২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকার পুঁজি বাজারে মন্দা চলছে

বুধবার টানা দ্বিতীয় দিনের মতো ঢাকার শেয়ার বাজারে ছিল মন্দাভাব। ঢাকা স্টক এক্সচেঞ্জের সবগুলো শেয়ারসূচকই কমেছে এদিন। আগের দিনের চেয়ে লেনদেনও কমেছে প্রায় একশ কোটি টাকারও বেশি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2008, 04:04 PM

Updated : 26 Aug 2022, 01:32 PM

ঢাকা, মার্চ ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বুধবার টানা দ্বিতীয় দিনের মতো ঢাকার শেয়ার বাজারে ছিল মন্দাভাব। ঢাকা স্টক এক্সচেঞ্জের সবগুলো শেয়ারসূচকই কমেছে এদিন। আগের দিনের চেয়ে লেনদেনও কমেছে প্রায় একশ কোটি টাকারও বেশি।

ডিএসইর সাধারণ শেয়ারসূচক বা ডিজিইএন সূচক দশমিক ৮৭ শতাংশ কমে হয়েছে ৩ হাজার ৮ দশমিক ২৯। আগের দিনের ৪০৯ কোটি টাকা থেকে কমে লেনদেন পরিমাণ দাঁড়িয়েছে ২৯৩ কোটি টাকা।

ডিএসইতে এদিন মোট ২৪৯টি কোম্পানির ১ কোটি ৯১ লাখ ৭৮ হাজার ৬৫৫টি শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে দাম বেড়েছে ১২৩টি কোম্পানির, কমেছে ১২২টির আর অপরিবর্তিত ছিল চারটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।

লেনদেনের তালিকার শীর্ষে থাকা এবি ব্যাংক ও গ্রামীন ফার্স্ট মিউচুয়াল ফান্ডের শেয়ারের দাম কমেছে। ৪ দশমিক ৭৬ শতাংশ কমে এবি ব্যাংকের শেয়ার দিনশেষে বিক্রি হয়েছে ৩ হাজার ৩৯২ টাকায়, আর ৬ দশমিক ১৯ শতাংশ কমে গ্রামীণ ফার্স্ট মিউচুয়াল ফান্ডের শেয়ারের দাম হয়েছে ১২২ টাকা ৭০ পয়সা।

তবে বেড়েছে সেরা পাঁচে থাকা অন্য তিনটি কোম্পানির শেয়ারের দাম। যমুনা অয়েলের শেয়ারের দাম ৬ দশমিক ৭৫ শতাংশ বেড়ে ৩০৩ টাকা ৩০ পয়সা, অ্যাপেক্স ফুটওয়্যারের শেয়ারের দাম ২ দশমিক ৭৪ শতাংশ বেড়ে ২ হাজার ৮৯৯ টাকা ৭৫ পয়সা এবং এসিআইয়ের শেয়ারের দাম ৬ দশমিক ৩৫ শতাংশ বেড়ে ২২৯ টাকা ২০ পয়সা হয়েছে।

সেরা দশে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে মেঘনা পেট্রোলিয়াম ও লাফার্জ সুরমা সিমেন্টের শেয়ারের দাম বেড়েছে আর আইএফআইসি ব্যাংক, স্কয়ার ফার্মা ও ইউসিবিএলের শেয়ারের দাম কমেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/এমএইচবি/২১৪৫ ঘ.