ঢাকা, মার্চ ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী মাস থেকে কল সেন্টারের লাইসেন্স দেওয়া শুরু করবে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এ ব্যাপারে চলতি মাসের শেষ সপ্তাহে চূড়ান্ত নীতিমালা প্রকাশ করা হবে।
বুধবার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে কল সেন্টার লাইসেন্স বিষয়ে গণশুনানি শেষে এসব তথ্য জানায় বিটিআরসি কর্তৃপক্ষ।
সংস্থার চেয়ারম্যান মঞ্জুরুল আলম বলেন, "এ মাসের শেষ সপ্তাহে চূড়ান্ত নীতিমালা প্রকাশ করা হবে। গণশুনানি থেকে প্রাপ্ত মতামত খসড়ার সঙ্গে সমন্বয় করা হবে। এপ্রিলের প্রথম দিকে আবেদন আহ্বান করে ওই মাস থেকেই লাইসেন্স দেওয়া শুরু হবে।"
তিনি জানান, প্রস্তাবিত নীতিমালা অনুসারে ঢাকা ও চট্টগ্রামে কল সেন্টার স্থাপন করা হলে তিন বছরের জন্য 'রেভিনিউ শেয়ারিং হলিডে' (আয়ের অংশীদারিত্ব ছাড়) দেওয়া হবে। অন্যান্য এলাকার জন্য দেওয়া হবে পাঁচ বছরে 'রেভিনিউ শেয়ারিং হলিডে' এবং এ মেয়াদ শেষে কল সেন্টারগুলোকে বিটিআরসি সঙ্গে শূণ্য দশমিক ৫০ ভাগ শেয়ার ভাগাভাগি করতে হবে।
তিনটি শ্রেণীতে আভ্যন্তরীণ ও আন্তর্জাতিক কল সেন্টার সেবার জন্য লাইসেন্স দেওয়া হচ্ছে। এদের মধ্যে 'হোস্টেড কল সেন্টার সার্ভিস প্রোভাইডার' স্থাপনের জন্য সর্বোচ্চ ৪০ ভাগ বিদেশি বিনিয়োগ করা হবে এবং 'কল সেন্টার' ও 'হোস্টেড কল সেন্টার' এর ক্ষেত্রে ২৫ ভাগ বিদেশি বিনিয়োগ করা যাবে।
কল সেন্টার স্থাপনের প্রথম বছর প্রয়োজন অনুসারে বিদেশি জনবল নিয়োগ দেওয়া যাবে। তবে এক বছর পর থেকে সর্বোচ্চ ১০ ভাগ নিয়োগ দেওয়া যাবে।
প্রতিটি শ্রেণীর কল সেন্টারের জন্য পাঁচ হাজার টাকা লাইসেন্স ফি দিতে হবে। পাঁচ বছরের জন্য লাইসেন্স দেওয়া হবে। এর মধ্যে কোনো নবায়ন ফি দিতে হবে না।
বিটিআরসির কর্মকর্তা আবদুল্লাহ ফেরদৌস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আমরা চাই দেশি জনবল দিয়ে কল সেন্টার পরিচালিত হোক। তবে দক্ষতা বৃদ্ধির জন্য বিদেশি জনবল নিয়োগের সুযোগ দেওয়া হয়েছে। এক বছর পর থেকে এটা সীমিত করা হয়েছে।
দেশে প্রথম বারের মতো কোনো নীতি তৈরির জন্য আয়োজিত এ গণশুনানি থেকে পাওয়া মতামত খসড়া নীতিমালার সঙ্গে সমন্বয় করে চূড়ান্ত করা হবে। গণশুনানিতে ২ হাজার ১০০ জন অংশ নেন। সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দু'পর্বে শুনানি অনুষ্ঠিত হয়।
কল সেন্টারগুলো থেকে গ্রাহকদের কল গ্রহণ ছাড়াও 'ডাটা ও ইনফরমেশন প্রসেসিং'সহ বিভিন্ন সেবা দেওয়া হবে। এর মধ্যে রয়েছে বিক্রি ও বিপণন, প্রশাসনিক সহায়তা (যেমন তথ্য সংরক্ষণ), অর্থ ও হিসাবরক্ষণ, মানবসম্পদের দক্ষতা বৃদ্ধি ও প্রশিক্ষণ, আইনগত সহায়তা, মেডিকেল ট্রান্সক্রিপশন ইত্যাদি। এ সেবা মূলত 'বিজনেস প্রসেসিং আউটসোর্সিং' হিসাবে পরিচিত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/টিএইচ/এসএনডি/২০২৭ ঘ.
bdnews24