ঢাকা, মার্চ ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ১২৬ কোটি ৫০ লাখ ডলারে আটটি বোয়িং উড়োজাহাজ কেনার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ বিমান। এর মধ্যে চারটি ৭৭৭ - ৩০০ ইআর এবং চারটি বোয়িং ৭৮৭-৮ সিরিজের উড়োজাহাজ রয়েছে। আগামী ১৫ মার্চ বোয়িং এর সঙ্গে এ ব্যাপারে একটি চুক্তি হবে।
সোমবার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহবুব জামিল সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, "আটটি উড়োজাহাজ কেনার জন্য ১২৬ কোটি ৫০ লাখ ডলারের প্রয়োজন হবে। এর ৮৫ শতাংশ যুক্তরাষ্ট্রের এক্সিম ব্যাংকের কাছ থেকে ১২ বছর মেয়াদে ঋণ নেবে বিমান কর্তৃপক্ষ। কয়েকটি দেশি ব্যাংকের একটি কনসোর্টিয়ামের কাছ থেকে বাকি ১৫ শতাংশর ঋণ পাওয়া যাবে।"
১৫ মার্চ সমঝোতা স্বারক স্বাক্ষরের সময় বিমান তার নিজস্ব তহবিল থেকে ১৫ লাখ ৪০ হাজার ডলার বোয়িংকে পরিশোধ করবে বলে জানান তিনি।
মাহবুব জামিল জানান, বিমান শিগগিরই কেপটাউন কনভেনশনে স্বাক্ষর করতে যাচ্ছে। এর ফলে যুক্তরাষ্ট্রের এক্সিম ব্যাংক থেকে ঋণ নেওয়ার ক্ষেত্রে সুদের হার ১ শতাংশ কমবে।
চারটি ৭৭৭-৩০০ ইআর উড়োজাহাজের প্রস্তাবিত দাম ধরা হয়েছে যথাক্রমে ১৮ দশমিক ২১৭ কোটি, ১৮ দশমিক ২৫১ কোটি, ১৮ দশমিক ৩২০ কোটি এবং ১৮ দশমিক ৪০১ কোটি ডলার।
অন্যদিকে বোয়িং ৭৮৭-৮ চারটির দাম ধরা হয়েছে, ১৩ দশমিক ২৮৩ কোটি, ১৩ দশমিক ৩০৮ কোটি, ১৩ দশমিক ৩৫৩ কোটি এবং ১৩ দশমিক ৩৮১ কোটি ডলার।
মাহবুব জামিল জানান, প্রস্তাব অনুযায়ী বোয়িং ৭৭৭-৩০০ ইআর চারটি ২০১৩ সালের ডিসেম্বরের মধ্যে বিমানের উড়োজাহাজ বহরে যুক্ত হবে। আর চারটি বোয়িং ৭৮৭-৮ উড়োজাহাজ ২০১৭ সালের নভেম্বরের মধ্যে বিমানের হাতে আসবে।
এছাড়া আগামী বছর দুটি এবং ২০১০ সালে আরও দুটি বোয়িং -৭৭৭ সিরিজের উড়োজাহাজ ইজারা নেবে বিমান। এ ব্যাপারে বোয়িং কোম্পানি প্রয়োজনীয় সহযোগিতা দেবে।
উড়োজাহাজ সঙ্কট মেটাতে আপাতত বিমান কর্তৃপক্ষ একটি ৭৪৭-২০০ ও একটি বোয়িং ৭৪৭ উড়োজাহাজ ছয় মাসের জন্য ইজারা নেওয়ার চেষ্টা করছে বলে মাহবুব জামিল জানান।
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বলেন, "আমরা আশা করছি, আগামী বছরের মধ্যে নতুন চেহারা নিয়ে আকাশে উড়বে বিমান। গত ৩৫ বছর ধরে বিমানের চেহারা একই রকম রয়ে গেছে। নতুনত্ব আনতে এই 'রিব্র্যান্ডিং' করা হচ্ছে।"
বিমান বহরের আধুনিকায়ন প্রসঙ্গে মাহবুব জামিল বলেন, বিমানের পরিচালনা পর্ষদ ৩ ও ৯ মার্চ বৈঠক করে এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। শিগগিরই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে মাহবুব জামিল জানান, নতুন উড়োজাহাজ পাওয়ার পর বন্ধ হয়ে যাওয়া ঢাকা-নিউইয়র্ক রুটে আবার ফ্লাইট পরিচালনা শুরু করবে বিমান।
তিনি জানান, লিমিটেড কোম্পানিতে রূপান্তরের পর বিমান লোকসান কাটিয়ে উঠতে শুরু করেছে। আগামী অর্থ বছর বিমান লাভের মুখ দেখবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
বর্তমানে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) কাছে বিমানের দেনার পরিমাণ ১ হাজার ১৯৩ কেটি টাকা এবং সিভিল এভিয়েশনের কাছে দেনা রয়েছে ৫৭৬ কোটি টাকা। এই দেনা সমন্বয়ের ব্যবস্থা করা হচ্ছে বলেও জানান তিনি।
বর্তমানে বিমানের উড়োজাহাজ বহরে চারটি ডিসি-১০, তিনটি এয়ারবাস এবং তিনটি এফ-২৮ রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচডি/বিআর/কিউএইচ/জেকে/এমএ/১৪৩২ঘ.
bdnews24