চট্টগ্রাম, মার্চ ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--চট্টগ্রামের পাইকারি বাজার খাতুনগঞ্জে চারদিনের ব্যবধানে সয়াবিন ও পামতেলের দাম মণ প্রতি দেড়শ' টাকা কমেছে। আর্ন্তজাতিক বাজারে দাম কমে যাওয়া এর কারণ বলে ব্যবসায়ীরা জানিয়েছেন।
খাতুনগঞ্জের কয়েকজন পাইকারি ব্যবসায়ীর সঙ্গে কথা বলে জানা গেছে, আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেল, বিশেষ করে পামতেলের দাম কমে যাওয়ায় এখানে এই প্রভাব পড়েছে।
তবে পাইকারি বাজারে কমলেও খুচরা বাজারে আগের দামেই ভোজ্যতেল বিক্রি হচ্ছে।
বিক্রেতারা জানান, সোমবার খাতুনগঞ্জে সয়াবিন তেল বিক্রি হয়েছে মণ ৩৮৫০ থেকে ৩৯শ' টাকায়। পাম অয়েল বিক্রি হয়েছে ৩৫০০ থেকে ৩৫৭০ টাকায়। দাম কমে যাওয়ায় পাইকারি বাজারে বেচাবিক্রিও কমে গেছে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন ভোজ্যতেল ব্যবসায়ী সোমবার সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আন্তর্জাতিক বাজারে গত বৃহস্পতিবার থেকে পামতেলের দর পতন শুরু হয়। এ তথ্য স্থানীয় বাজারে তাৎক্ষণিকভাবে ছড়িয়ে পড়ে বলে এখানেও দাম কমতে শুরু করে।
পাইকারি ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, একদিনের ব্যবধানে খাতুনগঞ্জে সয়াবিনের দাম কমেছে মণপ্রতি দেড়শ' থেকে দুই শ' টাকা। গত শনিবার সয়াবিনের দাম ছিল মণপ্রতি চার হাজার টাকা। পরদিন অর্থাৎ রোববারও এ দাম স্থির থাকে। সোমবার তা আরেক দফা কমে দাঁড়ায় ৩৮৫০ থেকে ৩৯০০ টাকায়।
অন্যদিকে, পাম অয়েলের ডিও (সরবরাহ আদেশ) শনিবার বিক্রি হয়েছে মণ ৩৭০০ টাকা করে। পরদিন তা কমে ৩৬১০ থেকে ৩৬২০ টাকায় বিক্রি হয়েছে। সোমবার তা আরও কমে হয় ৩৫৫০ থেকে ৩৫৭০ টাকা।
পাইকারি ব্যবসায়ী মোহাম্মদ এমরাজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার থেকে আন্তর্জাতিক বাজারে পামতেলের দাম কমতে থাকায় দেশের বাজারেও এর প্রভাব পড়তে শুরু করে। সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার ছাড়া শনিবার, রবি ও সোম এই তিনদিন ধারাবাহিকভাবে কমতে থাকে ভোজ্যতেলের দাম।
মোহাম্মদ এমরাজ জানান, বাজারে পামতেলের ডিও সোমবার বিক্রি হয়েছে প্রতি মণ ৩৫০০-৫০ টাকায়। সয়াবিনের ডিও বিক্রি হয় মণপ্রতি ৩৮৫০/৩৯০০ টাকায়। দাম পড়ে যাওয়ায় তেলের ডিও লেনদেন কমে গেছে।
প্রসঙ্গত, একটি ডিও'র বিপরীতে ১৫০ মণ তেলের সরবরাহ আদেশ থাকে।
খাতুনগঞ্জের পাইকারি ব্যবসায়ী দীন এণ্ড কোং এর মালিক এস এম কামাল উদ্দিন বলেন, একদিনের ব্যবধানে খাতুনগঞ্জে সয়াবিন ও পাম তেলের দাম উল্লেখযোগ্যহারে কমেছে। তিনি বলেন, মোস্তফা সয়াবিন তেল ছাড়া বাকি সব ব্র্যান্ডের তেল বিক্রি হয়েছে মণ ৩৮০০ টাকা বা এর কমে। একমাত্র মোস্তফা সয়াবিন বিক্রি হয়েছে ৩৯০০ টাকা করে।
সোমবারের দর অনুযায়ী কেজি প্রতি পাইকারি দর পড়ে পাম তেল ৯৫ টাকা এবং সয়াবিন ১০৪ দশমিক ৫০ টাকা। কিন্তু খুচরা বাজারে সোমবার পামতেল বিক্রি হয়েছে ১০২ টাকা এবং সয়াবিন ১১৪ টাকা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এসকে/০১২৭ঘ.
bdnews24