ঢাকা, ২৭ ফেব্র"য়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডট কম)-- ঢাকার শেয়ার বাজারে বুধবারও ছিল চাঙাভাব। ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনের পরিমাণ যেমন বেড়েছে, তেমনি খানিকটা বেড়েছে সূচকও। ডিএসইর সাধারণ শেয়ার সূচক বা ডিজিইএন ইনডেক্স ২ দশমিক ৯৬ শতাংশ বেড়ে এদিন পৌঁছেছে ২৪৫৬ দশমিক ১০ পয়েন্টে। বেড়েছে সার্বিক শেয়ার সূচক বা ডিএসআই ইনডেক্সও।
ঢাকার পুঁজিবাজারে এদিন মোট ২২৫টি কোম্পানির ১৮৬ কোটি টাকা দামের শেয়ার লেনদেন হয়েছে এদিন। এর মধ্যে দাম বেড়েছে ১৮৫টির, কমেছে ৩২টির আর অপরিবর্তিত ছিল ৮টির।
বাজারে থাকা আধাসরকারি কোম্পানিগুলোর সরকারি শেয়ারের ২৫ শতাংশ নতুন করে বাজারে ছাড়া হবে, এমন খবরে চাঙা হয়ে উঠেছে অ্যাটলাস বাংলাদেশ, ন্যাশনাল টিউবস, ইস্টার্ন কেবলস ও উসমানিয়া গ্লাস শিট কোম্পানির শেয়ার। ক্রেতাদের আগ্রহে লেনদেনের তালিকার সেরা দশে স্থান করে নিয়েছে এই চার কোম্পানির মধ্যে তিনটিই। পঞ্চম স্থানে থাকা অ্যাটলাস বাংলাদেশের শেয়ারের দাম ১৭.৪১ শতাংশ বেড়ে ৩৭৮ টাকা ৩০ পয়সা, নবম স্থানে থাকা ন্যাশনাল টিউবসের শেয়ারের দাম ১০.৪৮ শতাংশ বেড়ে ২ হাজার ১০৪ টাকা ২৫ পয়সা এবং দশম স্থানে থাকা ইস্টার্ন কেবলসের শেয়ারের দাম ১৪.৯৯ শতাংশ বেড়ে ৬১৯ টাকা ২৫ পয়সা হয়েছে। এছাড়া উসমানিয়া গ্লাস শিট কোম্পানির শেয়ারের দাম ১২.০৭ শতাংশ বেড়ে দিনশেষে বিক্রি হয়েছে ১ হাজার ৮৫৫ টাকা ৭৫ পয়সায়।
লেনদেনের তালিকার শীর্ষে অবশ্য ছিল এবি ব্যাংক। তাদের শেয়ারের দাম ৩.২৩ শতাংশ বেড়ে দিনশেষে বিক্রি হয়েছে ৩ হাজার ৪৩ টাকা ২৫ পয়সায়।
এছাড়া মেঘনা পেট্রোলিয়ামের শেয়ারের দাম ১২.৯২ শতাংশ বেড়ে ৩০৫ টাকা, যমুনা অয়েলের শেয়ারের দাম ১১.০৩ শতাংশ বেড়ে ৩০৬ টাকা ৮০ পয়সা এবং আইএফআইসি ব্যাংকের শেয়ারের দাম ৩.০৯ শতাংশ বেড়ে ২ হাজার ৮৪৭ টাকা হয়েছে।
বেড়েছে সেরা দশে থাকা গ্রামীণ ফার্স্ট মিউচুয়াল ফান্ড, উত্তরা ব্যাংক, ন্যাশনাল টিউবস ও ইস্টার্ন কেবলসের শেয়ারের দামও। তবে কমেছে সপ্তম স্থানে থাকা ইউসিবিএলের শেয়ারের দাম।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও বুধবার সব শেয়ারসূচক ছিল ঊর্ধ্বমুখী। ৩.০৫ শতাংশ বেড়ে সিএএসপিআই ইনডেক্স বা সাধারণ শেয়ারসূচক পৌঁছেছে ২২২ দশমিক ৫০ পয়েন্টে। বেড়েছে সিএসই-৩০ ও সিএসসিএক্স সূচক।
এই বাজারে মোট ১২০টি কোম্পানির ৩৭ কোটি ৪৪ লাখ টাকা দামের শেয়ার লেনদেন হয়েছে। দাম বেড়েছে ১০২টির, কমেছে ১২টির আর অপরিবর্তিত ছিল দুটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডট কম/এসএইচ/১৮৩৫
bdnews24