ঢাকা, মার্চ ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সরকারি পর্যায়ে ভারত থেকে আরো ৫০ হাজার টন চাল আমদানির চুক্তি হয়েছে।
ভারতের প্রতিশ্র্রুত পাঁচ লাখ টন চাল রপ্তানির অংশ হিসেবে এ পর্যন্ত এক লাখ টন চালের চুক্তি হলো। ১৫ এপ্রিলের মধ্যে পর্যায়ক্রমে এক লাখ টন চাল ভারত থেকে বাংলাদেশে এসে পৌছাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক পিউস ডি কস্তা।
পিউস ডি কস্তা বৃহস্পতিবার সকালে টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন ,"ভারত থেকে ৫০ হাজার টন চাল আমদানি করতে মঙ্গলবার ঢাকায় খাদ্য অধিদপ্তর ও ভারতের পশ্চিম বাংলা এসেনসিয়াল কমোডিটি সাপ্লাই কর্পোরেশন এর মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।"
পিউস ডি কস্তা আরো বলেন, "মঙ্গলবার চুক্তি হওয়া ৫০ হাজার টন চাল আগামি ৩০ মার্চের মধ্যে এবং আগে চুক্তি হওয়া ৫০ হাজার টন চাল ১৫ এপ্রিলের মধ্যে ঢাকায় এসে পৌছাবে বলে আমি আশা করছি।"
তিনি জানান, এক লাখ টনের মধ্যে ৫১ হাজার টন সড়ক পথে, ২৯ হাজার টন নৌ পথে এবং ২০ হাজার টন রেলপথে দেশে পৌছাবে। চুক্তি অনুযায়ী প্রতি টন চালের গড় মূল্য ধরা হয়েছে ৩৯৮ ডলার ৬০ সেন্ট।
এক প্রশ্নের উত্তরে খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেন , বাকি চার লাখ টন চাল দ্রুত আনার ব্যাপারে দু দেশের সংশ্লিষ্ট কর্মকর্তা পর্যায়ে আলাপ আলোচনা অব্যাহত রয়েছে।
এর আগে গত ২০ ফেব্র"য়ারি ৫০ হাজার টন চাল আমদানির বিষয়ে পশ্চিমবঙ্গে দু দেশের মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়।
গত ১২ ফেব্র"য়ারি পাঁচ লাখ মেট্রিক টন চাল আমদানি সংক্রান্ত একটি কার্যবিবরণীতে দুই দেশ সম্মতি দেয়। এর পরপরই চুক্তির খসড়া অনুমোদনের জন্য ভারতের কেন্দ্রীয় সরকারের কাছে পাঠায় পশ্চিমবঙ্গ সরকার। কেন্দ্রীয় সরকার প্রথম পর্যায়ে ৫০ হাজার টন এবং পরবর্তীতে আরো ৫০ হাজার টন চাল রপ্তানির অনুমোদন দেয়।
গত ১৫ নভেম্বরের ঘূর্ণিঝড় সিডর আঘাত হানার পর ২ ডিসেম্বর ভারতের পররাষ্ট্রমন্ত্রী প্রণব মুখার্জী বাংলাদেশ সফরে এসে পাঁচ লাখ টন চাল রপ্তানির কথা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইএইচবি-এএইচডি/জিএনএ/১২৫৩ ঘ.
bdnews24