২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আরও এক বছরের বাজেট দেবে তত্ত্বাবধায়ক সরকার

আগামী ২০০৮-০৯ অর্থবছরের জাতীয় বাজেট প্রণয়নের কাজও পুরোদমে শুরু করেছে সরকার। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন হওয়ার কথা থাকলেও অর্থ মন্ত্রণালয় পুরো এক বছরের বাজেট প্রণয়নের কাজ করছে। এর আগে গত বছরের জুনে চলতি অর্থবছরের বাজেট দিয়েছিল তত্ত্বাবধায়ক সরকার। বিস্তারিত জানাচ্ছেন আবদুর রহিম হারমাছি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2008, 04:01 PM

Updated : 26 Aug 2022, 01:26 PM

আবদুর রহিম হারমাছি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম সিনিয়র প্রতিবেদক ঢাকা, ফেব্র"য়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী ২০০৮-০৯ অর্থবছরের জাতীয় বাজেট প্রণয়নের কাজও পুরোদমে শুরু করেছে সরকার। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন হওয়ার কথা থাকলেও অর্থ মন্ত্রণালয় পুরো এক বছরের বাজেট প্রণয়নের কাজ করছে। এর আগে গত বছরের জুনে চলতি অর্থবছরের বাজেট দিয়েছিল তত্ত্বাবধায়ক সরকার। এছাড়া এবারই প্রথম ছয়টি বিভাগীয় শহরে প্রাক-বাজেট আলোচনা হবে। রাজস্ব বোর্ড চেয়ারম্যান (এনবিআর) মোহাম্মদ আবদুল মজিদ শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এসব তথ্য জানান। এনবিআর চেয়ারম্যান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বাজেট প্রণয়নের কাজ এবার আমরা আগেভাগেই শুরু করেছি। প্রতিদিনই এ বিষয়ে বৈঠক হচ্ছে। আগামী মাসে বিভাগীয় পর্যায়ে প্রাক-বাজেট আলোচনা অনুষ্ঠিত হবে। এছাড়া ব্যবসায়ী, পেশাজীবী ও সুশীল সমাজের প্রতিনিধিদের কাছ থেকে প্রস্তাব চাওয়া হয়েছে। ইতিমধ্যে বেশ কিছু প্রস্তাব পাওয়া গেছে।" বিভাগীয় পর্যায়ের আলোচনায় পাওয়া মতামত ও ব্যবসায়ীসহ বিভিন্ন মহলের প্রস্তাবগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে এবার একটি 'অংশগ্রহণমূলক ও গণমুখী' বাজেট ঘোষণা করা হবে বলে এনবিআর চেয়ারম্যান জানান। বিভাগীয় পর্যায়ের প্রাক-বাজেট আলোচনায় অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলাম, অর্থ সচিব মোহাম্মদ তারেকসহ রাজস্ব বোর্ড ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন বলে জানান তিনি। অর্থ মন্ত্রণালয় মার্চ মাসের প্রথম থেকে এপ্রিলের মাঝামাঝি পর্যন্ত ওই আলোচনার আয়োজন করবে। মোহাম্মদ আবদুল মজিদ বলেন, ''আমরা পুরো অর্থবছরের বাজেট প্রণয়নের লক্ষ্য সামনে রেখেই কাজ করছি। নতুন বাজেটে রাজস্ব আহরণের জন্য এখন পর্যন্ত ২২টি প্রধান খাত চিহ্নিত করা হয়েছে। মার্চ মাসের প্রথম সপ্তাহ থেকে এসব খাতের প্রতিনিধিদের সঙ্গে আলাদা আলাদা বৈঠক হবে। এরপর সবার মতামতকে গুরুত্ব দিয়ে ওইসব খাত থেকে বাড়তি রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হবে।'' চিহ্নিত ২২টি খাতের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, কৃষি, তৈরি পোশাক, হালকা ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার, টেলিফোন, কাগজ, নির্মাণ, ওষুধ ও বস্ত্রখাত। চলতি ২০০৭-০৮ অর্থবছরের বাজেটে এসব খাত থেকে যে পরিমাণ রাজস্ব এসেছে পরবর্তী বাজেটে তার চেয়ে ২০ থেকে ২৫ শতাংশ প্রবৃদ্ধি ধরা হবে বলে নাম প্রকাশে অনিচ্ছুক রাজস্ব বোর্ডের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান। দু দফা বন্যা ও ঘূর্ণিঝড় সিডরের আঘাতের পরও চলতি অর্থবছরে রাজস্ব আদায় পরিস্থিতি বেশ ভালো বলে মন্তব্য করেন এনবিআর চেয়ারম্যান। তিনি জানান, অর্থবছরের সাত মাসে (জুলাই-জানুয়ারি) গত অর্থবছরের একই সময়ের তুলনায় প্রায় দুই শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। এছাড়া লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় এক হাজার কোটি টাকার বেশি রাজস্ব আদায় হয়েছে। এবার দেশের যে কোনো ব্যবসায়ী সংগঠন (চেম্বার ও সংস্থা) বাজেট সংক্রান্ত যে কোনো প্রস্তাব (আয়কর, শুল্ক ও ভ্যাট সংক্রান্ত) সরাসরি এনবিআরে পাঠাতে পারবে। এতদিন ব্যবসায়ী-শিল্পপতিদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই-এর মাধ্যমে ব্যবসায়ী সংগঠনগুলো তাদের প্রস্তাব পাঠাত। একইসঙ্গে বিভিন্ন পেশাজীবী, এনজিও ও সুশীল সমাজের প্রতিনিধিরাও সরাসরি এনবিআরে বাজেট সংক্রান্ত প্রস্তাব পাঠাতে পারবেন। এদিকে, উন্নয়ন বাজেট প্রণয়নের কাজও এগিয়ে চলছে। পরিকল্পনা মন্ত্রণালয়ে ২০০৮-০৯ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) প্রণয়নের জন্য বেশ কয়েকটি বৈঠক হয়েছে। পাশাপাশি চলছে চলতি অর্থবছরের এডিপি সংশোধনের কাজ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এসএনডি/এসকে/২১৪৮ঘ.