ঢাকা, মার্চ ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মিয়ানমারের চাল রপ্তানি বন্ধ করে দেওয়ার খবরের পরিপ্রেক্ষিতে সরকার বলেছে, বাংলাদেশ এতে ক্ষতিগ্রস্ত হবে না। অর্থ উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলাম বলেছেন, বৃসস্পতিবার মিয়ানমার থেকে ২০ হাজার টন চাল আমদানির যে সিদ্ধান্ত হয়েছে তা বাধাগ্রস্ত হবে না।
খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মোল্লা ওয়াহেদুজ্জামান বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমি শুনেছি, মিয়ানমার সরকার ৩১ মার্চের পর আর চাল রপ্তানি করবে না। শুধু বাংলাদেশ নয়, কোনও দেশকেই তারা চাল দেবে না। তবে এতে আমাদের তেমন কোনো সমস্যা হবে না। কারণ, আমাদের বেশিরভাগ চাল আসে ভারত থেকে। মিয়ানমার থেকে আসে মূলত আতপ চাল।"
এর আগে দুপুরে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে অর্থ উপদেষ্টা মির্জ্জা আজিজুল সাংবাদিকদের বলেন, "নিজের দেশের চাহিদার কথা বিবেচনা করে মিয়ানমার সরকার হয়তো চাল রপ্তানি না করার সিদ্ধান্ত নিয়েছে। তবে আমরা যে ২০ হাজার টন চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে তা চলতি মাসের মধ্যেই চলে আসবে।"
ওই বৈঠকে আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে মিয়ানমার থেকে ২০ হাজার টন আতপ চাল কেনার প্রস্তাব অনুমোদন করা হয়। নরডিক মেরিন লিমিটেড ও আল রোপন ইন্টারন্যাশনাল নামের দুটি প্রতিষ্ঠান টন প্রতি ৩৯৫ দশমিক ৫০ ডলার দরে এই চাল সরবরাহ করবে।
ভারত সরকার বিভিন্ন সময়ে চাল রপ্তানির উপর নিষেধাজ্ঞা ও দাম বাড়িয়ে দেওয়ায় বাংলাদেশ সরকার থাইল্যান্ড, ভিয়েতনাম ও মিয়ানমার থেকে চাল আমদানির উদ্যোগ নেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/জেকে/এমএইচবি/২১০৫ ঘ.
bdnews24