ঢাকা, ফেব্র"য়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-সরকারের জোরালো তাগিদের পরিপ্রেক্ষিতে চলতি মাসের মধ্যেই ব্যাংক ঋণের সুদের হার কমানো সংক্রান্ত সুনির্দিষ্ট প্রস্তাব কেন্দ্রীয় ব্যাংকের কাছে জমা দেবে ব্যাংক মালিকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি) ও নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি)।
সুদের হার কী পরিমাণ কমানো হবে-তা নির্ধারণের জন্য বিএবি'র সাবেক চেয়ারম্যান ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সৈয়দ মঞ্জুর এলাহীকে প্রধান করে নয় সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
শনিবার রাজধানীর বনানীতে বিএবি'র কার্যালয়ে এ সিদ্ধান্ত হয়েছে বলে রাতে টেলিফোনে এবিবি'র চেয়ারম্যান সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মাহমুদ সাত্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।
কাজী মাহমুদ সাত্তার জানান, মঞ্জুর এলাহীকে আহবায়ক করে গঠিত এ কমিটিতে বিএবি ও এবিবি থেকে চার জন করে সদস্য রাখা হয়েছে। কমিটির সদস্যরা বসে কোন খাতে কি পরিমাণ সুদের হার কমানো যায় তা ঠিক করবেন। ফেব্র"য়ারি মাসের মধ্যেই বিএবি ও এবিবি সম্মিলিতভাবে এ সংক্রান্ত প্রস্তাব কেন্দ্রীয় ব্যাংকে জমা দেবে বলে জানান তিনি।
বাংলাদেশ ব্যাংক দীর্ঘদিন ধরে বাণিজ্যিক ব্যাংকগুলোকে ব্যাংক ঋণের সুদের হার কমানো এবং আমানত ও ঋণের সুদের হারের মধ্যে ব্যবধান পঁাঁচ শতাংশের নিচে নামিয়ে আনার পরামর্শ দিয়ে আসছে। কিন্তু ব্যাংকগুলো এর আগে ইতিবাচক সাড়া দেয়নি।
প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ গত ২৯ জানুয়ারি এ ব্যাপারে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরকে একটি চিঠি দেন। ঐ চিঠির পরিপ্রেক্ষিতে চলতি মাসের প্রথম সপ্তাহে অর্থ উপদেষ্টা এবি মির্জ্জা আজিজুল ইসলাম ও গভর্নর সব ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে বিনিয়োগ বাড়াতে ব্যাংক ঋণের সুদের হার কমানোর সিদ্ধান্ত নেওয়া হয় এবং এ ব্যাপারে নীতিমালা তৈরি করতে কেন্দ্রীয় ব্যাংককে নির্দেশ দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় গত সপ্তাহে ব্যাংক মালিক ও নির্বাহীদের সঙ্গে আলাদা বৈঠক করে কেন্দ্রীয় ব্যাংক ঋণের সুদের হার কমানোর তাগিদ দেয়। এছাড়া চলতি মাসের মধ্যেই এ সংক্রান্ত সুনির্দিষ্ট প্রস্তাব পাঠানোরও নির্দেশ দেয় বাংলাদেশ ব্যাংক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এসকে/২৩১৯ঘ.
bdnews24