২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পুঁজিবাজারে তৃতীয় দিনের মতো দরপতন

ঢাকার পুঁজিবাজারে মঙ্গলবারও শেয়ারের লেনদেন কমেছে। ডিজিইএন বা শেয়ারের সাধারণ মূল্যসূচক ৩৫ দশমিক ৯৯ পয়েন্ট নেমেছে, কমেছে অন্যান্য সূচকও। মূলত মার্চেন্ট ব্যাংকগুলো ঋণ ছাড়ের ক্ষেত্রে দ্বিধাগ্রস্ত থাকায় বাজারে দরপতন ঘটেছে বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2008, 01:28 PM

Updated : 26 Aug 2022, 01:25 PM

ঢাকা, ফেব্র"য়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার পুঁজিবাজারে মঙ্গলবারও শেয়ারের লেনদেন কমেছে। ডিজিইএন বা শেয়ারের সাধারণ মূল্যসূচক ৩৫ দশমিক ৯৯ পয়েন্ট নেমেছে, কমেছে অন্যান্য সূচকও। মূলত মার্চেন্ট ব্যাংকগুলো ঋণ ছাড়ের ক্ষেত্রে দ্বিধাগ্রস্ত থাকায় বাজারে দরপতন ঘটেছে বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা। বড় প্রতিষ্ঠানগুলোর শেয়ারের দাম কমলেও মিউচুয়াল ফান্ড খাতের অবস্থা ছিল চাঙা। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান নির্বাহী সালাহউদ্দীন আহমেদ বলেন, "শেয়ারের দামের ওঠা-নামা ও নিয়ন্ত্রক সংস্থার বিভিন্ন পদক্ষেপের কারণে বাজারের পরিস্থিতি আরও জটিল হচ্ছে। বিনিয়োগকারীরা এখন মিউচুয়াল ফান্ডের শেয়ারের প্রতি বেশ আস্থা দেখাচ্ছেন।" তিনি এ পরিস্থিতিকে ইতিবাচক বলে মনে করছেন। দিনশেষে ডিজিইএন বা সাধারণ শেয়ার সূচক ৩৫ দশমিক ৯৯ পয়েন্ট বা এক দশমিক ২৪ শতাংশ কমে ২৮৬৪ দশমিক ০৫ পয়েন্ট হয়। ডিএসআই বা সার্বিক শেয়ার সূচক ৩১ দশমিক ০৫ পয়েন্ট বা এক দশমিক ২৬ শতাংশ কমে হয়েছে ২৪১৬ দশমিক ১৬ পয়েন্ট। ডিএসই-২০ ব্লুচিপ শেয়ার সূচক ১১ দশমিক ৪০ পয়েন্ট বা দশমিক ৪৯ শতাংশ কমে ২২৮৩ দশমিক ৫৭ পয়েন্ট হয়। দিনশেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১৩৯ কোটি টাকার এক কোটি ১৫ লাখ ১১ হাজার ৮৫২টি শেয়ার লেনদেন হয়। আগের দিনের লেনদেনের পরিমাণ ছিল ১৭০ কোটি টাকা। ডিএসইতে ৫০টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১৬১টির এবং অপরিবর্তিত ছিল ১২টির দাম। লেনদেনের তালিকার শীর্ষে থাকা এবি ব্যাংকের শেয়ারের দাম এক দশমিক ০৪ শতাংশ কমে হয়েছে ২৭৮৬ টাকা ২৫ পয়সা। যমুনা অয়েলের শেয়ারের দাম ৩ দশমিক ১৫ শতাংশ কমে ৩০৬ টাকা ৭০ পয়সা হয়। মেঘনা পেট্রোলিয়ামের শেয়ারের দাম ৩ দশমিক ৩৭ শতাংশ কমে ৩০৩ টাকা ৩০ পয়সা হয়েছে। তবে গ্রামীণ ওয়ান মিউচুয়াল ফান্ডের শেয়ারের দাম দশমিক ৯৯ শতাংশ বেড়ে ১২২ টাকা ১০ পয়সা হয়। এইমস ফার্স্ট মিউচুয়াল ফান্ডের শেয়ারের দাম স্থিতিশীল ছিল। অন্যান্য প্রতিষ্ঠানের মধ্যে ব্র্যাক ব্যাংক, ডেসকো ও পাওয়ার গ্রিড কোম্পানির শেয়ারের দাম কমেছে, বেড়েছে ন্যাশনাল ব্যাংকের শেয়ারের দাম। ডিএসইতে লাভবান প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রথমদিকে ছিল থেরাপিউটিকস, ন্যাশনাল টি, বিএসসি, ইবনে সিনা ও গ্লাক্সো স্মিথক্লাইন। লোকসানিদের তালিকায় শীর্ষে ছিল ইউনাইটেড ইন্সুরেন্স, নিটোল ইন্সুরেন্স, নর্দান জুট, মেঘনা কনডেন্স মিল্ক ও পূরবী জেনারেল ইন্সুরেন্স। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সব শেয়ার সূচক নিম্নমুখী ছিল। সিএসইতে ২২ কোটি ৭৮ লাখ ৬০ হাজার টাকার ২০ লাখ ৫ হাজার ৩৫৩টি শেয়ার লেনদেন হয়। এই বাজারে ২১টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, ৯৩টির দাম কমেছে এবং ৮টির দাম অপরিবর্তিত ছিল। সিএএসপিআই বা সার্বিক শেয়ার সূচক ১০১ দশমিক ০৩ পয়েন্ট বা এক দশমিক ৩৬ শতাংশ কমে ৭৩০৩ দশমিক ৪৯ পয়েন্ট হয়। সিএসসিক্স বা নির্দিষ্ট শ্রেণীর শেয়ার সূচক ৬০ দশমিক ৬৫ পয়েন্ট বা এক দশমিক ২৭ শতাংশ কমে হয়েছে ৪৬৮৩ দশমিক ১০ পয়েন্ট। এছাড়া সিএসই-৩০ ব্লুচিপ শেয়ার সূচক ৫৯ দশমিক ৭৯ পয়েন্ট বা দশমিক ৯০ শতাংশ কমে ৬৫৫৬ দশমিক ৭৬ পয়েন্ট হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএইচএন/টিএইচ/এমএইচবি/২১২৩ ঘ.