২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিসিআইসির ডিলারদের মাধ্যমে সার বিতরণে অনিয়মের অভিযোগ

বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) আমদানিকৃত সার সংশ্লিষ্ট ডিলারদের বাদ দিয়ে শুধুমাত্র বিসিআইসির ডিলারদের মাধ্যমে বিপণনে নানা অনিয়মের অভিযোগ করেছে চট্টগ্রাম আঞ্চলিক বিএডিসি বীজ ও সার ডিলার সমিতি। এতে দাম বাড়ার পাশাপাশি বোরো মওসুমে প্রান্তিক পর্যায়ের কৃষকরা যথাসময়ে সার পাওয়া থেকে বঞ্চিত হবেন বলে সমিতি জানায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2008, 12:45 PM

Updated : 26 Aug 2022, 01:25 PM

চট্টগ্রাম, ফেব্র"য়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) আমদানিকৃত সার সংশ্লিষ্ট ডিলারদের বাদ দিয়ে শুধুমাত্র বিসিআইসির ডিলারদের মাধ্যমে বিপণনে নানা অনিয়মের অভিযোগ করেছে চট্টগ্রাম আঞ্চলিক বিএডিসি বীজ ও সার ডিলার সমিতি। এতে দাম বাড়ার পাশাপাশি বোরো মওসুমে প্রান্তিক পর্যায়ের কৃষকরা যথাসময়ে সার পাওয়া থেকে বঞ্চিত হবেন বলে সমিতি জানায়। মঙ্গলবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে চট্টগ্রাম আঞ্চলিক বিএডিসি বীজ ও সার ডিলার সমিতি নেতারা সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন। তারা বলেন, বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের (বিসিআইসি) ডিলারদের দিয়ে সার বিপণনের ফলে কৃষকদের বেশি দামে সার কিনতে হবে এবং বিএডিসির ডিলাররা ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখীন হবেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সমিতির সাধারণ সম্পাদক মঈনুদ্দীন হাসান চৌধুরী। এসময় অন্যান্যের মধ্যে সংগঠনের সভাপতি এস এম রফিক আহম্মদ, সাংগঠনিক সম্পাদক বজল আহমদ ও কোষাধ্যক্ষ মুজিবুর রহমান উপস্থিত ছিলেন। লিখিত বক্তব্যে মঈনুদ্দীন হাসান বলেন, "২০০৬-০৭ অর্থবছরে বিএডিসির মাধ্যমে বিক্রি করা ৫০ কেজির টিএসপি সারের প্রতিবস্তা ৯১০ টাকায় বিক্রি হলেও বিসিআইসির ডিলারদের অনিয়মের ফলে ২০০৮ সালে একই সারের দাম বেড়ে দাঁড়ায় আড়াই হাজার থেকে তিন হাজার টাকা।" একইভাবে ওএমপি সারের দামও প্রতি বস্তায় বারশ থেকে দেড় হাজার টাকা হয়েছে বলে তিনি জানান। মঈনুদ্দীন বলেন, "বিসিআইসির ডিলারদের সার বিপণন ও বিতরণে স্বচ্ছতা না থাকায় কৃষকেরা সঠিকভাবে ও সঠিক সময়ে সার পাচ্ছে না।" কেজি প্রতি ১৮ টাকা দামের টিএসপি সার ৬০ টাকা দামে বিক্রি করা হচ্ছে বলে তিনি অভিযোগ করেন। তিনি জানান, ১৯৮২ সাল থেকে বেসরকারি খাতে সার আমদানি উৎসাহিত করতে সরকার বিসিআইসি ডিলারদের আমদানির অনুমতি দেয়। তবে তাদের আমদানিকৃত সার বিতরণে অনিয়মের কারণে ২০০৬-০৭ অর্থবছর থেকে ইউরিয়ার ছাড়া অন্যান্য সার আমদানি ও বিতরণের জন্য বিএডিসিকে অনুমতি দেয় কৃষি মন্ত্রণালয়। এতে বিসিআইসির ডিলাররা নাখোশ হয়ে বিএডিসির আমদানি করা সার বিপণনে অনীহা প্রকাশ করে। সে কারণে বীজ ডিলারদের মধ্য থেকে উপজেলা পর্যায়ে সর্বোচ্চ ১০ জন করে সার বিক্রির জন্য নিবন্ধন করানো হয়। বিএডিসি ডিলার সমিতির সাধারণ সম্পাদক বলেন, "সে সময়ে (২০০৬-০৭ অর্থবছরে) প্রান্তিক পর্যায়ে বিএডিসির ডিলারদের মারফত সার বিপণনের ফলে কৃষকরা যথাসময়ে ও নায্যমূল্যে সার পেয়েছিলেন।" কিন্তু বর্তমান মওসুমে (২০০৮ সালে) উল্লেখযোগ্য কোন কারণ ছাড়াই শুধুমাত্র বিসিআইসির ডিলারদের মাধ্যমে সার বিপণন করা হচ্ছে বলে লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়। এতে বিভিন্ন জটিলতার সৃষ্টি হচ্ছে বলেও সমিতি দাবি করে। সংবাদ সম্মেলনে চলতি বোরো মওসুমে উৎপাদন বৃদ্ধি এবং নায্যমূল্যে কৃষকদের সার প্রাপ্তি নিশ্চিত করতে বিএডিসির নিয়োগপ্রাপ্ত ডিলারদের মাধ্যমে আবার সার বিপণনের অনুমতি দেওয়ার জন্য সরকারের প্রতি আহবান জানান সমিতির নেতারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএআর/এমএসবি/১৮৪০ ঘ.