ঢাকা, মার্চ ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণহীন ঊর্ধ্বগতিতে উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ। তিনি পণ্যমূল্য সহনীয় পর্যায়ে নামিয়ে আনতে সরকারী সংস্থাগুলোর তদারকি জোরদার করার পাশাপাশি ব্যবসায়ীদের অতিরিক্ত মুনাফা না করে কম লাভে পণ্য বিক্রি করার আহ্বান জানিয়েছেন।
মঙ্গলবার দুপুরে নিজ কার্যালয়ে অর্থ উপদেষ্টা মির্জ্জা আজিজুল ইসলাম, বাণিজ্য উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান এবং ব্যবসায়ীদের সঙ্গে এক জরুরি বৈঠকে প্রধান উপদেষ্টা এ আহ্বান জানান।
বৈঠকশেষে বিকেলে বাণিজ্য মন্ত্রণালয়ে এক সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে বাণিজ্য উপদেষ্টা বলেন, ''দেশের সার্বিক বাজার ব্যবস্থা নিয়ে প্রধান উপদেষ্টা বিশেষভাবে কনসার্নড (উদ্বিগ্ন)। তিনি (ওআইসি সম্মেলনের জন্য) কয়েকদিন দেশে থাকবেন না। এ কারণে সেনেগাল যাওয়ার আগে দ্রব্যমূল্য পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য আমাদের ও ব্যবসায়ীদের সঙ্গে জরুরি বৈঠক করেছেন।"
উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান বলেন, "বৈঠকে প্রধান উপদেষ্টা দ্রব্যমূল্য পরিস্থিতি সরকারের মনোযোগের শীর্ষে চলে এসেছে উল্লেখ করে সংশ্লিষ্ট সংস্থাগুলোর তদারকি ব্যবস্থা জোরদার করতে বলেছেন। একইসঙ্গে তিনি দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে নামিয়ে আনতে ব্যবসায়ীদের কম লাভে পণ্য বিক্রি করতে আহ্বান জানিয়েছেন।''
বাজার স্থিতিশীল রাখতে বৈঠকে সুনির্দিষ্ট কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানিয়ে বাণিজ্য উপদেষ্টা বলেন, নতুন কিছু কৌশল গ্রহণেরও সিদ্ধান্ত হয়েছে। তবে সেগুলো তাৎক্ষণিকভাবে না জানিয়ে তিনি বলেন, "এখন বলা যাবে না। খুব শিগগিরই সংবাদ সম্মেলন করে ঐ সব সিদ্ধান্তের কথা জানানো হবে।"
হোসেন জিল্লুর আরও বলেন, "সুষ্ঠু বাজার ব্যবস্থার জন্য যা যা করা দরকার সরকার তাই করবে। মুক্তবাজার অর্থনীতিতে সরকার বাজারে অযাচিত হস্তক্ষেপ বা নিয়ন্ত্রণ করবে না। তবে বাজার স্থিতিশীল রাখতে সরকারেরও একটা দায়িত্ব আছে। সে দায়িত্ব সরকার অবশ্যই সুষ্ঠুভাবে পালন করবে।"
বাণিজ্য উপদেষ্টা জানান, টিসিবিকে ঢেলে সাজানোর প্রয়োজন হলে তা করা হবে। বিডিআর-এর আরও বেশি সহায়তা প্রয়োজন হলে তা-ও নেওয়া হবে। বিষয়টিকে সরকার 'খুবই গুরুত্বের সঙ্গে' নিয়েছে বলে তিনি নম্ততব্য করেন।
বাজার নিয়ন্ত্রণের জন্য দীর্ঘমেয়াদে কিছু পরিকল্পনা গ্রহণ করা হবে বলেও জানান বাণিজ্য উপদেষ্টা।
হোসেন জিল্লুর বলেন, ৩ মার্চ থেকে ভোজ্য তেলের দাম আবার বেড়ে যাওয়ার কারণ জানতে বাণিজ্য মন্ত্রণালয় থেকে কয়েকজন তেল ব্যবসায়ীকে চিঠি দেয়া হয়েছে। ২/৩ দিন ধরে আন্তর্জাতিক বাজারে দাম কিছুটা কমার কথা উল্লেখ করে তিনি বলেন, স্থানীয় বাজারে তার কোনো ইতিবাচক প্রভাব পড়েনি। ভোজ্য তেলের দাম নির্ধারণ করে না দিলে বাজার আরও অস্থিতিশীল হতো বলে মন্তব্য করেন উপদেষ্টা।
তিনি বলেন, "বাজার স্থিতিশীল রাখতে আমরা মনিটরিং ব্যবস্থা জোরদার করছি। একইসঙ্গে কৌশল বদলাচ্ছি। আশা করছি ইতিবাচক ফল পাওয়া যাবে।"
বৈঠকে অর্থ সচিব মোহাম্মদ তারেক, বাণিজ্য সচিব ফিরোজ আহমেদ, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মজিদ, বাংলাদেশ ব্যাংকসহ অন্যান্য সংস্থার প্রতিনিধি ও ভোজ্য তেল ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এসকে/২০৫৩ঘ.
bdnews24