ঢাকা, ফেব্র"য়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিনিয়োগকারীদের মুনাফা তুলে নেওয়ার প্রবণতায় রোববার শেয়ার বাজারে দরপতন হয়েছে। ব্যাংক খাতের জন্য দিনটি মোটামুটি স্থিতিশীল গেলেও বিদ্যুৎ ও জ্বালানি খাতের শেয়ারের দাম কমেছে। তবে মিউচুয়াল ফান্ডের শেয়ারের দাম বেড়েছে।
একটি মধ্যস্ততাকারী প্রতিষ্ঠানের এক শীর্ষ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিনিয়োগকারীরা একদিন কোনো শেয়ারের প্রতি বেশি আগ্রহ দেখিয়ে সেটার দাম বাড়িয়ে দিচ্ছেন। আবার পরদিন সেটা বিক্রি করে মুনাফা তুলে নিচ্ছেন। ফলে গত কয়েকদিন ধরেই বাজারে এক ধরনের অনিশ্চিয়তা চলছে।"
দিনশেষে ডিজিইএন বা সাধারণ শেয়ার সূচক ৩৩ দশমিক ৬৩ পয়েন্ট বা এক দশমিক ১৩ শতাংশ কমে ২৯৩৬ দশমিক ০৬ পয়েন্ট হয়। ডিএসআই বা সার্বিক শেয়ার সূচক ২৩ দশমিক ০৩ পয়েন্ট বা দশমিক ৯২ শতাংশ কমে হয়েছে ২৪৭৮ দশমিক ৮১ পয়েন্ট। এছাড়া ডিএসই-২০ ব্লুচিপ শেয়ার সূচক ২৩ দশমিক ৭৭ পয়েন্ট বা এক দশমিক ০১ শতাংশ কমে ২৩১৯ দশমিক ২৭ পয়েন্ট হয়েছে।
দিনশেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২১৫ কোটি টাকার এক কোটি ৩৭ লাখ ৬৯ হাজার ৯৫১টি শেয়ার লেনদেন হয়। ডিএসইতে ৭৩টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১৪৭টির এবং অপরিবর্তিত ছিল ১৩টির দাম।
এদিন লেনদেনের তালিকার শীর্ষে থাকা যমুনা অয়েলের শেয়ারের দাম দশমিক ৯৩ শতাংশ কমে হয়েছে ৩২৬ টাকা ৭০ পয়সা। মেঘনা পেট্রোলিয়ামের শেয়ারের দাম দশমিক ৭৩ শতাংশ কমে ৩২৫ টাকা ১০ পয়সা হয়েছে।
এবি ব্যাংকের শেয়ারের দাম এক দশমিক ৭৭ শতাংশ কমে ২৮৩০ টাকা হয়েছে।
রোবাবর সামিট পাওয়ারেরও দাম কমেছে। দশমিক ৬৭ শতাংশ কমে হয়েছে ১৫৮৯ টাকা ২৫ পয়সা। তবে গ্রামীণ ওয়ান মিউচুয়াল ফান্ডের শেয়ার ২ দশমিক ৩২ শতাংশ বেড়ে ১১৮ টাকা ৬০ পয়সা হয়েছে।
অন্যান্য প্রতিষ্ঠানের মধ্যে বেক্সিমকো ফার্মা, ব্র্যাক ব্যাংক ও আইএফআইসি ব্যাংকের শেয়ারের দাম কমেছে। বেড়েছে ইউসিবিএল ও এইমস ফার্স্ট মিউচুয়াল ফান্ডের শেয়ারের দাম।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) এদিন সব শেয়ার সূচক নিম্নমুখী ছিল। সিএসইতে ২৯ কোটি ৬৬ লাখ ৭০ হাজার টাকার ২৫ লাখ ৪২ হাজার ২৯টি শেয়ার লেনদেন হয়। এ বাজারে ৩১টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, ৯৫টির কমেছে এবং ৬টির দাম অপরিবর্তিত ছিল।
সিএএসপিআই বা সার্বিক শেয়ার সূচক ৫৬ দশমিক ৩৭ পয়েন্ট বা দশমিক ৭৪ শতাংশ কমে ৭৪৮৪ দশমিক ৩০ পয়েন্ট হয়। সিএসসিক্স বা নির্দিষ্ট শ্রেণীর শেয়ার সূচক ৪৮ দশমিক ৫১ পয়েন্ট বা এক শতাংশ কমে হয়েছে ৪৭৮৮ দশমিক ৯২ পয়েন্ট। এছাড়া সিএসই-৩০ ব্লুচিপ শেয়ার সূচক ৬০ দশমিক ২৩ পয়েন্ট বা দশমিক ৮৯ শতাংশ কমে ৬৬৭৮ দশমিক ০৭ পয়েন্ট হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএইচএন/টিএইচ/জেকে/২১০৪ ঘ.
bdnews24