২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'সৌদি যুবরাজ রূপালী ব্যাংক কেনার নামে শুধুই কালক্ষেপণ করেছেন'

রূপালী ব্যাংক বিক্রি সংক্রান্ত চুক্তিটি বাতিল করা প্রসঙ্গে সরকার বলেছে, সৌদি যুবরাজ ব্যাংকটি কেনার নামে প্রায় দেড় বছর ধরে শুধুই 'কালক্ষেপণ' করেছেন। বেসরকারীকরণ কমিশন এক প্রতিবেদনে বলেছে, এই সময়ের মধ্যে সৌদি যুবরাজ বন্দর বিন মোহাম্মদ বিন আব্দুল রহমান আল সৌদ সেলস অ্যান্ড পারচেজ এগ্রিমেন্টে (এসপিএ) সই না করে সরকারের সঙ্গে করা প্রাথমিক চুক্তিও ভঙ্গ করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2008, 05:27 PM

Updated : 26 Aug 2022, 01:31 PM

ঢাকা, মার্চ ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রূপালী ব্যাংক বিক্রি সংক্রান্ত চুক্তিটি বাতিল করা প্রসঙ্গে সরকার বলেছে, সৌদি যুবরাজ ব্যাংকটি কেনার নামে প্রায় দেড় বছর ধরে শুধুই 'কালক্ষেপণ' করেছেন। বেসরকারীকরণ কমিশন এক প্রতিবেদনে বলেছে, এই সময়ের মধ্যে সৌদি যুবরাজ বন্দর বিন মোহাম্মদ বিন আব্দুল রহমান আল সৌদ সেলস অ্যান্ড পারচেজ এগ্রিমেন্টে (এসপিএ) সই না করে সরকারের সঙ্গে করা প্রাথমিক চুক্তিও ভঙ্গ করেছেন। প্রতিবেদনটি সোমবার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভায় উপস্থাপন করা হয়। অর্থ উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলাম এতে সভাপতিত্ব করেন। বৈঠকে বেসরকারীকরণ কমিশন প্রতিবেদনের সুপারিশের আলোকেই রূপালী ব্যাংক বিক্রির কার্যক্রম বাতিল করার সিদ্ধান্ত হয়। বার বার যোগাযোগের পরও সৌদি যুবরাজের কাছ থেকে কোনো সাড়া না পেয়ে গত ২৮ জানুয়ারি বেসরকারীকরণ কমিশন বিষয়টি নিস্পত্তির জন্য প্রধান উপদেষ্টার কাছে একটি প্রতিবেদন দেয়। এতে বলা হয়, যুবরাজ বন্দর 'বিভিন্ন অজুহাতে' কালক্ষেপণ করছেন এবং এর মাধ্যমে 'প্রাথমিক চুক্তির শর্ত' ভঙ্গ করেছেন। এ কারণে সৌদি যুবরাজের কাছে রূপালী ব্যাংক বিক্রি সংক্রান্ত কার্যক্রম বাতিলের সুপারিশ করে কমিশন। ২০০৩ সালের ৯ আগস্ট অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে রূপালী ব্যাংককে বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার প্রস্তাব অনুমোদন করা হয়। ওই বছরের ৯ ডিসেম্বর অর্থ মন্ত্রণালয় রূপালী ব্যাংককে বিরাষ্ট্রীয়করণের তালিকায় অন্তর্ভুক্ত করার জন্য বেসরকারিকরণ কমিশনকে আনুষ্ঠানিক চিঠি দেয়। ২০০৫ সালের ৫ মে ব্যাংকটির সরকারি মালিকানাধীন ৯৩ দশমিক ২৬ শতাংশ শেয়ারের মধ্যে ৬৭ দশমিক ২৬ শতাংশ শেয়ার বিক্রির জন্য দরপত্র ডাকে বেসরকারিকরণ কমিশন। দেশী-বিদেশী ১০টি প্রতিষ্ঠান ও ব্যক্তি ওই শেয়ার কেনার আগ্রহ দেখালেও শেষ পর্যন্ত সৌদি যুবরাজের দেওয়া সর্বোচ্চ ৩৩ কোটি ডলার বা দুই হাজার ৩১০ কোটি টাকার প্রস্তাবটি চূড়ান্ত অনুমোদন পায়। ২০০৬ সালের ৫ অক্টোবর রূপালী ব্যাংকের ৬৭ দশমিক ২৬ শতাংশ শেয়ার কেনার জন্য সৌদি যুবরাজকে আনুষ্ঠানিকভাবে লেটার অব ইনটেন্ট (এলওআই) ইস্যু করা হয়। এরপর উভয় পক্ষের আলোচনার মাধ্যমে সেলস অ্যান্ড পারচেজ এগ্রিমেন্টের (এসপিএ) খসড়া প্রণয়ন করা হয়। ২০০৬ সালের ৬ ডিসেম্বর খসড়াটি সৌদি যুবরাজের কাছে পাঠায় কমিশন। এ অবস্থায় যুবরাজ সরকারের মালিকানায় থাকা রূপালী ব্যাংকের বাকি ২৫ দশমিক ৮৫ শতাংশ শেয়ারও ১২ কোটি ৮০ লাখ ডলারে কিনে নেওয়ার প্রস্তাব দেন। সরকার তার এ প্রস্তাবটি অনুমোদন করে। ফলে ব্যাংকটির ৯৩ দশমিক ২৬ শতাংশ শেয়ারের মোট মূল্য দাঁড়ায় ৪৫ কোটি ৮০ লাখ ডলার। এ অবস্থায় বেসরকারিকরণ কমিশন পুরো অর্থ পরিশোধ করে এসপিএ স্বাক্ষরের জন্য আবারও সৌদি যুবরাজকে অনুরোধ জানায়। কিন্তু এরপর বেশ কিছুদিন তার কাছ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। ২০০৭ সালের ৩১ মে সরকার এসপিএ স্বাক্ষরের অনুরোধ জানিয়ে সৌদি যুবরাজকে আবারও চিঠি দেয়। এভাবে পাঁচ দফা চিঠি দেয়া হলেও এসপিএ স্বাক্ষরের উদ্যোগ নেননি যুবরাজ। ২০০৭ সালের ১৫ নভেম্বর সৌদি যুবরাজ সেনাবাহিনী প্রধানের কাছে রূপালী ব্যাংক কেনার ব্যাপারে একটি চিঠি দেন। ওই চিঠির একটি অনুলিপি বেসরকারিকরণ কমিশনেও পাঠানো হয়। এতে শেয়ারের মোট দাম থেকে বন্ড বাবদ ২৭ কোটি ১০ লাখ ডলার বাদ দিয়ে অবশিষ্ট ১৮ কোটি ৫০ লাখ ডলার পরিশোধ করে ব্যাংকটি কেনার জন্য নতুন প্রস্তাব দেন যুবরাজ। অথচ তার সঙ্গে আলোচনার ভিত্তিতে অর্থ মন্ত্রণালয় এর আগেই বন্ড ইস্যুর সিদ্ধান্ত নেয়। বেসরকারিকরণ কমিশনের প্রতিবেদনে বলা হয়েছে, খসড়া এসপিএ পাঠানোর এক বছর পর মোট মূল্য থেকে বন্ডের অর্থ বাদ দেওয়ার এ প্রস্তাব যুবরাজের সঙ্গে করা আগের চুক্তির পরিপন্থী এবং অগ্রহণযোগ্য। প্রতিবেদনে বলা হয়, 'এতে প্রতীয়মান হচ্ছে যে, রূপালী ব্যাংক কেনার ব্যাপারে সৌদি যুবরাজ আগ্রহী নন'। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে বিষয়টি দ্রুত নিস্পত্তি করতে বলা হলে চলতি বছরের জানুয়ারিতে সৌদি যুবরাজকে বৈঠকের আমন্ত্রণ জানায় বেসরকারিকরণ কমিশন। কিন্তু যুবরাজের পক্ষ থেকে জানানো হয়, ১৫ থেকে ৩০ মার্চের মধ্যে এ বৈঠক হতে পারে। এরপর গত ৪ ফেব্র"য়ারি কমিশন বিষয়টি নিয়ে বিশ্বব্যাংক প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে। বিশ্বব্যাংক প্রতিনিধিরা 'ভবিষ্যত জটিলতা এড়ানোর জন্য' বিষয়টি দ্রুত নিষ্পত্তির পরামর্শ দেন। এ পরিস্থিতিতে সার্বিক বিষয় বিবেচনা করে সৌদি যুবরাজের কাছে রূপালী ব্যাংক বিক্রি সংক্রান্ত কার্যক্রম বাতিল এবং অর্থ মন্ত্রণালয়কে পরবর্তী কার্যক্রম গ্রহণের জন্য সুপারিশ করে বেসরকারিকরণ কমিশন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/জেকে/এসকে/২৩১৮ঘ.