২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সপ্তাহ শেষে পুঁজিবাজার চাঙা

বিনিয়োগকারীদের শেয়ার কেনা বেড়ে যাওয়ায় বৃহস্পতিবার ঢাকার বাজারে শেয়ারের সাধারণ সূচক তিন হাজার পয়েন্ট পার করেছে। এদিন ওষুধ, সিমেন্ট, মিউচুয়াল ফান্ড ও ব্যাংকের পাশাপাশি কম জনপ্রিয় প্রতিষ্ঠানগুলোর শেয়ারের বিক্রি বাড়ায় লেনদেনও বেড়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2008, 02:29 PM

Updated : 26 Aug 2022, 01:35 PM

ঢাকা, মার্চ ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিনিয়োগকারীদের শেয়ার কেনা বেড়ে যাওয়ায় বৃহস্পতিবার ঢাকার বাজারে শেয়ারের সাধারণ সূচক তিন হাজার পয়েন্ট পার করেছে। এদিন ওষুধ, সিমেন্ট, মিউচুয়াল ফান্ড ও ব্যাংকের পাশাপাশি কম জনপ্রিয় প্রতিষ্ঠানগুলোর শেয়ারের বিক্রি বাড়ায় লেনদেনও বেড়েছে। মধ্যস্ততাকারী প্রতিষ্ঠান লতিফ সিকিউরিটিজের এক কর্মকর্তা জানান, দিনভর কম জনপ্রিয় অনেক প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন চলেছে। উল্লেখযোগ্য পরিমাণ 'জেড' শ্রেণীর শেয়ারের বিক্রিও ছিল বেশ ভালো। ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান নির্বাহী সালাহউদ্দীন আহমেদ খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ব্যাংকগুলো লভ্যাংশ ঘোষণা শেষ করায় বিনিয়োগকারীরা কমদামের শেয়ারের প্রতি আগ্রহী হয়ে ভাগ্য যাচাইয়ের জন্য সেগুলো কিনছেন।" দিনশেষে ডিজিইএন বা সাধারণ শেয়ার সূচক ৩৯ দশমিক ০৭ পয়েন্ট বা এক দশমিক ৩০ শতাংশ বেড়ে ৩০২৫ দশমিক ৪৮ পয়েন্ট হয়। ডিএসআই বা সার্বিক শেয়ার সূচক ৩২ পয়েন্ট বা এক দশমিক ২৬ শতাংশ বেড়ে হয়েছে ২৫৫৪ দশমিক ৭৩ পয়েন্ট। ডিএসই- ২০ ব্লুচিপ শেয়ার সূচক ৩২ দশমিক ২৭ পয়েন্ট বা এক দশমিক ৪৪ শতাংশ বেড়ে ২২৫৮ দশমিক ৮৬ পয়েন্ট হয়। দিনশেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৩২ কোটি টাকার ২ কোটি ৫৪ লাখ এক হাজার ৮৩৭টি শেয়ার লেনদেন হয়। ডিএসইতে ১৮০টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৭৪টির এবং অপরিবর্তিত ছিল দু'টির দাম। লেনদেনের তালিকার শীর্ষে থাকা স্কয়ার ফার্মার শেয়ারের দাম ৩ দশমিক ৮০ শতাংশ বেড়ে হয়েছে ৩৮৬৯ টাকা ২৫ পয়সা। বেক্সিমকো ফার্মার শেয়ারের দাম ৫ দশমিক ৭১ শতাংশ বেড়ে ৭৫ টাকা ৮০ পয়সা হয়। পাওয়ার গ্রিড কোম্পানির শেয়ারের দাম ৪ দশমিক ৩৬ শতাংশ বেড়ে ৬৫১ টাকা ২৫ পয়সায় পৌঁছায়। এবি ব্যাংকের শেয়ারের দাম দশমিক ২৮ শতাংশ কমে ৩১৮২ টাকা হয়। লাফার্জ সুরমা সিমেন্টের শেয়ার ৭ দশমিক ৪১ শতাংশ বেড়ে ৫৩২ টাকা ২৫ পয়সা হয়েছে। সেরা দশে থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে গ্রামীণ মিউচুয়াল ফান্ড ওয়ান ও হাইডেলবার্গ সিমেন্টের দাম কমলেও আইসিবি ফার্স্ট এনআরবি মিউচুয়াল ফান্ড, অ্যাপেক্স আদেলচি ফুটওয়্যার ও স্কয়ার টেক্সটাইলের শেয়ারের দাম বেড়েছে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সব শেয়ার সূচকও ঊর্ধ্বমুখী ছিল। সিএসইতে ৪৯ কোটি ৬৭ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়। এই বাজারে ১১১টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, ৪৫টির দাম কমেছে এবং চারটির দাম অপরিবর্তিত ছিল। সিএএসপিআই বা সার্বিক শেয়ার সূচক ১০০ দশমিক ৯৫ পয়েন্ট বা এক দশমিক ৩০ শতাংশ বেড়ে ৭৮৪৭ দশমিক ৪০ পয়েন্ট হয়। সিএসসিক্স বা নির্দিষ্ট শ্রেণীর শেয়ার সূচক ৪৪ দশমিক ৯৬ পয়েন্ট বা দশমিক ৬৬ শতাংশ বেড়ে হয়েছে ৪৯৬৪ দশমিক ৫৪ পয়েন্ট। এছাড়া সিএসই- ৩০ ব্লুচিপ শেয়ার সূচক ৪৪ দশমিক ৯৬ পয়েন্ট বা দশমিক ৬৬ শতাংশ বেড়ে ৬৭৯৮ দশমিক ৭৯ পয়েন্ট হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএইচএন/টিএইচ/এসএনডি/২০২৩ ঘ.