২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রাহক সেবার মান বাড়াতে কেন্দ্রীয় ব্যাংকের অভিনব উদ্যোগ

ব্যাংকগুলোর গ্রাহক সেবার মান সরেজমিনে পরিদর্শনের জন্য গ্রাহকবেশে ব্যাংকগুলোতে ঝটিকা অভিযান চালাবে কেন্দ্রীয় ব্যাংকের তদন্ত দল। বৃহষ্পতিবার বিকেলে ইকনোমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভায় কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর সালেহউদ্দিন আহমেদ এ কথা জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2008, 03:47 PM

Updated : 26 Aug 2022, 01:28 PM

ঢাকা, ফেব্র"য়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্যাংকগুলোর গ্রাহক সেবার মান সরেজমিনে পরিদর্শনের জন্য গ্রাহকবেশে ব্যাংকগুলোতে ঝটিকা অভিযান চালাবে কেন্দ্রীয় ব্যাংকের তদন্ত দল। বৃহষ্পতিবার বিকেলে ইকনোমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভায় কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর সালেহউদ্দিন আহমেদ এ কথা জানান। গভর্নর বলেন, ''আমাদের ব্যাংকগুলোর গ্রাহক সেবার মান খুবই খারাপ। বার বার তাগাদা দেওয়ার পরও ব্যাংকগুলো তাদের সেবার মান বাড়চ্ছে না।" সালেহউদ্দিন আহমেদ বলেন, ''ব্যাংকগুলোকে জানিয়ে পরিদর্শনে গেলে তারা আগেই সতর্ক হয়ে যায়। এ জন্যই গ্রাহক সেজে গোপনে অভিযান চালানো হবে।'' অভিযানের পর প্রয়োজনে ব্যাংগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। গভর্নর বলেন, "দেশের অর্থনীতির জন্য এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ মূল্যস্ফীতি। এটি সহনীয় পর্যায়ে নামিয়ে আনতে পণ্য আমদানির ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ থেকে প্রয়োজনীয় অর্থ দ্রুত ছাড় করাসহ বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। তবে মূল্যস্ফীতি কমাতে আমদানির পাশাপাশি স্থানীয় পর্যায়ে কৃষি উৎপাদন বাড়াতে হবে।" গভর্নর জানান, কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃহস্পতিবার ৫৯০ কোটি ডলার ছাড়িয়ে গেছে। ব্যাংক ঋণের সুদের হার কমানো প্রসঙ্গে গভর্নর বলেন, ''দেশে বিনিয়োগ বাড়াতে ব্যাংক ঋণের সুদের হার কমানোর উদ্যোগ নেয়া হয়েছে। আশা করছি খুব শিগগিরই এ ব্যাপারে ইতিবাচক ফল পাওয়া যাবে। তবে ব্যাংকগুলোকে পরিষ্কার বলে দেয়া হয়েছে, কোনো অবস্থাতেই আমানতের সুদের হার কমানো যাবে না। কমাতে হবে ঋণের সুদের হার।'' অপর এক প্রশ্নের জবাবে সালেহউদ্দিন বলেন, ''বিদেশে পাচার হওয়া অর্থ দেশে ফেরানোর উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে বেশ কিছু টাকা ফেরতও এসেছে। পাচার হওয়া অর্থ ফেরত আনার বিষয়ে কয়েকটি দেশের সঙ্গে চুক্তির চেষ্টা চলছে।" পরপর দুই দফা বন্যা ও ঘূর্ণিঝড়ের পর কৃষিঋণ বিতরণ সন্তোষজনক নয় উল্লেখ করে গভর্নর বলেন, ''দেশের সার্বিক অবস্থা বিবেচনা করে চলতি অর্থবছরের প্রথম সাত মাসে (জুলাই-জানুয়ারি) মোট লক্ষ্যমাত্রার ৭০ থেকে ৮০ শতাংশ কৃষি ঋণ বিতরণের জন্য ব্যাংকগুলোকে লক্ষ্যমাত্রা দেয়া হয়েছিল। কিন্তু ব্যাংকগুলো এ সময়ে ৫৪ শতাংশ ঋণ দিয়েছে। বেসরকারি ব্যাংকগুলো বেঁধে দেয়া লক্ষ্যমাত্রা অনুযায়ী ঋণ দিলেও রাষ্ট্রায়ত্ত ও বিশেষায়িত ব্যাংকগুলোর ঋণ বিতরণের হার মোটেই সন্তোষজনক নয়।" মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে ইআরএফ সভাপতি নাজমুল আহসান ও সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান বক্তব্য রাখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/জেকে/এমএইচবি/২১৩৪ ঘ.