২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চলমান খাদ্য সঙ্কট মোকাবেলায় বাংলাদেশকে সহায়তায় দেবে এডিবি

বাংলাদেশে চলমান খাদ্য সঙ্কট মোকাবেলায় সহায়তার আশ্বাস দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। সোমবার দুপুরে শেরে বাংলা নগরে পরিকল্পনা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সফররত এডিবির দক্ষিণ এশিয়া বিষয়ক মহাপরিচালক কুনিও সেনগা অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. এবি মির্জ্জা আজিজুল ইসলামের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ আশ্বাসের কথা জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2008, 07:57 AM

Updated : 26 Aug 2022, 01:36 PM

ঢাকা, মার্চ ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশে চলমান খাদ্য সঙ্কট মোকাবেলায় সহায়তার আশ্বাস দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। সোমবার দুপুরে শেরে বাংলা নগরে পরিকল্পনা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সফররত এডিবির দক্ষিণ এশিয়া বিষয়ক মহাপরিচালক কুনিও সেনগা অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. এবি মির্জ্জা আজিজুল ইসলামের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ আশ্বাসের কথা জানান। তিনি বলেন, "আমরা বাংলাদেশের খাদ্য সঙ্কটের বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছি। সরকার চাইলে অবশ্যই এডিবি এ সঙ্কট মোকাবেলায় সহায়তার হাত বাড়িয়ে দেবে।" অর্থ উপদেষ্টা এবি মির্জ্জা আজিজুল ইসলাম বলেন, "বৈঠকে আমাদের খাদ্য সঙ্কটের বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। এ সমস্যার সমধানে তারা (এডিবি) আমাদের সহায়তা করতে চায়। তারা দুইভাবে বাংলাদেশের এ সমস্যা সমাধানে সহায়তা করতে পারে। একটি হচ্ছে বাজেট সহায়তা বাড়ানোর মাধ্যমে, অন্যটি সরাসরি খাদ্য সহায়তা দিয়ে। তবে এডিবি সাধারণত সরাসরি খাদ্য সহায়তা দেয় না।" এক্ষেত্রে তারা বাংলাদেশকে কিভাবে সহায়তা করবে এডিবি সে বিষয়টি নিয়ে চিন্তা-ভাবনা করছে বলে অর্থ উপদেষ্টা জানান। কুনিও সেনগা বলেন, "বাংলাদেশের উন্নয়নে এডিবির সহায়তা অব্যাহত রয়েছে। ২০০৭ সালে বিভিন্ন খাতে এডিবি বাংলাদেশকে এক বিলিয়ন ডলার সহায়তা দিয়েছে। ভবিষ্যতে এ সহায়তা আরো বাড়ানো হবে।" তিনি বলেন, "খাদ্য দ্রব্যের দাম অস্বাভাবিক হারে বেড়ে যাওয়ায় বাংলাদেশের গরীব মানুষ সবচে সমস্যার মধ্যে আছে। তাদেরকে কম দামে খাদ্য সরবরাহ করতে হবে।" নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে এ সঙ্কট মোকাবেলা করতে হবে বলেও মন্তব্য করেন তিনি। পরে অর্থ উপদেষ্টা বলেন, "বিদ্যুৎ, শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ খাতে এডিবি সহায়তা করছে। বন্যা ও সিডরের ক্ষতি পুষিয়ে নিতে তারা পাঁচটি সহায়তা দিচ্ছে। পদ্মা সেতুর নির্মাণে ৩৫০ মিলিয়ন ডলার ঋণ সহায়তা দেবে বলে আগেই প্রতিশ্র"তি দিয়েছিল। সোমবারের বৈঠকে তারা এ সহায়তা বাড়ানোর আশ্বাস দিয়েছে।" বৈঠকে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব আমিনুল ইসলাম ভূঁইয়া, এডিবির আবাসিক প্রতিনিধি হুয়া দু উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এএল/এমএ/১৩৫০ঘ.