাতে বরাদ্দ, সফটওয়্যার ও আইটি খাতের ব্যাংক ঋণের সুদের হার হ্রাস, ২০১৫ সাল পর্যন্ত এ দুই খাতে কর অবকাশ সুবিধা প্রদান, ইন্টারনেট বিলের উপর থেকে ভ্যাট প্রত্যাহারেরও দাবি জানানো হয় ওই সম্মেলনে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এএল/এমএ/১৮২০ঘ.