ঢাকা, মার্চ ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম )- নির্ধারিত সময়ের মধ্যে ক্ষতিপূরণ না পেলে কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা দিয়েছেন ব্র্যাক ব্যাংকের লকার ডাকাতির ঘটনায় ক্ষতিগ্রস্ত গ্রাহকরা।
ক্ষতিগ্রস্তরা রোববার বিকালে রাজধানীর লা ভিঞ্চি হোটেলে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন। ক্ষতিগ্রস্ত গ্রাহকদের পক্ষে রাবেত খান, ফাতেমা রহিম, শহিদুর রহমান, বদরুল মজিদ, ডা. মোস্তাক হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।
গত ৫ জানুয়ারি ব্র্যাক ব্যাংক ধানমন্ডি শাখায় ওই ডাকাতির ঘটনা ঘটে। সে সময় ডাকাতরা ব্যাংকটির ৬২টি লকার ভেঙে স্বর্ণালঙ্কারসহ বিভিন্ন মূল্যবান জিনিস লুট করে। ঘটনার পর ব্যাংক কর্তৃপক্ষ তিন মাসের মধ্যে ক্ষতিগ্রস্তদের লুট হওয়া সম্পদ অথবা ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দেন। এপ্রিলের প্রথম সপ্তাহে সেই সময়সীমা পূর্ণ হবে।
রাবেত খান অভিযোগ করেন, ব্রাক ব্যাংক প্রথম থেকেই ক্ষতিগ্রস্তদের সঙ্গে অসহযোগিতা করে আসছে। কীভাবে ক্ষতিপূরণ দেওয়া হবে সে বিষয়টিও পরিষ্কার করছে না তারা।
তিনি বলেন, "আমাদের জানানো হয়েছে, ডাকাতরা প্রায় ১হাজার ভরি স্বর্ণালংকার লুট করেছে। অথচ যারা লুট হওয়া সম্পদের হিসাব জমা দিয়েছেন ওই হিসাবে স্বর্ণালংকারের পরিমাণ হওয়ার কথা প্রায় আড়াই হাজার ভরি।"
ফাতেমা রহিম বলেন, "এসব বিষয়ে কথা বলার জন্য আমরা কয়েকজন ফেব্র"য়ারির প্রথম সপ্তাহে ব্যাংকের প্রধান কার্যালয়ে গিয়েছিলাম। কিন্তু শীর্ষ কর্মকর্তারা আমাদের সঙ্গে দেখা করেননি।"
গ্রাহকদের এসব অভিযোগের বিষয়ে যোগাযোগ করা হলে ব্র্যাক ব্যাংকের মার্কেটিং অ্যান্ড করপোরেট অ্যাফেয়ার্সের প্রধান আবেদুর রহমান শিকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "প্রতি বুধবার ধানমন্ডি শাখা অফিসে আমাদের একজন কর্মকর্তা ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলে থাকেন। ৯০ দিনের মধ্যে ক্ষতিপূরণের যে প্রতিশ্র"তি দেওয়া হয়েছে তা অবশ্যই বাস্তবায়ন করা হবে।"
সাত জনের হিসাব না পাওয়ায় কিছুটা সমস্যা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, "তারপরও নির্ধারিত সময়ের মধ্যে ক্ষতিপূরণ দেওয়া হবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এএল/জেকে/২১৫৭ ঘ.
bdnews24