২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চাঙা পুঁজিবাজারে বেড়েছে লেনদেন

শেয়ার কেনার দিকে বিনিয়োগকারীদের ঝোঁক বাড়ায় মঙ্গলবার ঢাকার শেয়ার বাজার ছিল চাঙা। লেনদেন বেড়েছে এ দিন। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের শেয়ার সূচকগুলোরও যথেষ্ঠ ঊর্ধ্বগতি ছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2008, 02:18 PM

Updated : 26 Aug 2022, 01:37 PM

ঢাকা, মার্চ ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেয়ার কেনার দিকে বিনিয়োগকারীদের ঝোঁক বাড়ায় মঙ্গলবার ঢাকার শেয়ার বাজার ছিল চাঙা। লেনদেন বেড়েছে এ দিন। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের শেয়ার সূচকগুলোরও যথেষ্ঠ ঊর্ধ্বগতি ছিল। ডাচ বাংলা ব্যাংকের শেয়ারের দামের সমন্বয় ও বিনিয়োগকারীদের মুনাফা তুলে নেওয়ার কারণে আগেরদিন ঢাকার শেয়ার বাজারে বড় ধরনের দরপতন হয়েছিল। বিনিয়োগ পরামর্শক বশির আহমেদ বলেন, "মুনাফা তুলে নেওয়ার পর শেয়ার কেনার ঝোঁক বাড়বে এটাই স্বাভাবিক। বিনিয়োগকারীরা মঙ্গলবার ব্যাংকের শেয়ার কেনায় বিশেষ আগ্রহী ছিলেন।" ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান নির্বাহী সালাহউদ্দীন আহমেদ খান বলেন, "বাজারে লেনদেন বেড়েছে। বিনিয়োগকারীরা শেয়ার কিনেছেন, বিশেষ করে ব্যাংকের শেয়ারের প্রতি তাদের আগ্রহ বেশি ছিল।" দিনশেষে ডিজিইএন বা সাধারণ শেয়ার সূচক ৫৮ দশমিক ৭৪ পয়েন্ট বা ২ দশমিক ০১ শতাংশ বেড়ে ২৯৭২ দশমিক ০৮ পয়েন্ট হয়। ডিএসআই বা সার্বিক শেয়ার সূচক ৪৫ দশমিক ১৯ পয়েন্ট বা এক দশমিক ৮৩ শতাংশ বেড়ে হয়েছে ২৫১২ দশমিক ৯০ পয়েন্ট। ডিএসই- ২০ ব্লুচিপ শেয়ার সূচক ৪২ দশমিক ০১ পয়েন্ট বা এক দশমিক ৮৫ শতাংশ বেড়ে ২৩০৬ দশমিক ৪২ পয়েন্ট হয়। দিনশেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২৪২ কোটি টাকার এক কোটি ৫১ লাখ ৫০ হাজার ৯১৮টি শেয়ার লেনদেন হয়। আগেরদিনের লেনদেন ছিল ২৩০ কোটি টাকা। ডিএসইতে ৭১টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১৭টির এবং অপরিবর্তিত ছিল ছয়টির দাম। লেনদেনের তালিকার শীর্ষে থাকা বাংলাদেশ পাওয়ার গ্রিড কোম্পানির শেয়ারের দাম ৫ দশমিক ২৪ শতাংশ বেড়ে হয়েছে ৬৮৭ টাকা। এবি ব্যাংকের শেয়ারের দাম এক দশমিক ১৬ শতাংশ বেড়ে ৩৩০৪ টাকা ৭৫ পয়সা হয়। স্কয়ার ফার্মার শেয়ারের দাম ২ দশমিক ২৩ শতাংশ বেড়ে ৩৮৯৩ টাকা ২৫ পয়সায় পৌঁছায়। উত্তরা ব্যাংকের শেয়ারের দাম ৭ দশমিক ৭২ শতাংশ বেড়ে ৪৯৬৭ টাকা ২৫ পয়সা হয়। বেক্সিমকো ফার্মার শেয়ার এক দশমিক ২৮ শতাংশ বেড়ে ৭৯ টাকা ১০ পয়সা হয়েছে। অন্যান্য প্রতিষ্ঠানের মধ্যে ডেসকো, অ্যাপেক্স আদেলচি ফুটওয়্যার, আইএফআইসি ব্যাংক, লঙ্কা বাংলা ফাইন্যান্স ও লাফার্জ সুরমা সিমেন্টের শেয়ারের দাম বেড়েছে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সব শেয়ার সূচক বেড়েছে। সিএসইতে ৩৬ কোটি ৫৩ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়। এই বাজারে ১০৭টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, ৩৫টির দাম কমেছে এবং একটির দাম অপরিবর্তিত ছিল। সিএএসপিআই বা সার্বিক শেয়ার সূচক ২৩৯ দশমিক ৮৮ পয়েন্ট বা ৩ দশমিক ০৫ শতাংশ বেড়ে ৮০৯১ দশমিক ২৫ পয়েন্ট হয়। সিএসসিক্স বা নির্দিষ্ট শ্রেণীর শেয়ার সূচক ১৭১ দশমিক ২৩ পয়েন্ট বা ৩ দশমিক ৩৯ শতাংশ বেড়ে হয়েছে ৫২০৯ দশমিক ৮৯ পয়েন্ট। এছাড়া সিএসই- ৩০ ব্লুচিপ শেয়ার সূচক ১২২ দশমিক ৭৫ পয়েন্ট বা এক দশমিক ৮০ শতাংশ বেড়ে ৬৯২৬ দশমিক ৯১ পয়েন্ট হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএইচএন/টিএইচ/এসএনডি/২০০৭ ঘ.