২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কৃষি উপকরণের আমদানি শুল্ক শূন্যে নামিয়ে আনা হবে: এনবিআর চেয়ারম্যান

উৎপাদন বাড়াতে আগামী বাজেটে কৃষি উপকরণের আমদানি শুল্ক শূন্যে নামিয়ে আনা হবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান আবদুল মজিদ। একই সঙ্গে কৃষিখাতে কর অবকাশ সুবিধার মেয়াদ আরও বাড়ানোর আশ্বাস দিয়েছেন তিনি। কর্মসংস্থানের সুযোগ বাড়াতে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশের ওপরও গুরুত্ব দিয়েছেন এনবিআর চেয়ারম্যান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2008, 11:29 AM

Updated : 26 Aug 2022, 01:31 PM

ঢাকা, মার্চ ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উৎপাদন বাড়াতে আগামী বাজেটে কৃষি উপকরণের আমদানি শুল্ক শূন্যে নামিয়ে আনা হবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান আবদুল মজিদ। একই সঙ্গে কৃষিখাতে কর অবকাশ সুবিধার মেয়াদ আরও বাড়ানোর আশ্বাস দিয়েছেন তিনি। কর্মসংস্থানের সুযোগ বাড়াতে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশের ওপরও গুরুত্ব দিয়েছেন এনবিআর চেয়ারম্যান। এনবিআর কার্যালয়ে সোমবার এক প্রাক বাজেট আলোচনা সভায় আবদুল মজিদ বলেন, "কৃষি আমাদের অর্থনীতির প্রাণ। তাই এ খাতকে জাগিয়ে তুলতে যা কিছু করা দরকার, নতুন বাজেটে তা করা হবে। পাওয়ার পাম্প, শ্যালো টিউবওয়েল, জেনারেটরসহ যে সব কৃষি যন্ত্রপাতি আমদানিতে যে শুল্ক নির্ধারিত আছে, তা শূন্যে নামিয়ে আনা হবে। কর অবকাশ সুবিধার মেয়াদ বাড়ানোর বিষয়টিও সক্রিয়ভাবে বিবেচনা করা হবে।" নতুন বাজেটকে সামনে রেখে ২২টি খাতের প্রতিনিধিদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করার সিদ্ধান্ত নিয়েছে এনবিআর। কৃষি খাতের বৈঠকের মধ্য নিয়ে সোমবার এ প্রাক-বাজেট আলোচনা শুরু হলো। এনবিআর চেয়ারম্যান বলেন, "বিশ্বে খাদ্য উৎপাদন অনেক কমে গেছে। এখন টাকা দিয়েও খাদ্য মিলছে না। অন্যদিকে প্রাকৃতিক দুর্যোগের কারণে আমাদের ফসল উৎপাদন অনেক কম হয়েছে। তাই স্থানীয়ভাবে খাদ্য উৎপাদনের বিকল্প নেই। এ কারণে কৃষকদের সব ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে। বিষয়টি বিবেচনায় রেখেই নতুন বাজেট প্রণয়ন করা হবে।" তিনি বলেন, ''কৃষি উপকরণ আমদানি ও ভ্যাট (মূল্য সংযোজন কর) থেকে সরকার বছরে সবমিলিয়ে মাত্র ৬৭ কোটি টাকার মতো কর পায়। যা মোট রাজস্ব আদায়ের পরিমাণের দিক থেকে খুবই নগণ্য। অথচ খাদ্যসহ হাজার হাজার কোটি টাকার কৃষি পণ্য আমদানি করতে হচ্ছে আমাদের। যদি আমদানি ব্যয় কমে আসে, তাহলে সরকারের কোষাগারে ৬৭ কোটি টাকা কম এলে তেমন কোনও সমস্যা হবে না।" তবে কৃষি খাতে শূন্য শুল্কে আমদানি করা পণ্য যেন অন্য খাতে ব্যবহার না হয়, সে বিষয়ে ব্যবসায়ীদের সৎ থাকার আহ্বান জানান আবদুল মজিদ। ক্ষুদ্র ও মাঝারি শিল্প বিকাশের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, "বড় শিল্প থেকে আমাদের ধীরে ধীরে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের (এসএমই) দিকে যেতে হবে। কেননা, এ খাতে অনেক বেশি কর্মসংস্থান হয়। দারিদ্র্য বিমোচনে এ খাত বেশি ভূমিকা রাখে।" বৈঠকে বাংলাদেশ এগ্রো প্রসেস অ্যাসোসিয়েশনের সভাপতি ও প্রাণ গ্র"পের চেয়ারম্যান আমজাদ হোসেন কৃষিভিত্তিক শিল্পে কর অবকাশ সুবিধা আরও পাঁচ বছর বাড়ানোর প্রস্তাব করেন। চ্যানেল আই-এর পরিচালক (বার্তা) শাইখ সিরাজ আগামী বাজেটে কৃষি খাতকে বেশি গুরুত্ব দেওয়ার পরামর্শ দিয়ে বলেন, "খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের জন্য এতদিন সরকারিভাবে কৃষকদের তেমন সহায়তা দেওয়া হয়নি। কৃষকরা যা কিছু করেছি, তা নিজেদের তাগিদেই করেছে।" তিনি বলেন, "কৃষিকে নতুন করে জাগাতে হলে অল্প জমি থেকে বেশি ফসল উৎপাদন করতে হবে। সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে।" সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) গবেষণা বিভাগের প্রধান উত্তম কুমার দেব সব ধরনের কৃষি যন্ত্রপাতির আমদানি শুল্ক শূন্য করার প্রস্তাব দিয়ে বলেন, "পাওয়ার পাম্প আমদানির ক্ষেত্রে ১০ শতাংশ হারে শুল্ক দিতে হয়। দেশের বর্তমান প্রেক্ষাপটে কৃষি উৎপাদন বাড়াতে এ শুল্কহারসহ কৃষি সংশ্লিষ্ট সব ধরনের উপকরণ আমদানিতে শুল্ক শূন্যে নামিয়ে আনা উচিৎ।" মৎস্য, পোল্ট্রি, ডেইরি খাতে কর অবকাশ সুবিধার মেয়াদ আগামী জুনে শেষ হয়ে যাচ্ছে জানিয়ে এ সুবিধা ২০১৫ সাল পর্যন্ত বাড়ানোর সুপারিশ করেন উত্তম দেব। রাজধানীর সেগুনবাগিচায় এনবিআর সম্মেলন কক্ষে ওই বৈঠকে কৃষি খাতের ২০টি সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এমআই/১৮২৮ ঘ.