২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'বিশেষ অর্থনৈতিক অঞ্চল' হলে বেসরকারি খাত আরও বিকশিত হবে: সালেহউদ্দিন

বাংলাদেশ ব্যাংকের গভর্ণর ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, অর্থনৈতিক প্রবৃদ্ধির প্রধান খাত বেসরকারি খাত। বিশেষ অর্থনৈতিক অঞ্চল হলে (স্পেশাল ইকনোমিক জোন) এখানে বেসরকারি খাত আরও বিকশিত হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2008, 03:15 PM

Updated : 26 Aug 2022, 01:32 PM

সিলেট, মার্চ ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ ব্যাংকের গভর্ণর ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, অর্থনৈতিক প্রবৃদ্ধির প্রধান খাত বেসরকারি খাত। বিশেষ অর্থনৈতিক অঞ্চল হলে (স্পেশাল ইকনোমিক জোন) এখানে বেসরকারি খাত আরও বিকশিত হবে। তিনি বলেন, "বিশেষ অর্থনৈতিক অঞ্চল হলে বেসরকারি খাতে বিনিয়োগের সুযোগ বাড়বে। প্রবাসীরা এখানে বিনিয়োগের সুযোগ পাবেন।" বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ ব্যাংক সিলেট কার্যালয়ের সম্মেলন কক্ষে সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ও সিলেটের ব্যবসায়ী নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর এ কথা বলেন। ড. সালেহউদ্দিন বলেন, প্রবাসীদের পাঠানো অর্থ বাংলাদেশের আয়ের অন্যতম প্রধান খাত। কিন্তু এই অর্থ খরচ হচ্ছে অনুৎপাদনশীল খাতে। বিশেষ করে সিলেট অঞ্চলে ঘরবাড়ি তৈরি, মাইক্রোবাস কেনাসহ বিভিন্ন ভাবে এই অর্থ খরচ হচ্ছে। তিনি বলেন, বিশেষ অর্থনৈতিক অঞ্চল গঠনের বিষয়টি সরকার গুরুত্বসহকারে নিয়েছে। এর মধ্যে প্রাথমিক প্রক্রিয়াও সম্পন্ন হয়েছে। ব্যবসায়ীদের এক প্রশ্নের জবাবে গভর্নর বলেন, "আমাদের দেশে ব্যাংকের সুদের হার অন্যান্য দেশের চেয়ে বেশি। কিভাবে তা কমানো যায় তা আমরা দেখছি। সুদটাকে সহনীয় পর্যায়ে কিভাবে রাখা যায় সে ব্যাপারে আমরা চিন্তা ভাবনা করব।" তিনি বলেন, সোনালী ব্যাংকের প্রত্যেকটি শাখায় যাতে ট্রেজারি চালান জমা রাখা যায় সে ব্যবস্থা করা হবে। সীমান্ত এলাকায় বাণিজ্যিক ব্যাংকের শাখা খোলার উদ্যোগ নেওয়া হবে। সালেহউদ্দিন আহমেদ জানান, সিলেটে অন্যান্য এলাকার চেয়ে শিল্প প্রতিষ্ঠান কম। শিল্প ও বাণিজ্য উন্নত হলে কর্মসংস্থান বাড়ে, সার্বিকভাবে এলাকা উন্নত হয়। এখানকার প্রবাসী ও ব্যবসায়ীদের এ দিকটি বিবেচনা করে শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে এগিয়ে আসতে হবে। গভর্নর বলেন, "সিলেটে সহজেই ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলা সম্ভব। এ ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক সব ধরনের সহযোগিতা দেবে।" অর্থনৈতিক উন্নয়নে নারীদের সম্পৃক্ত করার ওপর গুরুত্ব আরোপ করে তিনি বলেন, "প্রত্যেকটি ব্যাংকে 'স্পেশাল উইমেন' ডেস্ক করা হবে। যাতে নারীরা ব্যাংকিং খাতে কাজ করতে আগ্রহী হন। নারীরা কোনো প্রকল্প প্রস্তাব দিলে যাতে তাদের সাহায্য করা হয় এ ব্যাপারে ব্যাংক কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।" সরকারি ব্যাংকের সেবা নিয়ে ব্যবসায়ীদের অসন্তোষ প্রসঙ্গে গভর্নর বলেন, "এটা দীর্ঘদিনের অভ্যাসের ফসল। এখন যথেষ্ট উন্নত করা হচ্ছে। কেন্দ্রীয় ব্যাংক সব সময় এ বিষয়টি পর্যবেক্ষণ করছে। তিনি বলেন, বেসরকারি ব্যাংক যাতে কৃষিখাতে ঋণ দেয় সে ব্যাপারে ব্যবস্থা নেওয়া হয়েছে। সভায় বাংলাদেশ ব্যাংক সিলেট অফিসের মহাব্যবস্থাপক মো. আহসান উল্লাহ, বিনিয়োগ বোর্ড সিলেটের উপ পরিচালক এম এমদাদুল হক, সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি জুন্নুন মাহমুদ খান, রপ্তানিকারক মিছবাহ উদ্দিন চৌধুরী, কয়লা আমদানিকারক হাজী মো. দেলওয়ার হোসেন, সিলেট ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল হান্নান চৌধুরী প্রমুখ বক্তব্য দেন। মতবিনিময় সভা শেষে গভর্নর সিলেটের এনজিও প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন। এর আগে সকালে তিনি বাংলাদেশ ব্যাংক সিলেট কার্যালয়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এমএসবি/২১০৫ ঘ.