২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সব সময়ের জন্য কর অবকাশ সুবিধার পক্ষে এনবিআর চেয়ারম্যান

শিল্পখাত বিকাশের জন্য কর অবকাশ সুবিধা (ট্যাক্স হলিডে বা ট্যাক্স ব্রেক) সব সময় বহাল থাকা উচিত- মনে করেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মজিদ। তবে তিনি চান সব খাতের জন্য ঢালাওভাবে এ সুবিধা না দিয়ে সক্ষমতা-অক্ষমতা বিচার করে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত খাতভিত্তিক এ সুবিধা দেওয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2008, 01:13 PM

Updated : 26 Aug 2022, 01:32 PM

ঢাকা, মার্চ ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শিল্পখাত বিকাশের জন্য কর অবকাশ সুবিধা (ট্যাক্স হলিডে বা ট্যাক্স ব্রেক) সব সময় বহাল থাকা উচিত- মনে করেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মজিদ। তবে তিনি চান সব খাতের জন্য ঢালাওভাবে এ সুবিধা না দিয়ে সক্ষমতা-অক্ষমতা বিচার করে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত খাতভিত্তিক এ সুবিধা দেওয়া। বুধবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় এনবিআর সম্মেলন কক্ষে তৈরি পোশাক খাত নিয়ে প্রাক বাজেট আলোচনায় বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) ও বাংলাদেশ নিট পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়ের সময় এনবিআর চেয়ারম্যান সব সময়ের জন্য কর অবকাশ সুবিধা বহালের পক্ষে মত দেন। আবদুল মজিদ বলেন, "পৃথিবীর সব দেশেই ট্যাক্স হলিডে সুবিধা আছে। শিল্পখাতের বিকাশের জন্যই এ সুবিধা দেওয়া হয়ে থাকে। তবে এ সুবিধা সব খাতের জন্য ঢালাওভাবে দেওয়া উচিত নয়। যে সব খাত ইতিমধ্যেই সক্ষমতা অর্জন করেছে সে সব খাতে এ সুবিধা অব্যাহত না রেখে যেগুলো এখনও সক্ষমতা অর্জন করতে পারেনি সেগুলোতে একটি নির্দিষ্ট সময়ের জন্য ট্যাক্স হলিডে সুবিধা দেওয়া যেতে পারে" এনবিআর চেয়ারম্যান বলেন, "আগামী বাজেট হবে বিভিন্ন খাত সহায়ক একটি গণমুখী বাজেট। দেশীয় শিল্পখাত যাতে বিকাশ লাভ করে সেজন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।" পোশাক শিল্পের বিভিন্ন যন্ত্রপাতি আমদানিতে শুল্ক কমানোর দাবি প্রসঙ্গে আবদুল মজিদ বলেন, "সবাই শুধু শুল্ক কমাতে চায়। কেউ বলে না ওই খাতে শুল্ক বাড়িয়ে দেন।" বিকেএমইএ সভাপতি ফজলুল হক বেনাপোল স্থলবন্দর দিয়ে সুতা আমদানির সময় কাস্টমস কর্মকর্তাদের হয়রানির অভিযোগ করেন। তিনি ইপিজিডের মতো বাইরের পোশাক করখানাগুলোতেও একই ধরনের সুযোগ সুবিধা দেওয়ার দাবি জানান। বিজিএমইএ'র প্রতিনিধি রাশেদ আলম চৌধুরী বলেন, "চলতি বছরের জুন শেষে তৈরি পোশাক খাতে কর অবকাশ সুবিধা উঠে যাবে। এ সুবিধার মেয়াদ বাড়ানো প্রয়োজন।" আন্তর্জাতিক বাজারে তৈরি পোশাকের দাম কমে যাওয়ায় উদ্বেগ পকোশ করেন সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) প্রতিনিধি মোয়াজ্জেম হোসেন। তিনি বলেন, "ছোট কারখানাগুলোকে এ পরিস্থিতিতে প্রতিযোগিতা করে টিকে থাকা কঠিন হয়ে দাঁড়িয়েছে। এসব কারখানা টিকিয়ে রাখতে সরকারি সহায়তা প্রয়োজন।" ২০০৭-০৮ অর্থবছরের বাজেট সামনে রেখে ২২টি খাতের প্রতিনিধিদের সঙ্গে ধারাবাহিক বৈঠকের অংশ হিসেবে বুধবার বিজিএমইএ ও বিকেএমইএ এর সঙ্গে বৈঠক করে এনবিআর। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এসএনডি/এমএ/১৯০৬ঘ.