২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কর আদায় বাড়ানোর ব্যাপারে সুপারিশ চাইলেন অর্থ উপদেষ্টা

চলতি অর্থ বছরের (২০০৭-০৮) সংশোধিত বাজেটে ভর্তুকির পরিমাণ বাড়বে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. এবি মির্জ্জা আজিজুল ইসলাম। জাতীয় আয়ের সঙ্গে সমন্বয় রেখে কর আদায় কিভাবে বাড়ানো যায় সে ব্যাপারে প্রস্তাবনা আহ্বান করেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2008, 12:39 PM

Updated : 26 Aug 2022, 01:38 PM

বরিশাল, মার্চ ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চলতি অর্থ বছরের (২০০৭-০৮) সংশোধিত বাজেটে ভর্তুকির পরিমাণ বাড়বে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. এবি মির্জ্জা আজিজুল ইসলাম। জাতীয় আয়ের সঙ্গে সমন্বয় রেখে কর আদায় কিভাবে বাড়ানো যায় সে ব্যাপারে প্রস্তাবনা আহ্বান করেন তিনি। উপদেষ্টা বলেন, "বিশ্ববাজারে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি এবং বাংলাদেশে দ্রব্যমুল্যের সমন্বয় না থাকায় চলতি অর্থবছরের সংশোধিত বাজেটে ভর্তুকির পরিমাণ সাড়ে ৭ শতাংশ থেকে বেড়ে গিয়ে ১৯ শতাংশে দাঁড়াবে।" বরিশাল সার্কিট হাউজে শনিবার সকালে প্রাক-বাজেট মতবিনিময় সভার প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। দেশে জাতীয় আয়ের সঙ্গে কর প্রদানের হারের অসংগতি আছে- মন্তব্য করে উপদেষ্টা বলেন, "পাশের দেশ নেপালের জনসংখ্যা আমাদের চেয়ে কম। এমনকি ওই দেশের জনগণের মাথা পিছু আয়ও কম। তারপরও নেপালের জনগণ আমাদের চেয়ে বেশি কর দেয়।" ভর্তুকির চিত্র তুলে ধরে উপদেষ্টা মির্জ্জা আজিজুল ইসলাম বলেন, ২০০৭-০৮ অর্থ বছরের ৮০ হাজার কোটি টাকার বাজেটে ভর্তুকির পরিমাণ ছিল ছয় হাজার কোটি টাকা। যা মোট বাজেটের সাড়ে সাত শতাংশ। এই ভর্তুকির প্রায় তিন হাজার কোটি টাকা পরোক্ষভাবে বিশেষ করে সার, পণ্য উৎপাদন ও পরিবহনে ব্যবহৃত ডিজেলে দেওয়া হয়েছিল। সংশোধিত বাজেটে ছয় হাজার কোটির টাকার ভর্তুকির পরিমাণ বেড়ে ১৫ হাজার ছয়শ' কোটি টাকায় গিয়ে দাঁড়াবে। যা গত বাজেটে দেওয়া ভর্তুকির চেয়ে প্রায় নয় হাজার কোটি টাকা বেশি। জনগণের দাবির বিষয়ে তিনি বলেন, আঞ্চলিক দাবি-দাওয়া থাকবেই, এটা যৌক্তিক। কিন্তু প্রশ্ন হচ্ছে, ভর্তুকি-কর-দাবিদাওয়া এই তিনটি পরস্পর বিপরীতমুখী কি না সেটা বুঝতে হবে। উপদেষ্টা বলেন, "বর্তমান সরকার নির্বাচিত সরকার নয়। তার অর্থ এই নয় যে, আমরা জনগণ থেকে বিচ্ছিন্ন। তিনটি পরস্পর বিপরীতমুখী অবস্থা থেকে উত্তরণের জন্য এবং জাতীয় আয়ের সঙ্গে সমন্বয় রেখে কর প্রদানের হার কিভাবে বাড়ানো যায় সে ব্যাপারে আপনারা প্রস্তাবনা দেবেন।" আগামী বাজেটে জনগণের চাহিদার প্রতিফলন ঘটবে সেই নিশ্চয়তা দেওয়া সম্ভব নয় বলে উপদেষ্টা মন্তব্য করেন। প্রাক-বাজেট মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আব্দুল মজিদ, পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব জাফর আহম্মেদ চৌধুরী, অর্থ মন্ত্রণালয়ের সচিব ড. মো. তারেক। বিভিন্ন অঞ্চলিক সমস্যা এবং সম্ভাবনার বিষয়ে বক্তব্য রাখেন বরিশালের বিভাগীয় কমিশনার মো. হারুন চৌধুরী, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. আব্দুল লতিফ মাসুম, বরিশাল শিক্ষা বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রফেসর আবদুস সালাম হাওলাদার, বরিশাল রেঞ্জের ডিআইজি মো. আমিনুল ইসলাম, জেলা প্রশাসক মঞ্জুর-ই-এলাহী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বরিশাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি এবায়দুল হক চাঁন, ঝালকাঠী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মাহবুব হোসেন, পিরোজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি আলী আহম্মেদ খান। বিকেলে সার্কিট হাউসে দারিদ্র্য নিরসন কৌশলপত্র প্রণয়নে অংশগ্রহণমূলক পরামর্শ সভা উদ্বোধন করেন উপদেষ্টা ড. মির্জ্জা আজিজুল ইসলাম। তিনি বলেন, উন্নয়নশীল দেশের লক্ষ্য হচ্ছে উন্নয়ন ত্বরান্বিত করা। আর এর জন্য প্রবৃদ্ধি প্রয়োজন। প্রবৃদ্ধি বৃদ্ধিই সরকারের প্রধান লক্ষ্য। এ লক্ষ্য বাস্তবায়নের জন্য কৌশল নির্ধারণ করতে হবে। তিনি মনে করেন, দারিদ্র্য নিরসনের প্রধান কৌশল হচ্ছে জাতীয় আয়ের সুষম বন্টন। এর পাশাপাশি দারিদ্র নিরসনের জন্য সুনির্দিষ্ট লক্ষ্য এবং কর্মপন্থা প্রয়োজন। উপদেষ্টার মতে, নিরক্ষরতা, স্বাস্থ্য সেবা, বিশুদ্ধ পানি, পরিবেশ বিপর্যয়ের মত একাধিক কারণে দারিদ্র্যের বহিঃপ্রকাশ ঘটতে পারে। এ বিপর্যয় কাটিয়ে উঠতে সহস্রাব্দ উন্নয়নে আটটি লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে কয়েকটি লক্ষ্য অর্জনে বাংলাদেশ কাঙ্খিত অবস্থানে রয়েছে। তিনি বলেন, "বিগত সরকারগুলো পঞ্চবার্ষিক পরিকল্পনা থেকে সরে এসেছিল। এর প্রধান কারণ তারা মাঠ পর্যায় থেকে পরিকল্পনা গ্রহণ করেননি।" দারিদ্র্য নিরসনের লক্ষ্যে মাঠ পর্যায়ে যে সমস্যা এবং সম্ভবনা রয়েছে সে সম্পর্কে কর্মশালায় সুচিন্তিত মতামত তুলে ধরে সরকারকে বাস্তব পদক্ষেপ নিতে সহযোগিতা করার জন্য আহবান জানান উপদেষ্টা। উপদেষ্টা আরও বলেন, এবারের দ্বিতীয় দারিদ্র্য নিরসন কৌশলপত্র ভিন্ন। কারণ এবারের কৌশলপত্রে সিডরের মত দুর্যোগ মোকাবেলায় আপনার যে অগ্রণী ভূমিকা রেখেছেন তা প্রধান্য পাবে। সেই আলোকে আপনারা মতামত দেবেন যাতে শুধু বাংলাদেশ নয় গোটা বিশ্ব এ ধরনের দুর্যোগ ধৈর্যের সঙ্গে মোকাবেলা করতে পারে।" বরিশালের বিভাগীয় কমিশনার মো. হারুন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত পরামর্শ সভার উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আব্দুল মজিদ, পরিকল্পনা মন্ত্রনালয়ের সচিব জাফর আহম্মেদ চৌধুরী, অর্থ মন্ত্রনালয়ের সচিব ড. মো. তারেক, দারিদ্র্য নিরসন কৌশলপত্রের প্রধান পরামর্শক ড. মো. ইসমাইল হোসেন, বরিশালের জেলা প্রশাসক মঞ্জুর-ই-এলাহী। দ্বিতীয় দারিদ্র্য নিরসন কৌশলপত্রে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় কৌশল নির্ধারণের লক্ষ্যে বরিশাল বিভাগে দুই দিনব্যাপী এই অংশগ্রহণমূলক পরামর্শ সভায় দেড় শতাধিক সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধি অংশ নিচ্ছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/এম/১৮৩৫ ঘ.