চট্টগ্রাম, মার্চ ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে আন্তর্জাতিক বাণিজ্য মেলা ২০০৮ এর আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়েছে। তবে মেলায় বিক্রি চলবে ২৮ মার্চ পর্যন্ত।
মঙ্গলবার সকালে আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা এ এফ হাসান আরিফ বাণিজ্য মেলার সমাপনী ঘোষণা করেন।
এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, "বাংলাদেশ বিশ্বের দরিদ্রতম দেশের বৃত্ত থেকে বেরিয়ে এসেছে। এ ক্ষেত্রে দেশের ব্যবসায়ীদের ভূমিকাই সবচেয়ে বেশি।" দেশের অগ্রগতির জন্য সরকারি ও বেসরকারি খাতকে পরস্পর বিরোধী না ভেবে সহযোগী হিসেবে কাজ করতে উপদেষ্টা ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান।
উপদেষ্টা বলেন, কোটা প্রথা তুলে দেওয়ায় গার্মেন্টস শিল্পে যে বির্পযয়ের আশঙ্কা করা হয়েছিল তা ব্যবসায়ীরা কাটিয়ে উঠেছেন এবং বিশ্ব বাজারে নিজেদের সম্মানজনক অবস্থান তৈরি করতে পেরেছেন।
চট্টগ্রাম বন্দর আর্ন্তজাতিক মানের হওয়া সত্ত্বেও অতীতে সে সেবা দেওয়া সম্ভব হয়নি উল্লেখ করে আইন উপদেষ্টা বলেন, "বর্তমান সরকারের আমলে বন্দরের অভ্যন্তরীণ পরিস্থিতির উন্নতি হয়েছে এবং অচিরেই তা বিশ্বমানের বন্দরে পরিণত হবে।"
উপদেষ্টা বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্ববাজারে টিকে থাকতে পণ্যের গুণগত মান বাড়ানোর পাশাপাশি দক্ষ মানবসম্পদ তৈরির ওপর জোর দিতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান।
চট্টগ্রাম চেম্বারের সভাপতি সাইফুজ্জামান চৌধুরী জাবেদের সভাপতিত্বে সমাপণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র এম মনজুর আলম। অন্যদের মধ্যে চেম্বারের সিনিয়র সহ-সভাপতি এম এ লতিফ, সহ-সভাপতি মাহবুবুল আলম ও মেলা কমিটির চেয়ারম্যান সৈয়দ জামাল আহমেদ বক্তব্য রাখেন।
সমাপনী অনুষ্ঠানে ইউনিলিভার ও অটবিকে যথাক্রমে শ্রেষ্ঠ স্টল ও মেগা প্যাভেলিয়ানের জন্য পুরস্কার দেওয়া হয়।
মেলা কমিটির চেয়ারম্যান সৈয়দ জামাল আহমেদ জানান, গত ১৯ ফেব্র"য়ারি থেকে মাসব্যাপী এই বাণিজ্য মেলা মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে শেষ হলেও মেলায় ২৮ মার্চ পর্যন্ত বিক্রি চলবে।
তিনি জানান, এবারের মেলায় পাকিস্তান, থাইল্যান্ড, ভারত, ইরান ও মায়ানমারসহ দেশের বিভিন্ন কোম্পানির মোট ৩৬টি প্যাভিলিয়ান ও ২৬২ টি স্টল অংশ নিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমএআর/এমএসবি/১৮৫০ ঘ.
bdnews24