২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জিডিপি প্রবৃদ্ধির হার ৬ শতাংশের কম হতে পারে: হুয়া দু

চলতি অর্থবছর জিডিপি প্রবৃদ্ধির হার ছয় শতাংশের নিচে নেমে যেতে পারে বলে জানিয়েছেন এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) এর কান্ট্রি ডিরেক্টর হুয়া দু। গত অর্থবছর এই হার ছিল ছয় দশমিক পাঁচ শতাংশ। এডিবির ডিসেম্বর ২০০৭ এর ত্রৈমাসিক অর্থনৈতিক প্রতিবেদন প্রকাশ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বৃহস্পতিবার হুয়া দু এ কথা বলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2008, 12:41 PM

Updated : 26 Aug 2022, 01:28 PM

ঢাকা, ফেব্র"য়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চলতি অর্থবছর জিডিপি প্রবৃদ্ধির হার ছয় শতাংশের নিচে নেমে যেতে পারে বলে জানিয়েছেন এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) এর কান্ট্রি ডিরেক্টর হুয়া দু। গত অর্থবছর এই হার ছিল ছয় দশমিক পাঁচ শতাংশ। এডিবির ডিসেম্বর ২০০৭ এর ত্রৈমাসিক অর্থনৈতিক প্রতিবেদন প্রকাশ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বৃহস্পতিবার হুয়া দু এ কথা বলেন। প্রবৃদ্ধির হার বাড়ানোর জন্য ব্যবসায়ীদের আস্থা ফেরানো, বন্যা ও সাইক্লোন দুর্গত এলাকার অবকাঠামোগত উন্নয়ন ও পুনর্বাসন এবং বহির্বিশ্বের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতার সামর্থ্য বাড়ানোর সুপারিশ করা হয়েছে এই প্রতিবেদনে। সংবাদ সম্মেলনে হুয়া দু বলেন, চলতি অর্থবছর দেশের গড় মুদ্রাস্ফীতির হার আট থেকে নয় শতাংশের মধ্যে থাকতে পারে। এডিবির প্রতিবেদনে বলা হয়েছে, দেশীয় উৎপাদন কমে যাওয়া এবং আন্তর্জাতিক বাজারে খাদ্যের দাম বৃদ্ধি পাওয়ায় মূদ্রাস্ফীতি বাড়ার প্রবণতা অব্যাহত রয়েছে। ২০০৭ সালের জুলাই মাসে মূদ্রাস্ফীতি ১০ দশমিক ১ শতাংশ থাকলেও ডিসেম্বরে তা বেড়ে ১১ দশমিক ৬ শতাংশে দাঁড়ায়। সংবাদ সম্মেলনে হুয়া দু বলেন, "জ্বালানি তেল ও সারের ওপর ভর্তুকি অব্যাহত থাকার কারণেও মূদ্রাস্ফীতি বাড়ছে। এছাড়া সরকার আন্তর্জাতিক বাজারের চেয়ে কম দামে জ্বালানি বিক্রি করায় দেশের সামষ্টিক অর্থনৈতিক ব্যবস্থাপনা একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।" সরকারের পরিচালিত দুর্নীতি বিরোধী অভিযানের ফলে ব্যবসায়ীদের আস্থা কমে যাওয়া, তৈরি পোশাকের রপ্তানি বাজারে মন্দা, বন্যা ও ঘূর্ণিঝড়ের কারণে এ দেশের অর্থনীতির গতি মন্থর হয়ে এসেছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। তবে সরকার ব্যবসায়ীদের আস্থার সঙ্কটের বিষয়টি অনুধাবন করে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়ায় ব্যবসায়ীদের অনিশ্চয়তা দূর হতে শুরু করেছে বলে মন্তব্য করেন এডিবির কান্ট্রি ডিরেক্টর। এডিবির ত্রৈমাসিক প্রতিবেদনে বলা হয়, নিটওয়্যার খাতে রপ্তানি বাড়ায় দেশের রপ্তানি আয় ধীরে ধীরে বাড়ছে। ২০০৭-০৮ অর্থবছরের প্রথম ৫ মাসে মাঝারি ও বৃহৎ শিল্পে উৎপাদন বেড়েছে মাত্র ৩ দশমিক ৫ শতাংশ। ২০০৭ এর জুনে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৫১০ কোটি ডলার থাকলেও ২০০৮ এর জানুয়ারির শেষ নাগাদ তা বেড়ে ৫৪০ কোটি ডলার হয়। রেমিটেন্সের পরিমাণ আরও বাড়ানোর জন্য প্রবাসীরা যাতে সরকারি মাধ্যমে বিদেশ থেকে অর্থ পাঠাতে পারেন সে ব্যাপারে পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছে দাতা সংস্থাগুলো। এডিবির প্রতিবেদনে আরো বলা হয়, বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নের ধীর গতি দারিদ্র্য বিমোচনের সম্ভবনাকে বিলম্বিত করছে। এডিপি বাস্তবায়নের দক্ষতা বাড়ানোর পাশাপাশি সরকারের দারিদ্র্য দূরীকরণ কৌশল আরো পর্যালোচনা করা প্রয়োজন বলে এতে মত প্রকাশ করা করা হয়। সাংবাদিকদের প্রশ্নের জবাবে হুয়া দু বলেন, তার বিশ্বাস জাতীয় নির্বাচন সময়মতোই অনুষ্ঠিত হবে। ভোটার নিবন্ধীকরণের বিষয়টি এ সরকারের একটি 'অসাধারণ' কাজ বলেও উল্লেখ করেন তিনি। এছাড়া আতঙ্ক সৃষ্টি না করে বার্ড ফ্লুর বিষয়টিকে আরো তথ্যবহুলভাবে উপস্থাপনের জন্য গণমাধ্যমের প্রতি আহ্বান জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিপোর ডটকম/আরএইচএন/এফএফ/জেকে/১৮৩২ ঘ.