২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঙ্গাভাব ধরে রেখেছে পুঁজিবাজার

গতসপ্তাহের চাঙ্গাভাব রোববারও ধরে রেখেছে পুঁজিবাজার। বেশ কয়েকটি কোম্পানির মুনাফা ঘোষণা এদিন বাজারে লেনদেন বাড়াতে ভূমিকা রেখেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2008, 10:11 AM

Updated : 26 Aug 2022, 01:31 PM

ঢাকা, মার্চ ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গতসপ্তাহের চাঙ্গাভাব রোববারও ধরে রেখেছে পুঁজিবাজার। বেশ কয়েকটি কোম্পানির মুনাফা ঘোষণা এদিন বাজারে লেনদেন বাড়াতে ভূমিকা রেখেছে। দিনের শুরুতেই ঢাকার শেয়ার বাজারের ডিজিইএন বা সাধারণ সূচক বাড়তে শুরু করে। এক পর্যায়ে ৩০০০ পয়েন্টের সীমাও অতিক্রম করে তা। মাঝেমধ্যে সামান্য ওঠা-নামা থাকলেও বৃহস্পতিবারের তুলনায় সূচকের অবস্থা সবসময়ই ভালো ছিল। বেলা ১১টা ৪৮ ডিজিইএন ১৯ দশমিক ৩৬ পয়েন্ট বা দশমিক ৬৪ শতাংশ বেড়ে ৩০১০ দশমিক ৭৩ পয়েন্ট হয়। অন্যদিকে ডিএসআই বা সার্বিক সূচক ১৫ দশমিক ০৪ পয়েন্ট বা দশমিক ৫৯ শতাংশ বেড়ে হয় ২৫৪৩ দশমিক ০৫ পয়েন্ট। ওই সময়ের মধ্যে ১৬ কোটি ১০ লাখ টাকা দামের মোট ৯৯ লাখ ৭২ হাজার ৫৫২টি শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১৩৪টি কোম্পানির শেয়ারের, কমেছে ৭৭টির এবং অপরিবর্তিত ছিল ছয়টির দাম। বিনিয়োগকারীদের মুনাফা তুলে নেওয়ার প্রবণতায় এবি ব্যাংকের শেয়ারের দাম ৩৪৩৪ টাকা ৭০ পয়সা থেকে কমে ৩৩২৩ টাকা হয়েছে। উত্তরা ব্যাংকের শেয়ারের দাম আগের দিনের ৪৯৯৬ টাকা ২৫ পয়সা থেকে কমে হয় ৪৮৫০ টাকা। তবে স্কয়ার ফার্মার শেয়ারের দাম ৩৫২৭ টাকা ২৫ পয়সা থেকে বেড়ে ৩৬৬৯ টাকা ২৫ পয়সা হচ্ছিল। এ ছাড়া ডাচ বাংলা ব্যাংকের শেয়ার ১৩ হাজার ৭২৬ টাকা থেকে কমে ১৩ হাজার ১২৮ টাকায় বিক্রি হচ্ছিল। মাঝ বেলা পর্যন্ত দাম কমতে থাকা অন্য কোম্পানির মধ্যে ছিল আইএফআইসি, এনসিসি ও ব্র্যাক ব্যাংক। ওই সময় পর্যন্ত লাফার্জ সুরমা সিমেন্ট ও এআইমস ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের শেয়ারের দাম বেড়েছে। বিডিনিউজ টোয়েন্টেফোর ডটকম/আরএইচএন/এফএফ/এএল/জেকে/১৬০৫ ঘ.